২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় আটক সেই জাহাজের বাংলাদেশগামী হওয়ার ‘তথ্য নেই’

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমের খবর, দেশটির নৌবাহিনী সুমাত্রা সাগর থেকে জাহাজটি আটক করে, যেখানে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ছিল।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:33 PM

Updated : 24 Nov 2026, 11:33 PM

ইন্দোনেশিয়ায় সোডিয়াম পারক্লোরেটসহ জব্দ জাহাজের বাংলাদেশগামী হওয়ার কোনো ‘তথ্য নেই’ বলে দাবি করেছেন মোংলা ও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।

বিপুল রাসায়নিকের চালানসহ জাহাজটি আটকের পর ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমে সেটি মোংলামুখী বলে দাবি করা হয়।

মোংলা কাস্টমস বলেছে, এই জাহাজ মোংলা বন্দরে আসার বিষয়ে কোনো ‘ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট’ (আইজিএম) দাখিল করা হয়নি। আইজিএমে পণ্যের বিবরণ, আমদানিকারক, রপ্তানিকারক এবং জাহাজের গন্তব্যসহ বিস্তারিত তথ্য থাকে।

চট্টগ্রাম কাস্টমসের কাছেও ‘এমভি স্টার লাইন’ নামে জাহাজটির বাংলাদেশমুখী হওয়ার বিষয়ে কোনো তথ্য নেই।

তাই এই জাহাজে সোডিয়াম পারক্লোরেটের আমদানিকারক প্রতিষ্ঠান কারা এবং কী কাজে এই রাসায়নিক আনা হচ্ছিল, সে বিষয়ে কোনো তথ্যও নেই।

সংশ্লিষ্টরা বলেছেন, আগে আইজিএম ঘোষণা না করায় জাহাজটি আদৌ বাংলাদেশের দিকে আসছিল কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইন্দোনেশিয় কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারবে।

বাংলাদেশের টেক্সটাইল, প্লাস্টিক, পিভিসি পাইপ তৈরিসহ বিভিন্ন শিল্পে সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার রয়েছে।

সোডিয়াম পারক্লোরেট বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা হয়। উচ্চমাত্রার জারক হওয়া সোডিয়াম পারক্লোরেট আমদানিতে কিছু বিধিনিষেধ মানতে হয়।

আগে আমদানি হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে ২০২৫ সালের জুলাই থেকে আর এই রাসায়নিক আমদানি হয়নি বলে তথ্য দিয়েছেন বন্দরের কর্মকর্তারা।

মোংলা কাস্টম হাউজের কমিশনার মো. গিয়াস কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমভি স্টার লাইন নামে ওই জাহাজের কোনো আইজিএম এখন পর্যন্ত জমা পড়েনি। কাজেই জাহাজটি মোংলামুখী, এমন কোনো তথ্য নেই। তাছাড়া জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমাতেও আসেনি।

“মোংলা বন্দর দিয়ে বিভিন্ন রাসায়নিক আমদানি হয়। সেটা যথাযথ অনুমোদন সাপেক্ষে হয়ে থাকে।”

চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারি কমিশনার ও মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমভি স্টার লাইন চট্টগ্রাম বন্দরে আসবে, এমন কোনো আইজিএম সাবমিট করেনি। জাহাজটি আমাদের জলসীমাতেও আসেনি।

“কাজেই সেখানে কী ধরণের পণ্য ছিল বা কোন উদ্দেশ্যে তারা কী কী পণ্য আনছে, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। যখন কোনো জাহাজ পণ্য আমদানির ঘোষণা দেয় এবং তারপর আমাদের জলসীমায় আসে, তখন কাস্টমস সেগুলো পরীক্ষা করতে পারে।”

চট্টগ্রাম বন্দর দিয়ে সোডিয়াম পারক্লোরেট আমদানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “২০২৫ সালের জুলাই থেকে গত দেড় বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে কোনো সোডিয়াম পারক্লোরেট আমদানি করা হয়নি।”

বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উন্নত মানের অক্সিডাইজার (অক্সিজেন সরবরাহকারী) হিসেবে সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার আছে রাসায়নিক শিল্পে ও ওষুধ তৈরির কারখানায়, আতশবাজির জন্য, বিস্ফোরক বস্তু তৈরিতে, রকেটের প্রোপেলারে, ক্ষেপণাস্ত্র তৈরিতে, গবেষণাগারে এবং গবেষণা সম্পৃক্ত প্রতিষ্ঠানেও এটি ব্যবহার হয়।

“এর প্রতি অনুতে চারটি করে অক্সিজেন থাকে। সে দিক থেকে অক্সিজেন সমৃদ্ধ। অক্সিজেন এবং ক্লোরিন থাকার কারণে এটি ভালোমানের জারক পদার্থ এবং বেশি অক্সিজেন উপস্থিতির কারণে উচ্চমানের দাহ্য পদার্থ।”

অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, “এই রাসায়নিক সাধারণত বাংলাদেশে কম পরিমাণে আসে। এত বিপুল পরিমাণে এই রাসায়নিকবাহী একটি জাহাজ বাংলাদেশমুখী হওয়ার সংবাদ তাই মানুষের মাঝে উদ্বেগের সৃষ্টি করতে পারে।

“তাই সরকারসংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত, এ সংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করা।”

ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম আনতারা নিউজ ২১ নভেম্বর এক প্রতিবেদনে জানায়, গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ান নৌ বাহিনীর একটি ইউনিট উত্তর সুমাত্রা সাগর থেকে দ্বীপ রাষ্ট্র কমোরোসের পতাকাবাহী জাহাজ স্টারলাইন আটক করে। জাহাজে ১৫টি কন্টেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়।

আনতারা নিউজ লিখেছে, ওই জাহাজে কয়েক লাখ ‘ফোর জি এলটিই’ ব্ল্যাংক সিম কার্ড পাওয়া গেছে। জাহাজটি পরে পাহারা দিয়ে তীরে নিয়ে আসা হয়।

দেশটির আরেক সংবাদমাধ্যম ‘কুমপারান নিউজ’ লিখেছে, জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল। এটি স্বাভাবিক নিয়মে চলাচল (ম্যানুভার) করছিল না। জাহাজটির সঙ্গে কোনো যোগাযোগও স্থাপন করা যাচ্ছিল না বলেও লিখেছে সংবাদমাধ্যমটি।

জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর জাহাজটি বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল।

জানতে চাইলে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আলম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আইজিএম জমা দেয়নি এবং ইন্দোনেশিয়াতে জাহাজটি আটক হয়েছে তাই এখন বাংলাদেশ থেকে জাহাজটির বিষয়ে তথ্য পাওয়া খুবই কঠিন।

“যদি কোন জাহাজ বাংলাদেশমুখী হয় তাহলে সেটি কাউকে না কাউকে অবশ্যই এজেন্ট হিসেবে নিয়োগ দেবে। কিন্তু আইজিএম ও বার্থিং শিট না থাকায় সে বিষয়ে জানা যাবে না। কারণ এখন আর কেউ স্বীকার করবে না।”

ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জানবে মন্তব্য করে খায়রুল আলম সুজন বলেন, “কিছু আন্তর্জাতিক সংস্থা আছে, যারা সমুদ্রে জাহাজের ট্রাফিক কন্ট্রোল করে থাকে এবং অন্য কিছু সংস্থা আছে, যারা জাহাজের দাবি নিষ্পত্তি করে, এমন কোনো সংস্থার কাছে এমভি স্টার লাইনের আসল গন্তব্য নিয়ে তথ্য থাকতে পারে।”

পুরনো খবর:

ইন্দোনেশিয়ায় ‘মোংলামুখী জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ’