১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বোমাবাজি ও আগুনের এত ঘটনা, আতঙ্কের দিন আবার ফিরল?

“চোখের সামনে প্রথমবার ককটেল বিস্ফোরণ দেখেছি। এরপর থেকে রাতে বাইরে বের হতে ভয় করে,” বলেন আদাবরের এক বাসিন্দা।

বোমাবাজি ও আগুনের এত ঘটনা, আতঙ্কের দিন আবার ফিরল?

রাজধানীর শ্যামলীতে মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে।

নাজমুল হাসান সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 01:45 AM

Updated : 12 Nov 2026, 01:45 AM

প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

সরকার এসব ঘটনাকে দেখছে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও এর সংগঠনগুলোর পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে।

কিন্তু সাধারণ মানুষ কীভাবে দেখছেন সড়কে ফিরে আসা বোমাবাজি ও আগুনের ঘটনা?

যাত্রীবাহী বাস, স্কুলবাস, ট্রেনে আগুনের ঘটনায় দেশের রাজনীতিতে সহিংসতার সেই পুরনো আতঙ্ক জনপরিসরে ফিরে আসছে?

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে মঙ্গলবার হাতবোমা বিস্ফোরণ হয়।

বাস মালিকদের তরফে বলা হয়েছে, পুলিশকে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন, ব্যবস্থা নিতে বলেছেন তারা।

অভিভাবকরা বলছেন, তারা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিচ্ছেন সন্তানকে স্কুলে পাঠাবেন কি পাঠাবেন না।

আর পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার সারা দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর কমিশনারসহ সারাদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন আইজিপি আলী হোসেন ফকির।

বৈঠকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতাদের ধরতে কড়া নজরদারি, হাতবোমার উৎস খুঁজে সেটি বন্ধ করা ও প্রকৃত অপরাধীদের ধরার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে বলেন, “এমন পরিস্থিতিতে এ ধরনের নির্দেশনা সাধারণ বিষয়। এগুলো বিশেষ কিছু না। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রমে নিষেধাজ্ঞা পাওয়া আওয়ামী লীগ ও এর সংগঠনগুলোর নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়ছে। দেশের কোথাও না কোথাও তারা মিছিল বের করে দ্রুত সরে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে।

জুলাই মাসে শেখ হাসিনা তার এই পরিকল্পনার কথা বললেও কোনো নির্দিষ্ট তারিখ বলেননি। সোমবার রয়টার্স খবর দিয়েছে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র-এনআইডির জন্য আবেদন করেছেন।

তার কয়েক দিন আগে থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে শুরু করে।

Image

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার অতীত এবং জুলাই আন্দোলনে বড় ধরনের দমন-পীড়ন, হত্যার ঘটনার দুই বছর পর আবারও সেরকম পরিস্থিতির আশঙ্কা ছড়াচ্ছে মানুষের মধ্যে।

তবে মঙ্গলবার সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে এসে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, এটা তিনি মনে করেন না।

দেশে কী হচ্ছে, মানুষের মধ্যে এই প্রশ্ন থাকার কথা স্বীকার করে তিনি বলেন, “এটা ঠিক আছে, কিন্তু এটা যে খুব ওয়াইডস্প্রেড আতঙ্ক তৈরি করছে, লো ইনটেনসিটি হলে, আমি সেটা মনে করি না, ব্যক্তিগতভাবে।”

খালি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মানুষের মধ্যে কিছুটা নিরাপত্তা বোধজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক, তা স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, “আমি আগে একদিন বলেছিলাম, সেটা হল এই দলটা। এটা একটা মাফিয়া দল…তাদের যেহেতু প্রচুর ফান্ড আছে। ফান্ড দেওয়ার মাধ্যমে কিছু এই ধরনের চেষ্টা তারা হয়তো করতে পারবে।”

Image

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার হাতবোমার বিস্ফোরণ ঘটে।

একদিনেই ৪৬ ঘটনা

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নাশকতার ঘটনায় সেদিন কেবল রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির আওতাধীন এলাকায় সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

একই সময় রাজধানীর সাতটি স্থানে ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

আর রাজধানীর বাইরে সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেই ১২ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

Image

মিরপুরের সনি হলের সামনে রোববার রাতে একটি প্রাইভেট কার লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়।

ফরিদপুরে বাসচালকের মৃত্যু, ঢাকায় কয়েকজন আহত

গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই জাদুঘর, আনসার সদর দপ্তর, পল্লবী থানা, রূপনগর থানা, আদাবর থানা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি অফিস, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পুলিশের গাড়ি ও পুলিশকে লক্ষ্য করে হামলা হয়েছে।

এতে রাজধানীর ভেতরে অন্তত দুজন পুলিশ সদস্য ও একজন প্রাইভেটকার চালক আহত হয়েছেন।

রোববার রাতে পল্লবী থানা প্রাঙ্গণে ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে থানা প্রাঙ্গণে থাকা এসআরবির এক সদস্য আহত হন। তার নাম ইয়ার উদ্দিন। তিনি এসআরবি-৪-এ কর্মরত।

সে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটে। ভাটায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে অগ্নিসংযোগ করা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

Image

রাজধানীর ভাটারায় রোববার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুনের ঘটনা ঘটে।

সে দিন জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেছেন, ১০০ ফুট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা অবস্থায় ছিল। দুর্বত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা গল্ফ ক্লাবের সামনে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাইভেট কার চালক সোহেল আহত হয়েছেন।

সোমবার ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চালক কালাচাঁন অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে।

মানুষের মধ্যে ভয়, পরিবহন মালিকরও উদ্বিগ্ন

শুক্রবার মোহাম্মদপুরের আদাবর থানার সামনে চায়ের দোকানে বসে ছিলেন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম। ওই সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

আরিফুল বলেন, “চোখের সামনে প্রথমবার ককটেল বিস্ফোরণ দেখেছি। এরপর থেকে রাতে বাইরে বের হতে ভয় করে।”

তিনি বলেন, “এই বছরের শুরুর দিকে মগবাজারে ককটেল বিস্ফোরণে এক জন মারা গেছে। এখন আবার যেভাবে ককটেল বিস্ফোরণ ঘটছে, কখন নিজেই এর শিকার হই, সেই দুশ্চিন্তায় আছি।”

স্কুলবাসে আগুনের ঘটনায় স্কুলগামী সন্তানদের নিয়ে অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতি ও শঙ্কা কাজ করছে।

মঙ্গলবার রাজধানীর শংকর এলাকায় নালন্দা স্কুলের শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধানে রাখার কথা জানা গেছে।

অগ্নিসংযোগের শঙ্কায় স্কুলের গাড়িগুলোতে বিশেষ নজরদারি ও স্কুল প্রাঙ্গণের বাইরে কোনো শিক্ষার্থীকে অবস্থান করতে দেওয়া হয়নি।

সে দিন সন্তানকে স্কুলকে পাঠাননি বলেছেন আবু বাকার সিদ্দীক নামে একজন অভিভাবক। তার মেয়ে নালন্দায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত কোনো রাজনৈতিক গোলযোগ থাকলে আমার সন্তানদের সে সময় বা দিনে স্কুলে পাঠাই না। আমরা নিজেরাও এরকম সময়ে বাইরে তেমন একটা বের হই না।

“এ সময় যেহেতু অগ্নিসংযোগ বা হাতবোমা বিস্ফোরণের মতো বিষয়গুলো ঘটেছে, সেহেতু আমাদের সন্তানকে স্কুলে দিইনি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ নাজিম বলেন, “ঢাকায় আমরা সবসময় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিরাপদ স্থান। বাইরে সব হলেও আমরা এখানে নিরাপদ।

“কিন্তু গত কয়েকদিন যে অবস্থা দেখেছি, তা আমাদের মধ্যে নতুন করে চিন্তার জন্ম দিয়েছে। যে পরিমাণ ককটেল বিস্ফোরণ হচ্ছে, এতে মনে হয় আমরা এখানেও নিরাপদ না।”

মঙ্গলবার রাতে রাজধানীর শ্যামলীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝেও ভীতি তৈরি হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা বেশি ঘটছে। এজন্য দাঁড় করিয়ে রাখা গাড়িগুলোর জন্য নৈশপ্রহরী রাখতে বলা হয়েছে মালিকদের।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার কথা তুলে ধরে তিনি বলেন, “উনাকে রাতে পুলিশ টহল বাড়াতে অনুরোধ করা হয়েছে। আমাদের কথা শুনে, তিনি তাৎক্ষণিক ডিসিদের নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে জোনাল কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।”

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়েছে।

এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছে সমিতি।

সোমবার ডিএমপি কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে।

ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় চালকের মৃত্যুতে নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আন্দোলনের নামে জ্বলাও-পোড়াওকে আমরা সমর্থন করি না। এধরনের অপতৎপরতা রুখে দিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।”

Image

গত বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন।

পুলিশ যা বলছে

মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত কয়েক দিনে রাজধানীতে দায়িত্বপালনকালে ককটেল ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আকতার হোসেন।

তবে কেউই গুরুতর অবস্থায় নেই জানিয়ে তিনি বলেন, “পুলিশ কাজ করে দেশপ্রেম ও দায়িত্বের জায়গা থেকে। তাই এভাবে পুলিশের ওপর চোরাগুপ্তা বা ঝটিকা হামলা করে কোনো লাভ হবে না। এতে পুলিশের মনোবল নষ্ট হয় না।”