২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে অশান্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান সাচিং প্রুর

খাগড়াছড়ি শহরের টাউন হলের সামনে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 08:32 PM

Updated : 27 Nov 2026, 08:32 PM

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ কেউ যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

তিনি বলেছেন, “পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি যেন নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

শুক্রবার বিকালে খাগড়াছড়ি শহরের টাউন হলের সামনে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে প্রথমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, “বিএনপি কখনোই স্বৈরাচারী আওয়ামী লীগের মতো নিপীড়ক রাজনৈতিক দল হবে। গোলাপগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সর্বোচ্চ ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

“পুলিশ বা বিজিবি মার খেলেও কাউকে গুলি করেনি। বিএনপি কখনও মানুষকে হত্যা করবে না। হাসিনা জুলাই আন্দোলন দমনের জন্য অন্তত ১৪০০ মানুষকে হত্যা করেছে। তার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। ২৫ হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে।”

সমাবেশে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, “পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজা।

খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।