২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিকল্পিত গাছ কাটা বন্ধের ঘোষণা জাবি উপাচার্যের

‘প্রজাপতি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অপরিকল্পিত গাছ কাটা বন্ধের ঘোষণা জাবি উপাচার্যের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতি মেলায় পতঙ্গটির সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।  ছবি: আরিফুর রহমান সাদি 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 08:58 PM

Updated : 27 Nov 2026, 08:58 PM

উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায়ে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত ‘প্রজাপতি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, “উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তন আনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণ করা আমার জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”

তিনি বলেন, “আমরা ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।”

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সোহেল রানা, মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, তথ্য কমিশনের প্রধান ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানসহ বন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় ১০০ থেকে ১১০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও বর্তমানে তা কমে ৭০টিতে দাঁড়িয়েছে। গবেষণায় প্রজাপতির আবাসস্থল, বিশেষ করে ঝোপঝাড় ও বড় গাছ কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই, প্রজাপতির ঝোপঝাড়, প্রজাপতির গাছপালা- এগুলো মানুষ জানুক, চিনুক। বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের সম্পৃক্ত করে দেশের সবুজ বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সচেতনতা তৈরি করতে চাই।”

নগরায়ণ ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি মাস্টারপ্ল্যান ও আধুনিকায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে প্রকৃতি, বন্যপ্রাণী, প্রজাপতি ও পাখির সঙ্গে মানুষের সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, ১৬ বছর ধরে আয়োজিত প্রজাপতি মেলার স্বীকৃতির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয়েছিল। এবার সেই স্বীকৃতি পাওয়া গেছে। মেলার মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে ২৫ বছরের কম বয়সীদের সম্মাননা ও পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে তাদের এ কাজে আরও সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, বর্তমানে তরুণ আলোকচিত্রী ও গবেষকেরা বন-জঙ্গলে গিয়ে কাজ করছেন। তাদের এ আগ্রহ প্রকৃতি সংরক্ষণে আশাবাদ তৈরি করেছে। গণমাধ্যমের মাধ্যমে প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান তিনি।

মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি।

এ ছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় মাসুক আহমেদ এবং তৃতীয় ইকবাল এইচ বাবু।

বন্যপ্রাণী সংরক্ষণে গণমাধ্যমে অবদানের জন্য ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন সম্প্রচার বিভাগে এনটিভির আকিব সুলতান অর্ণব। মুদ্রিত সংবাদপত্র বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন দৈনিক যায়যায়দিনের ওসমান সরদার ও দৈনিক ইত্তেফাকের বেনজির হোসেন। ডিজিটাল বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন দৈনিক বণিক বার্তার মো. আতাউর রহমান ও দৈনিক নিউ এইজের সাগর হোসাইন।

দিনব্যাপী এ আয়োজনে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা ও পাপেট শোসহ বিভিন্ন কর্মসূচি ছিল।