১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল: এবার এক শিক্ষার্থী বহিষ্কার

ককটেল বিস্ফোরণের ঘটনায় এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 08:59 PM

Updated : 12 Nov 2026, 08:59 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় ‘সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে’ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মো. রায়হান খান নামে ওই শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কারের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে।

ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিলকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন- অধ্যাপক এনামুল হক সজীব, অধ্যাপক শান্টু বড়ুয়া, আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার মধ্যে গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর হাতবোমা ছোড়া হয়। এতে গাড়িচালকসহ দুজন আহত হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরেছেন। শিক্ষালয়টির বিদেশি শিক্ষার্থীদের হল পি জে হার্টগ ইন্টারন্যাশনালের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটতে দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এতে আমাদের দুজন শিক্ষার্থী চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

“আরও ছয়জন ১৩ নভেম্বর দেশ ছাড়বেন। তাদের আরও কয়েকদিন পর যাওয়ার কথা ছিল; কিন্তু ক্যাম্পাসে ককটেল আতঙ্ক দেখে ফিরে যাচ্ছেন।”

আরও পড়ুন-

ঢাবিতে ককটেল আতঙ্ক: ৬ চীনা শিক্ষার্থী দেশে ফিরছেন