শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: জয়সওয়াল
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের পানিবণ্টন চুক্তি নিয়ে মুখপাত্র বলেন, “এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।”
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে সুরাহার কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
দেশে ফিরতে শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো নিয়ে সৃষ্ট আলোচনার মধ্যে ভারতের এ বক্তব্য এল।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
এর মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়েছে।
এ আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও শুরু থেকেই তারা শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
মঙ্গলবারের ব্রিফিংয়ে এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান অন্তত চারজন সাংবাদিক।
এর মধ্যে গৌতম লাহিড়ী বলেন, শেখ হাসিনা তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
“একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি দেশে ফিরতে চাইলে এতে ভারতের কোনো ভূমিকা বা আলোচনার সুযোগ আছে কি না?”
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ভুবন জানতে চান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে নতুন কোনো কথা হয়েছে কি না।
‘ইন্ডিয়া এক্সপ্রেসের’ সত্য কৃষ্ণ মোহন বলেন, বাংলাদেশ সরকার চায়, “শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী?”
দ্য হিন্দুর সাংবাদিক কল্লোলের প্রশ্ন ছিল, “পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না? প্রত্যর্পণের জন্য কি পাসপোর্ট অপরিহার্য?”
এসব প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ভ্রমণ নথির বিষয়ে জয়সওয়াল বলেন, “এটি একটি আইনি বিষয়। ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন।”
এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানাবেন বলে মন্তব্য করেন জয়সওয়াল।
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন আসে।
জবাবে জয়সওয়াল বলেন, “এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই।”
তারেক রহমানের ভারত সফর বা এ বিষয়ে আলোচনার কোনো নতুন তথ্য আছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, “এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো আপডেট নেই।”
ঢাকার ভিডিও দিল্লি হিসেবে প্রচার নিয়ে উদ্বেগ
ঢাকার কিছু ‘অনুন্নত’ এলাকার ভিডিও ধারণ করে চীনের ব্লগাররা সেগুলোকে নয়া দিল্লির দৃশ্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন বলে ব্রিফিংয়ে তুলে ধরেন এক সাংবাদিক।
এ নিয়ে মুখপাত্র বলেন, কোনো দেশকে এভাবে বিকৃতভাবে তুলে ধরার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।
এ ধরনের অপপ্রচারের মাধ্যমে যারা এসব করছে এবং যাদের ইন্ধনে করছে, তারা নিজেদের নির্ভরযোগ্যতাই নষ্ট করছে বলে মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জয়সওয়াল।
