১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পূর্তিতে অর্ণবের ‘হোক কলরব’ সন্ধ্যা

আগামী শুক্রবার হবে এই বিশেষ সংগীতসন্ধ্যা।

২০ বছর পূর্তিতে অর্ণবের ‘হোক কলরব’ সন্ধ্যা

শায়ান চৌধুরী অর্ণব ও ‘হোক কলরব’ অনুষ্ঠানের পোস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 10:32 AM

Updated : 16 Nov 2026, 10:32 AM

দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ এর দুই দশক পূর্তি ঘিরে গান শোনাবেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আগামী শুক্রবার বসবে এই বিশেষ সংগীতসন্ধ্যা।

‘হোক কলরব’ শিরোনামের এই ইনডোর কনসার্টটি আয়োজন করছে টোয়েন্টিজ কমিউনিকেশনস, উপস্থাপনায় রয়েছে ‘সেন্স ইট’।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে অর্ণব তার দর্শকপ্রিয় গান ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করবেন। অর্ণবের সঙ্গে মঞ্চে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক।

আয়োজন নিয়ে টোয়েন্টিজ কমিউনিকেশনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শীতের শুরুতে পরিচিত শিল্পীদের গান আর নানা চমকে দর্শকদের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দিতেই ইনডোর এই কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রিয়জনদের নিয়ে সংগীত উপভোগের আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০০৬ সালে প্রকাশ পায় অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’। প্রকাশের পরপরই অ্যালবামের গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

হোক কলরব গানের গীতিকার রাজীব আশরাফ। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর মারা যান । তার লেখা কবিতা থেকেই এটি তৈরী করেছিলেন অর্ণব।

অর্ণবের এই গানটি দেশ-বিদেশে ছাত্র আন্দোলনের স্লোগান হয়ে ওঠার পর থেকে আলোচনায় ছিলেন রাজীব।