২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করছে এক্স

এ টুলের মাধ্যমে মা-বাবা বা অভিভাবকরা তাদের সন্তান এক্স-এ কত সময় কাটিয়েছে তা দেখতে পাবেন ও দৈনিক সময়সীমাও নির্ধারণ করতে পারবেন।

অবশেষে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করছে এক্স

অভিভাবকরা সর্বোচ্চ পাঁচটি টিনএজার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। ছবি: এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 08:36 PM

Updated : 27 Nov 2026, 08:36 PM

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অবশেষে ১৩ থেকে ১৭ বছর বয়সি টিনএজারদের জন্য অভিভাবকীয় নিয়ন্ত্রণ বা প্যারেন্টাল কন্ট্রোল চালু করেছে।

এর মাধ্যমে মা-বাবা ও অভিভাবকরা প্ল্যাটফর্মটিতে তাদের টিনএজ সন্তানদের ব্যবহারের অভিজ্ঞতা পরিচালনা করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এখন থেকে টিনএজারদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘প্রটেক্টেড মোড’-এ থাকবে, যেখানে সংবেদনশীল কনটেন্ট সীমিত ও লক্ষ্যভিত্তিক বা টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ রাখবে এক্স।

প্ল্যাটফর্মটি বলেছে, এসব পূর্বনির্ধারিত সুবিধার পাশাপাশি নতুন সেটিং বিভিন্ন অভিভাবককে ‘অতিরিক্ত টুল’ ব্যবহারের সুযোগ দেবে।

এই বাড়তি টুলের মাধ্যমে অভিভাবকরা দেখতে পাবেন তাদের সন্তান এক্স-এ কত সময় কাটিয়েছে। তারা শিশুদের জন্য দৈনিক সময়সীমাও নির্ধারণ করতে পারবেন।

পাশাপাশি, নতুন ফলোয়ার যোগ হওয়ার ক্ষেত্রে অনুমোদনের শর্ত ও ‘ফর ইউ’ সাজেশনগুলো কেবল টিনএজারের অনুসরণ করা অ্যাকাউন্টের মধ্যেই সীমিত রাখতে পারবেন মা-বাবারা।

এ ছাড়া, নির্দিষ্ট শব্দ ফিল্টার করা, সংবেদনশীল মিডিয়া কনটেন্ট পুরোপুরি বন্ধ রাখা, কারা সরাসরি বার্তা বা ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারবেন তা নিয়ন্ত্রণ ও সন্তান কার কার সঙ্গে এককভাবে চ্যাটিং করেছে তা দেখার সুযোগ পাবেন অভিভাবকরা। তবে চ্যাটিংয়ের মূল বার্তাগুলো দেখা যাবে না।

নতুন ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ব্যবহার করতে এক্স-এর হেল্প সেন্টারের নির্দেশিকা অনুসরণ করতে হবে।

এক্স বলেছে, “সংযুক্ত করার প্রক্রিয়া মা-বাবা বা অভিভাবকের মাধ্যমে শুরু হয়ে টিনএজারের কাছে এসে শেষ হবে। উভয় ব্যবহারকারীকে এতে রাজি হতে হবে।”

টিনএজাদের ব্যক্তিগত জীবনে অযাচিত হস্তক্ষেপ না করেই অভিভাবকরা যাতে কনটেন্ট পরিচালনা করতে পারেন সে বিষয়টির ওপর জোর দিয়েছে এক্স।

কোম্পানিটি বলেছে, “মা-বাবা ও অভিভাবকরা ব্যক্তিগত বার্তা পড়তে, অনুসন্ধান বা সার্চ ইতিহাস দেখতে ও টিনএজারের পক্ষ থেকে পোস্ট করতে পারবেন না বা অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না।”

অভিভাবকরা সর্বোচ্চ পাঁচটি টিনএজার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।

মা-বাবাদের যে কারণে টিনএজারদের এক্স থেকে দূরে রাখা উচিত তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে।

গত পাঁচ বছরে প্ল্যাটফর্মটিতে বিদ্বেষমূলক বক্তব্য, এআই দিয়ে তৈরি শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট, ভুল তথ্য, ডিপফেইক ছবি, কনটেন্ট মডারেশনের অভাব, অননুমোদিত এআই প্রশিক্ষণ, অপপ্রচার, পক্ষপাতদুষ্ট কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অ্যালগরিদম, এআই বটের উপস্থিতির মতো নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে।

এক্সও স্বীকার করেছে প্ল্যাটফর্মটি শিশু বা টিনএজারদের লক্ষ্য করে তৈরি নয়।

কোম্পানিটি বলেছে, “এক্স শিশুদের জন্য তৈরি বা প্রচারিত না এবং আইন অনুসারে ব্যবহারকারীদের বয়স অন্তত ১৩ বা তার বেশি হওয়ার বাধ্যবাধকতা থাকলেও এখানে থাকা তরুণদের বিষয়ে আমরা বাড়তি যত্ন নিই।”

‘এক্স-এ শিশুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়’ বলে দাবি করলেও বিভিন্ন অঙ্গরাজ্য ও দেশের বর্তমান বা ভবিষ্যৎ আইনি বিধিনিষেধ মেনে চলতেই প্ল্যাটফর্মটি সম্ভবত এসব নতুন নিয়ম চালু করেছে।