হাজারীবাগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
রাজধানীর হাজারীবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে রাতের পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিল্লাল (৪০), আফতাব আহমেদ আনন্দ (২৬) ও মাইদুল ইসলাম (৩২)।
হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার বিল্লাল আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিটের শ্রমবিষয়ক সম্পাদক। অন্য দুজন আফতাব ও মাইদুল হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি মোশাররফ।
