৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

হালাল সনদ: দেশে কর্তৃত্বের দ্বন্দ্ব, বিদেশে স্বীকৃতির সংকট

দেড় দশকের বেশি সময় ধরে নানা উদ্যোগের পরও হালাল সনদের একক ব্যবস্থা গড়ে ওঠেনি।

জেসমিন মলি জেসমিন মলি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Nov 2026, 01:32 AM

Updated : 30 Nov 2026, 01:32 AM

মুসলমানদের ব্যবহারের ক্ষেত্রে পণ্যটি হালাল কি না, সেই হালাল সনদ দেওয়ার দায়িত্ব নিয়ে দুই সরকারি প্রতিষ্ঠানের টানাপড়েন কাটছে না।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পৃথকভাবে হালাল সনদ দিয়ে আসছে।

গত অগাস্টে সরকার হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদসংক্রান্ত বিষয়ের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়কে দেয়। কিন্তু এর পরও বিএসটিআই সনদ দেওয়া বন্ধ করেনি। তারা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে।

বিএসটিআইয়ের কর্মকর্তারা বলছেন, দুই সংস্থার দায়িত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে গত ৮ নভেম্বর বৈঠক হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

হালাল সনদ প্রদানকারী বাংলাদেশের দুই সংস্থারই পণ্যের উপাদান পরীক্ষার জন্য পরীক্ষাগার রয়েছে। তবে তাদের কোনোটিরই সৌদি আরবে স্বীকৃতি নেই। ফলে দেশটিতে পণ্য পাঠাতে বিপাকে পড়ছেন রপ্তানিকারকরা।

এমন পরিস্থিতিতে সনদ দেওয়া, পণ্য পরীক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতির কাজ সমন্বয়ের জন্য একটি জাতীয় কর্তৃপক্ষ গঠনের দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা।

দায়িত্ব নিয়ে বিরোধ, বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

গত ২৩ অগাস্ট প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে রুলস অব বিজনেস বা সরকারের নির্বাহী বিভাগের দায়িত্ব বণ্টনসংক্রান্ত বিধি সংশোধন করা হয়।

ওই আদেশে হালাল পণ্যের মান ও সনদসংক্রান্ত বিষয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের তালিকায় যুক্ত করা হয়। তবে বিএসটিআইয়ের বিদ্যমান সনদ কার্যক্রম বাতিলের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেশন বিভাগের উপপরিচালক এস এম আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সরকারি সিদ্ধান্তের পরও তারা আগের মতো সনদ দিচ্ছেন।

তিনি বলেন, “আমরা যথারীতি পূর্বের মতন দিচ্ছি।”

সনদ কার্যক্রমের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর কথাও বলেন তিনি।

আবু সাঈদ বলেন, “বিষয়টি পুনর্বিবেচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ আমাদের ডেকেছিল।

“গত ৮ নভেম্বর বিরোধ নিরসনে বৈঠক হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।”

বর্তমানে সংস্থাটির কাছে আরও ৫০টি সনদের আবেদন রয়েছে বলে জানান তিনি।

বিএসটিআই কর্মকর্তা আবু সাঈদ বলেন, “সার্টিফিকেট প্রক্রিয়া এখনো আছে, আমার হাতে ৫০টা আবেদন আছে, সার্টিফিকেট দিচ্ছি।”

বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সংস্থাটি এ পর্যন্ত ২২৮টি হালাল সনদ দিয়েছে।

বিএসটিআইয়ের দাবি, ২০১৮ সালের বিএসটিআই আইন এবং সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী জাতীয় মান নির্ধারণ, পণ্য পরীক্ষা ও সনদ দেওয়ার আইনি ক্ষমতা তাদের রয়েছে।

হালাল সনদ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল, পরীক্ষাগার, কারিগরি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানদণ্ডের ব্যবস্থা গড়ে তোলার কথাও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ মনে করেন, হালাল সনদ দেওয়ার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের অধীনেই থাকা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা আমরাই চাই। এটা আমাদেরই থাকা উচিত। তার কারণ হালাল শব্দটার সাথে ধর্মের ব্যাপার জড়িত রয়েছে।”

বিএসটিআইয়ের ভূমিকা সম্পর্কে ধর্ম সচিব বলেন, “আর বিএসটিআইয়ের যেটা, সেটা হলো নিরাপদ খাদ্য। এটা হালালের বিষয় না, সেইফ ফুড।”

জটিলতা নিরসনে নতুন করে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ধর্ম সচিব।

৪৬ দেশে সনদ গ্রহণযোগ্যতার দাবি বিএসটিআইয়ের

বিএসটিআইয়ের দাবি, তারা আন্তর্জাতিক হালাল মান অনুসরণ করে সনদ দিচ্ছে। সম্প্রতি হালাল সনদ কার্যক্রমের জন্য অ্যাক্রিডিটেশন বা আনুষ্ঠানিক সক্ষমতার স্বীকৃতিও পেয়েছে।

গত ১৪ অক্টোবর বিশ্ব মান দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) পক্ষ থেকে বিএসটিআইকে হালাল সনদ দেওয়ার সক্ষমতার স্বীকৃতি দেওয়া হয়।

বিএসটিআইয়ের ভাষ্য, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অধীন স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজি ইনস্টিটিউট ফর ইসলামিক কান্ট্রিজের (এসএমআইআইসি) মানদণ্ড অনুসরণ করে তারা সনদ দেয়।

সংস্থাটির দাবি, এই স্বীকৃতি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াবে।

বিএসটিআইয়ের উপপরিচালক আবু সাঈদ দাবি করেন, নতুন স্বীকৃতির মাধ্যমে এসএমআইআইসির সদস্য ৪৬টি দেশে তাদের সনদ নিয়ে পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।

তবে আন্তর্জাতিক মান অনুসরণ করা বা কোনো প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন পাওয়া মানেই সব দেশের বাজারে সেই সনদ স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করা হবে, এমন নয়।

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের অধীন সৌদি হালাল সেন্টার বিদেশি হালাল সনদ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতির বিষয়টি দেখভাল করে। দেশটির নির্ধারিত পণ্য রপ্তানির ক্ষেত্রে ওই কর্তৃপক্ষের স্বীকৃতি প্রয়োজন।

Image

ইসলামিক ফাউন্ডেশন কিংবা বিএসটিআইয়ের সনদের নেই সৌদির হালাল সেন্টারের স্বীকৃতি। ফলে বিপাকে পড়ছেন রপ্তানিকারকরা।

সৌদির সঙ্গে কেবল চিঠি চালাচালি

বাংলাদেশের হালাল সনদের স্বীকৃতি নিয়ে সৌদি আরবের সঙ্গে এখনও সরাসরি আলোচনা হয়নি বলে জানিয়েছেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, “এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে শুধু চিঠি চালাচালি হয়েছে। সরাসরি কোনো আলোচনা হয়নি।”

সর্বশেষ সৌদি সফরের আলোচ্যসূচিতে হালাল সনদের বিষয়টি থাকলেও তা নিয়ে কথা হয়নি বলে জানান সচিব। ওই সফরের মূল বিষয় ছিল হজ চুক্তি ও হজ ব্যবস্থাপনা।

সচিব বলেন, “এগুলো পৃথক এজেন্ডায় দেখতে হবে।”

অন্য দেশগুলোর স্বীকৃতি পাওয়ার জন্যও যোগাযোগ চলছে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগের অগ্রগতি সম্পর্কে সচিব বলেন, “ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের চিঠি চালাচালি চলছে। তারা আমাদের সঙ্গে কাজ করার প্রস্তাবও দিয়েছে।”

তুরস্ক সফরেও হালাল সনদ ও দেশটির সনদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মালয়েশিয়ার সঙ্গে এ বিষয়ে যোগাযোগের অগ্রগতি জানতে চাইলে ধর্ম সচিব বলেন, “মালয়েশিয়ার বিষয়ে কোনো খবর নেই।”

তবে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, ২০১১ সাল থেকেই মালয়েশিয়ার হালাল সনদ কর্তৃপক্ষ জাকিমের স্বীকৃতি রয়েছে তাদের।

এ ছাড়া গত সেপ্টেম্বরে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল জাকিমের সঙ্গে বৈঠক করেছে।

সেখানে বাংলাদেশে মালয়েশিয়ার সহযোগিতায় হালাল সনদ দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সনদ দিয়ে ‘সৌদিতে কাজে আসছে’ না

সৌদি আরব স্বীকৃত হালাল সনদ না থাকায় ব্যবসায় কী প্রভাব ফেলছে, তার একটি উদাহরণ বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড। তারা ইসলামিক ফাউন্ডেশন থেকে ২০১৭ সাল থেকে হালাল সনদ নিয়ে আসছিল।

গত জুলাইয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা ও করপোরেট বিষয়ক মহাব্যবস্থাপক খুরশিদ আহমেদ ফরহাদ অভিযোগ করেন, (বিএসটিআইয়ের হালাল) সনদের জন্য প্রায় সাড়ে ১৪ লাখ টাকা দেওয়ার পরও তারা সনদ পাননি।

ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সৌদির বাজারে বাংলাদেশের হালাল সনদের স্বীকৃতি না থাকায় প্রায় ৫০টি পণ্যের মোড়ক থেকে হালাল লোগো সরাতে হয়েছে। নতুন মোড়ক তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৬২ লাখ টাকা।

তবে এখন বিএসটিআইর হালাল সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফরহাদ সম্প্রতি বলেন, “সেটার সমাধান হয়েছে।”

বর্তমানে বম্বে সুইটসের পণ্য কত দেশে যাচ্ছে, জানতে চাইলে ফরহাদ বলেন, “এইটা এই মুহূর্তে ৪২-৪৩টা দেশে যাচ্ছে।”

নিজেদের সনদ সংক্রান্ত আগের সমস্যার সমাধান হলেও অন্য রপ্তানিকারকদের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত নন তিনি।

ফরহাদ বলেন, “হ্যাঁ, আমাদের ক্ষেত্রে কেটে গেছে। এখন অন্যের ক্ষেত্রে কী হয়েছে, আমি বলতে পারব না।”

তবে সৌদি আরবে বাংলাদেশের হালাল সনদের স্বীকৃতির বিষয়টি এখনও ঝুলে আছে বলে জানান তিনি।

ফরহাদ বলেন, “অন্য দেশগুলোতে এ ধরনের সমস্যা নেই। হালাল সনদ থাকলেই হয়।

“তবে সৌদি আরবের ক্ষেত্রে দেশটির হালাল বোর্ডের স্বীকৃতি প্রয়োজন। সেই স্বীকৃতি পাওয়ার বিষয়টি এখনও ঝুলে আছে।”

Image

হালাল সনদ দেওয়ার ক্ষেত্রে পরীক্ষাগারের প্রয়োজনীয়তা আছে কি না তা নিয়ে মতবিরোধ আছে ইসলামিক ফাউন্ডেশন আর বিএসটিআইয়ের।

পরীক্ষাগার নিয়েও মতপার্থক্য

হালাল সনদ দেওয়ার দায়িত্ব নিয়ে বিরোধের পাশাপাশি পরীক্ষাগারের প্রয়োজনীয়তা নিয়েও দুই প্রতিষ্ঠানের অবস্থানে পার্থক্য রয়েছে।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রশ্ন তুলেছেন, হালাল সনদ দেওয়ার জন্য পরীক্ষাগারের প্রয়োজন আছে কি না।

তিনি বলেন, “হালালের জন্য কি ল্যাবরেটরি লাগে নাকি?”

হালালের ধর্মীয় দিকের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “হালাল হলো একটা জবেহ করার প্রক্রিয়া এবং পশুটা হালাল পশু কি না, তারপরে সেটা।”

অন্যদিকে বিএসটিআই বলছে, হালাল সনদের জন্য শুধু ধর্মীয় বিধান মেনে পশু জবাইয়ের বিষয় যাচাই করাই যথেষ্ট নয়। প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ ও প্রসাধনসামগ্রীতে নিষিদ্ধ উপাদান রয়েছে কি না, তা পরীক্ষাগারে যাচাই করা প্রয়োজন।

বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, তাদের জাতীয় হালাল পরীক্ষাগারে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে পণ্যে শূকরজাত উপাদানের উপস্থিতি শনাক্ত করা যায়।

সংস্থাটির পাঁচটি বিশেষায়িত দল পণ্যের ধরন অনুযায়ী কারখানা পরিদর্শন করে। এসব দলে ধর্মীয় বিধান, খাদ্য, প্রাণিসম্পদ, মৎস্য ও অন্যান্য কারিগরি বিষয়ের বিশেষজ্ঞরা থাকেন।

বিএসটিআই জানিয়েছে, তাদের ১৫ সদস্যের হালাল সার্টিফিকেশন কমিটিতে শরিয়াহ বিশেষজ্ঞ, কারিগরি বিশেষজ্ঞ, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইসলামিক ফাউন্ডেশন ও ব্যবসায়ী প্রতিনিধিরা রয়েছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মান অনুসরণ করে খাদ্য, খাদ্যে ব্যবহৃত অতিরিক্ত উপাদান, প্রসাধনসামগ্রী, ওষুধ ও পোশাকসহ বিভিন্ন খাতের জন্য ১৮টি মান ও তিনটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

তবে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ নীতিমালাতেও পরীক্ষাগারে পণ্য যাচাইয়ের ব্যবস্থা রয়েছে।

২০২৩ সালের হালাল সনদ নীতিমালার ১২ অনুচ্ছেদে বলা হয়েছে, পণ্যের উপাদান যাচাইয়ে বিএসটিআই, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদসহ (বিসিএসআইআর) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া যাবে।

নীতিমালার ১৩.১ অনুচ্ছেদে হালাল-হারাম উপাদান শনাক্তের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানোর বিধান রয়েছে। ১৭ অনুচ্ছেদে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত পরিচিতিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৪ আগস্ট সংস্থাটির হালাল ডায়াগনস্টিক পরীক্ষাগার উদ্বোধন করা হয়।

তবে সেই পরীক্ষাগারের বর্তমান কার্যক্রম ও আন্তর্জাতিক স্বীকৃতির অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিএসটিআইয়ের উপপরিচালক আবু সাঈদ অবশ্য ইসলামিক ফাউন্ডেশনের পরীক্ষাগার ও সনদ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি না থাকার দাবি করেছেন।

দুই প্রতিষ্ঠানের পরীক্ষাগার ও সনদ কার্যক্রম কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়েও এখনও সিদ্ধান্ত হয়নি।

সনদের খরচেও পার্থক্য

বিএসটিআই বলছে, সরকারি নির্দেশনার ভিত্তিতে তারা কম খরচে হালাল সনদ দিচ্ছে।

সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, হালাল সনদের আবেদন ফি নেই। ক্ষুদ্র শিল্পের জন্য বছরে সনদ ফি এক হাজার টাকা, মাঝারি শিল্পের জন্য তিন হাজার এবং বৃহৎ শিল্পের জন্য পাঁচ হাজার টাকা।

তবে এটি কেবল নির্ধারিত সনদ ফি। পণ্য পরীক্ষাসহ অন্যান্য খাতে মোট কত ব্যয় হয়, তার পূর্ণাঙ্গ হিসাব জানানো হয়নি।

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের ২০২৩ সালের নীতিমালায় সনদ ও লোগো ব্যবহারের জন্য পণ্যের কারখানামূল্যের ওপর নির্ধারিত হারে ফি নেওয়ার ব্যবস্থা রয়েছে।

ফাউন্ডেশনের সরকারি সেবার তথ্য অনুযায়ী, নতুন সনদ ও লোগোর জন্য পণ্যের কারখানামূল্যের শূন্য দশমিক ০৫ শতাংশ এবং নবায়নের জন্য শূন্য দশমিক ০৪ শতাংশ ফি নির্ধারিত রয়েছে। তবে কর্তৃপক্ষ এই হার পরিবর্তন করতে পারে।

ব্যবসায়ীদের অভিযোগ, সনদ পেতে একাধিক প্রতিষ্ঠানের কাছে যেতে হওয়া, বারবার কারখানা পরিদর্শন এবং বিদেশি কর্তৃপক্ষের স্বীকৃতির জন্য নতুন আবেদন করতে হওয়ায় রপ্তানির খরচ বেড়ে যায়।

১৬ বছরেও একক ব্যবস্থা গড়ে ওঠেনি

বাংলাদেশে হালাল সনদের জন্য জাতীয় কর্তৃপক্ষ গঠনের আলোচনা নতুন নয়।

২০১০ সালে হালাল খাদ্যের সনদ দেওয়ার জন্য একটি পৃথক বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিল সরকার। এ বিষয়ে সুপারিশ করতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের পরিকল্পনা ছিল। তবে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

এরপর বিভিন্ন সময়ে হালাল সনদ নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হলেও সনদ প্রদান, পণ্য পরীক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতির কাজ সমন্বয়ের জন্য একক ব্যবস্থা গড়ে ওঠেনি।

২০২১ সালে বিএসটিআইয়ের বিধিমালায় হালাল সনদ কার্যক্রম যুক্ত হয়। পরের বছর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে হালাল সনদ দেওয়া শুরু করে।

২০২৩ সালের নভেম্বরে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ নীতিমালা গেজেট আকারে প্রকাশিত হয়।

সবশেষ ২০২৬ সালের আগস্টে হালাল মান ও সনদসংক্রান্ত বিষয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যুক্ত করা হয়।

কিন্তু এসব উদ্যোগের পরও সনদ দেওয়া, পণ্য পরীক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতির কাজ কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে বিরোধ কাটেনি।

বড় বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ

হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ডিনারস্ট্যান্ডার্ডের 'স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি ২০২৫-২৬' প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মুসলিম ভোক্তারা হালাল খাদ্যে ১ দশমিক ৫৩ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছেন। ২০২৯ সালে তা বেড়ে ২ দশমিক ০৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

গত ১৪ অগাস্ট বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) প্রধানমন্ত্রীর কাছে হালাল খাতের উন্নয়নে নীতিগত প্রস্তাব জমা দেয়। ওই প্রস্তাবে স্বতন্ত্র বাংলাদেশ হালাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়।

সংগঠনটি বলছে, সনদ দেওয়া, পরীক্ষাগার পরিচালনা, আন্তর্জাতিক স্বীকৃতি, প্রশিক্ষণ এবং রপ্তানি উন্নয়নের কাজ সমন্বিতভাবে পরিচালনা করা প্রয়োজন।

এদিকে গত ৭ নভেম্বর ঢাকায় হালাল শিল্প নিয়ে এক সম্মেলনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের হালাল পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৯৪ কোটি ৩০ লাখ ডলার। ওই আয়োজনেও হালাল শিল্পের জন্য একটি পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি ওঠে।

ব্যবসায়ীরা ভাষ্য, আন্তর্জাতিক স্বীকৃতির ব্যবস্থা সহজ করা গেলে বিদেশের বাজারে বাংলাদেশের হালাল পণ্য রপ্তানি বাড়বে। তবে এ জন্য সনদ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং বিদেশি কর্তৃপক্ষের স্বীকৃতি নিশ্চিত করতে হবে।