লালনের জীবন দর্শন স্মরণে ‘লালন সন্ধ্যা’
বাঁশি ও লালনের গানে লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে।
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের জীবন ও দর্শন স্মরণে রাজধানীতে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লালন সন্ধ্যা’।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এ আয়োজন করে ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।
‘লালন’ ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি অন্য শিল্পীদের কণ্ঠে লালনের গান ও বাঁশিতে লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে।
শুরুতে বাউল গান পরিবেশন করেন লোকসংগীত শিল্পী শফি মণ্ডল ও তার দল। এরপর প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বামী ও বাঁশিবাদক গাজী আবদুল হাকিম এবং কণ্ঠশিল্পী নাসরিন আক্তার বিউটি বাঁশি ও লালনগীতি পরিবেশন করেন।
পর্যায়ক্রমে ‘অচিন পাখি সংগীত একাডেমি’ এর শিক্ষার্থীদের সমবেত গান পরিবেশন করেন। ‘লালন’ ব্যান্ডের গান দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
ঢাকায় ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী অনুষ্ঠানে বলেন, “দিশেহারা জাহাজের জন্য লাইটহাউস যেমন দিকনির্দেশক, লালন সাঁইও তেমন মানবজাতির আলোকবর্তিকা। লালনের দর্শন সার্বজনীন মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক। সামাজিক ও ধর্মীয় সীমানা পেরিয়ে লালনের গান আমাদের মানবতাবোধের শিক্ষা দেয়।”
বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
