ছেলের উপর হামলার ঘটনায় মামলা না নেওয়ায় ক্ষোভ আখতারুজ্জামানের, আটক ১
কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে শাহরিয়ার জামানের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলেকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।
এদিকে বুধবার রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তবে তার নাম জানানো হয়নি।
মামলার বিষয়ে জানতে চাইলে কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিকালে বলেন, “বুধবার রাতে ছুরিকাঘাতের ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার রাত ৮টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে আক্তারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
শাহরিয়ার জামানের বাবা আখতারুজ্জামান জানান, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং এখন আশঙ্কামুক্ত।
এদিকে আখতারুজ্জামান রঞ্জন বিকালে ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে ১২ জনের নাম দিয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন। তারা মাদক ও চাঁদাবাজীর সঙ্গে জড়িত। কিন্তু ওসি অভিযোগ গ্রহণ করেননি।
তিনি বলেন, পরে সকালে মামলা করার জন্য আদালতে গেলে থানা থেকে তাদের জানানো হয়, মামলা গ্রহণ করা হবে। কিন্তু থানায় গেলে ওসি অভিযোগ গ্রহণ করেননি।
তিনি বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ না করে ওসি আসামিদের বাঁচানোর অপচেষ্টা করে হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহ করতে চাইছেন। এ নিয়ে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়ায় বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।”
আখতারুজ্জামান রঞ্জনের অভিযোগের বিষয়ে জানতে ওসি মোহাম্মদ রফিকুল ইসলামকে পরে আবার মোবাইলে ফোন করলে তিনি ধরেননি।
