১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এখন অপরাধের হার ‘অন্য যে কোনো সময়ের চেয়ে কম’: ডিবির শফিকুল

চলতি মাসের প্রথম ১৬ দিনে রাজধানীতে ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে তথ্য দেন ঢাকার ডিবি প্রধান।

ঢাকায় এখন অপরাধের হার ‘অন্য যে কোনো সময়ের চেয়ে কম’: ডিবির শফিকুল

রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবার কোম্পানি ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ কার্যালয়ে ঢুকে গত ১৫ নভেম্বর এলোপাতাড়ি গুলি চালায় একদল যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:03 PM

Updated : 18 Nov 2026, 06:03 PM

সাম্প্রতিক কয়েকটি হামলা, চাঁদাবাজি ও গুলির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম দাবি করেছেন, রাজধানীতে এখন অপরাধের হার ‘কমেছে’।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অন্য যে কোনো সময়ের চেয়ে ক্রাইম রেট এখন কম।”

তবে কোন সময়ের সঙ্গে তুলনা করে এ হিসাব করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত পরিসংখ্যান দেননি।

দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান তিন নেতাকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকার হাজারীবাগ এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসে এক মাস ধরে হামলা এবং চাঁদা না পেয়ে রামপুরায় একটি ইন্টারনেট সেবার কোম্পানির কার্যালয়ে ঢুকে গুলি চালানোর ঘটনা তুলে করে এক সাংবাদিক জানতে চান, এসব ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নিয়েছে।

জবাবে ডিবি কর্মকর্তা শাফিকুল বলেন, “দুটি প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটেছে। ঢাকায় কিন্তু লাখ লাখ প্রতিষ্ঠান চলছে। এজেআর কুরিয়ারের ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। আমরা ব্লক রেইড করেছি। লোক ধরে নিয়ে এসেছি।

“আর রামপুরায় ইন্টারনেট অফিসে যেটা হয়েছে সেটারও মামলা নেওয়া হয়েছে। তদন্ত চলছে। ডিএমপিতে গুলির ঘটনা বা চাঁদাবাজির প্রত্যেকটি ঘটনায় আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি।”

রাজধানীর বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক মনে করেন কি না, জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, “হ্যাঁ, আমাদের পরিসংখ্যান তাই বলে।”

তিনি বলেন, “ঢাকা নগরবাসীর নিরাপত্তা বিধানে ডিএমপি সচেতন আছে। আমাদের গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট, ব্লক রেইড চলছে।”

চলতি মাসের প্রথম ১৬ দিনে রাজধানীতে ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে তথ্য দেন ঢাকার ডিবি প্রধান।

তিনি বলেন, এসব ঘটনায় মামলা হয়েছে ৭৯টি। গ্রেপ্তার হয়েছেন ১৩০ জন। উদ্ধার করা হয়েছে ৫২টি ককটেল।

গত মাসের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, অক্টোবরে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনায় ১১টি মামলা হয়েছিল।

চলতি মাসে এতগুলো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটার পরও পরিস্থিতিকে স্বাভাবিক বলছেন কীভাবে–এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, “এই মাসে দুটো লকডাউন ছিল। গত মাসে কোনো লকডাউন ছিল না।”

আদালতপাড়ায় আইনজীবীদের ওপর মব বা সংঘবদ্ধ হামলার ঘটনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন।

জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল বলেন, “না, এটা তা না, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা রয়েছে। এরকম ঘটনার ক্ষেত্রে আমরা সচেতন হয়েছি।”

“যদি মব সৃষ্টি হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে,” বলেন তিনি।