৮ গীতিকবির গান ও কথনে মুখর হল ছায়ানট
আসরে পাগলা কানাই, রমেশ শীল, কালু শাহ্ ফকীর, কাঙাল হরিনাথ মজুমদার, রাধাবল্লভ সরকার, মহেশ চন্দ্র রায়, মাতাল রাজ্জাক দেওয়ান ও কুটি মনসুরের গান পরিবেশিত হয়।
প্রখ্যাত মরমী কবি, লোকায়ত সাধক ও সংগীত রচয়িতা পাগলা কানাইকে উৎসর্গ করা লোকসঙ্গীতের আসরে ৮ গীতিকবির গান ও কথনে মুখর হল ছায়ানট।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এ আয়োজন হয়।
আসরে পাগলা কানাই, রমেশ শীল, কালু শাহ্ ফকীর, কাঙাল হরিনাথ মজুমদার, রাধাবল্লভ সরকার, মহেশ চন্দ্র রায়, মাতাল রাজ্জাক দেওয়ান ও কুটি মনসুর- এই আট গীতিকবির গান পরিবেশিত হয়।
একক গানের পাশাপাশি আয়োজনে ছিল কথন পর্বও। কুটি মনসুরের লেখা সম্মেলক গান ‘কে বলে মানুষ মরে’ দিয়ে শুরু হয় গানের পালা, যা পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। এরপর একে একে গান গেয়ে শোনান স্বপ্না রায়, নারায়ণ চন্দ্র শীল ও বিমান চন্দ্র বিশ্বাস।
মাতাল রাজ্জাক দেওয়ানের রচনায় ছায়ানটের সম্মেলক গান ‘মন মানুষ হইতে চাও’ এর পর একক গান পরিবেশন করেন মানিক, উজ্জ্বল দেওয়ান ও অভিবাধন দাস অর্ণ।
মহেশ চন্দ্র রায়ের লেখা সম্মেলক গান ‘কোন বিদেশি বাবরিওয়ালা’ গেয়ে শোনান ছায়ানটের শিল্পীরা। এরপর একক কণ্ঠে গান শোনান সঞ্চিতা বর্মন, মহিতোষ কুমার ও শরিফা খাতুন।
রাধাবল্লভ সরকারের রচনায় ছায়ানটের সম্মেলক গান ‘ওরে ধান্দাবাজের ধোঁকায় পড়ে’ এর পর একক গান পরিবেশন করেন পাওয়েল বিশ্বাস ও চন্দনা মজুমদার।
কাঙাল হরিনাথ মজুমদারের ‘ওহে দিন তো গেল’ একক কণ্ঠে পরিবেশন করেন কিরণ চন্দ্র রায় এবং কালু শাহ্ ফকীরের ‘মওলার প্রেম কি সামান্য রে বটে’ গানটি গেয়ে শোনান নাজমুল আহসান তুহিন।
রমেশ শীলের লেখা সম্মেলক গান ‘মাঝি ত্রিবেণীর ঘাটে রে’ এর পর একক গান পরিবেশন করেন মতিউর রহমান বকুল ও আবুল কালাম আজাদ। সবশেষে পাগলা কানাইয়ের রচনায় ‘কী ফুল ফুটিলরে মক্কায়’ গানটি একক কণ্ঠে গেয়ে শোনান সরদার মো. রহমাতুল্লা।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানের নেপথ্য পাঠ ও উপস্থাপনায় ছিলেন জয়ন্ত রায় এবং ইসমেত জেরিন বিনতে নিজাম।
যন্ত্রানুষঙ্গে ছিলেন দোতারায় রতন কুমার রায়, মন্দিরায় প্রদীপ কুমার রায়, ঢোলে দশরথ দাস, তবলায় অজয় দাস ও স্বরূপ হোসেন এবং বাঁশিতে মামুনুর রশীদ।
