সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫), সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল রাব্বি (৪১), তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামের গাজী মোবারক হোসেন জিল্লুর ছেলে মোহাম্মদ আলী (৩৫) এবং বিরলহালী গ্রামের শাহ আলমের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, আরিফ ও রেজাউল রাব্বিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর বলেন, মোহাম্মদ আলী ও শহিদুল ইসলামও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
