লালদিয়া টার্মিনাল এলাকা ঘুরে দেখলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি
টার্মিনালটির নির্মাণ কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এলাকা ঘুরে দেখেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন।
মঙ্গলবার সকালে সন্ডারগার্ড ক্রোনের নেতৃত্বে ডেনমার্কের একটি প্রতিনিধিদল লালদিয়া টার্মিনালের প্রকল্প এলাকা পরিদর্শন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলটি প্রকল্প এলাকায় গেলে তাদের স্বাগত জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা।
এ সময় উপস্থিত ছিলেন এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএস এর পরিচালক ইসরাফিল কাইয়ুম খাঁন, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড।
প্রতিনিধি দলটি প্রকল্প এলাকার বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা ছাড়াও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এই প্রকল্পের কৌশলগত মাইলফলকগুলো নিয়ে আলোচনা করেন।
ডেনমার্কের মেয়ার্স্ক গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনালটি দক্ষিণ এশিয়ার দ্রুতগতির গেটওয়ে ই-পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে।
বন্দরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টার্মিনালটি নির্মাণ হলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং আঞ্চলিক সমুদ্র বাণিজ্যকে আরও গতিশীল হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অঞ্চলে পরিবেশগত স্থায়িত্বের এক নতুন মানদণ্ড স্থাপন করে টার্মিনালটি নবায়নযোগ্য জ্বালানিচালিত একটি ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে পরিচালিত হবে, যেখানে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশবান্ধব বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
এছাড়া ড্যানিশ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের অংশীদারিত্বে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প নির্মাণের এ উদ্যোগ টেকসই সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ডেনমার্কের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার প্রতিফলন বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণের জন্য অর্ন্তবর্তী সরকারের মেয়াদে ২০২৫ সালের ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই করে ডেনমার্কের মেয়ার্স্ক গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস।
চুক্তির শর্ত অনুসারে চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এপিএম টার্মিনালসকে প্রকল্পের জন্য জমি হস্তান্তর করে।
গত ৩০ অগাস্ট টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়।
নির্মাণ সময় তিন বছর ধরে হওয়া এই ‘কনসেশন’ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি নির্মাণের পর ৩০ বছর টার্মিনালটি পরিচালনা করবে। আর চুক্তির শর্ত পূরণ ও পালন করলে এ মেয়াদ আরও ১৫ বছর বাড়বে। সব মিলে টার্মিনালটি তাদের হাতে থাকতে পারে ৪৮ বছর।
২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে এর সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ টার্মিনাল নির্মিত হলে সাড়ে ১০ মিটার ড্রাফটের (জাহাজের পানিতে থাকা অংশের গভীরতা) এবং ৬ হাজার টিইইউএস (বিশ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারকে একক ধরে) ধারণক্ষমতার জাহাজ ভিড়তে পারবে সেখানে।
