সঞ্জীব চৌধুরী স্মরণে ‘হেঁটে গেছি বিরান পথে’
আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘আজব কারখানা’র উদ্যোগে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণবার্ষিকী ঘিরে ঢাকায় হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’।
রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে ‘আজব কারখানা’র উদ্যোগে আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে প্রয়াত এই শিল্পীর দর্শকপ্রিয় গানগুলোর পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করবেন চার সংগীতশিল্পী।
তারা হলেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।
সঞ্জীব চৌধুরীর গান ও সৃষ্টিকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও ছড়িয়ে দিতে এবং তার গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতে এই কনসার্টের আয়োজন বলে জানিয়েছেন তারা।
কনসার্টের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা এবং ভেন্যুতে (অন-স্পট) টিকেটের মূল্য ১ হাজার টাকা।
২০০৭ সালের ১৯ নভেম্বর মারা যান সংগীতশিল্পী, গীতিকার ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী।
ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট সঞ্জীব চৌধুরী বাংলা ব্যান্ড সংগীতে তৈরি করেছিলেন নিজস্ব এক ধারা।
তার লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মত গানগুলো এখনো শ্রোতাদের কাছে প্রিয়।
এছাড়া বাউল শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ ও ‘তোমার বাড়ির রঙের মেলায়’ গান দুইটি দলছুটের পরিবেশনায় নতুন প্রজন্মের শহুরে শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পায়।
