১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

শিল্পকলা একাডেমিতে সুর আর আলোচনায় লালন স্মরণ

“লালনের দর্শন শুধু সাংস্কৃতিক ঐতিহ্য নয়, সামাজিক ও নৈতিক পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ নির্দেশনাও।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 10:46 PM

Updated : 17 Oct 2026, 10:50 PM

লালন সাঁইজির কালজয়ী গান আর মানবিক মূল্যবোধের আলোচনায় শিল্পকলা একাডেমিতে পালিত হয়েছে লালন ফকিরের ১৩৬তম তিরোধান দিবস।

শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ ‘লালন স্মরণানুষ্ঠান’ আয়োজন করে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় একক ও সমবেত সংগীতে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ।

বিমান চন্দ্র বিশ্বাস গেয়ে শোনান ‘আমি অপার হয়ে বসে আছি’, মৌসুমী ইকবাল শোনান ‘হেলায় হেলায় দিন বয়ে যায়’। এরপর গান গেয়ে শোনান শিল্পী আলেয়া বেগম।

সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়ার কণ্ঠে শোনা যায় ‘দেখা দিয়েও হে রাসুল’ এবং কানিজ খন্দকার মিতু পরিবেশন করেন ‘ঘরে কেবা জাগে কেবা ঘুমায়’। এছাড়া লালনসাঁইয়ের গান পরিবেশন করেন শিল্পী সুমন রায়, পাখি বাউলিয়ানা ও সুলতানা জামান জোছনা।

অনুষ্ঠানের শেষভাগে একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ধন্য ধন্য বলি তারে’, ‘আমার ঘর খানায় কে বিরাজ করে’ ও ‘মিলন হবে কত দিনে’।

এর আগে আলোচনা পর্বে বক্তারা সমতার মানসিকতা ধারণ এবং ধর্মীয় উগ্রতা ও ভেদাভেদ ভুলে সবাইকে শ্রদ্ধার বার্তা দেন।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, "ধর্ম যার যার। সাম্প্রতিক নানা ঘটনায় ধর্মকেন্দ্রিক উগ্রতা দেখা যাচ্ছে।

“কে ধর্ম পালন করবে আর কে করবে না, এটা ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। কাউকে আঘাত বা হেয় না করে সবার মতকে শ্রদ্ধা করে সমতা আনা— এটাই লালনের মূল শিক্ষা, সেটাই যেন আমরা চর্চা করি।"

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব হারুন-অর-রশীদ বলেন, "লালন আমাদের শিখিয়েছেন মর্যাদা জন্ম পরিচয়ে নয়, তার মানবিকতা, বিবেক ও কর্মে। লালন সাঁইয়ের দর্শন শুধু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নয়, সামাজিক ও নৈতিক পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ নির্দেশনা।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য সচিব জাকির হোসেন রোকন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শিল্পী ও গবেষক অধ্যাপক আহমেদ শাকিল হাসমী।