২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেখ হাসিনা চাইলে এখনই ফিরতে পারেন, তবে বিচারের মুখোমুখি হতে হবে’

সিলেট নগরে বিএনপির গণমিছিলের শুরুর আগে সমাবেশে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 10:48 PM

Updated : 24 Nov 2026, 10:52 PM

শেখ হাসিনা চাইলে এখনই দেশে ফিরতে পারেন, তবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার বিকালে সিলেট নগরে বিএনপির গণমিছিলের শুরুর আগে সমাবেশে তিনি বলেন, “শেখ হাসিনা বিভিন্ন সময়ে বাংলাদেশে ফেরার বিষয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি কবে দেশে ফিরবেন, তা নিয়ে সময় নির্ধারণের প্রয়োজন নেই; চাইলে এখনই ফিরতে পারেন।

“তবে দেশে ফিরলে তাকে আইন ও বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। জনগণের ওপর সংঘটিত অত্যাচার-নির্যাতনের বিচার প্রচলিত আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার আহ্বান জানিয়ে আব্দুল মুক্তাদির বলেন, জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো আছেন। গণমিছিলের মাধ্যমে জনগণকে সেই বার্তাই দেওয়া হচ্ছে।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

সন্ত্রাসী গোষ্ঠী অপতৎপরতা চালানোর সুযোগ পাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সন্ত্রাসী গোষ্ঠীকে অপতৎপরতা চালানোর সুযোগ না দেওয়ার কথা বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নগরের রেজিস্ট্রি মাঠে সিলেট মহানগর-জেলা বিএনপি আয়োজিত ‘দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতা বিরোধী’ গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, “সিলেটের কোথাও সন্ত্রাসীদের অপতৎপরতার খবর পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হুমায়ুন কবিরের

বাংলাদেশে সন্ত্রাস ও নাশকতার কোনো স্থান নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবেন। সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “পলাতক ও নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আমরা অতীতেও বহু সংগ্রাম করেছি। নিষিদ্ধ এই দলের চোখরাঙানি উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি।

“তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, তবুও আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাইনি। আগামী দিনের কর্মসূচিগুলোতেও আপনারা এভাবেই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন বলে আশা করি।”

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল মালিক এমপি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি গণমিছিল রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।