২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুয়ে-কাভারাৎস্খেলিয়ার চোটে নতুন খেলোয়াড় আনবে পিএসজি? যা বললেন এনরিকে

আক্রমণভাগের দুই খেলোয়াড়কে কার্যত মৌসুমের বাকি অংশের জন্য হারিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা।

দুয়ে-কাভারাৎস্খেলিয়ার চোটে নতুন খেলোয়াড় আনবে পিএসজি? যা বললেন এনরিকে

দেজিরে দুয়ে (বাঁয়ে) ও খাভিচা কাভারাৎস্খেলিয়া। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 10:41 PM

Updated : 24 Nov 2026, 10:41 PM

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণভাগের দুই খেলোয়াড়কে হারানোটা পিএসজির জন্য অনেক বড় ধাক্কা হয়ে এসেছে। দুই উইঙ্গার খাভিচা কাভারাৎস্খেলিয়া ও দেজিরে দুয়েকে মৌসুমের বাকি অংশে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে জানুয়ারির দলবদলে কি নতুন খেলোয়াড় দলে নেবে ইউরোপ চ্যাম্পিয়নরা? কোচ লুইস এনরিকে অবশ্য জানালেন, তেমন কোনো ভাবনা তাদের নেই।

লিগ আঁয় গত শনিবার নিসের মাঠে পিএসজির ৩-২ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন দুয়ে।

পরদিন ক্লাবটি জানায়, ডান হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করানো হবে এই ফরাসি তারকার।

এর আগে গত ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে একইরকম চোট পান জর্জিয়ান উইঙ্গার কাভারাৎস্খেলিয়া।

এসিএলের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় মাস থেকে আরও অনেক বেশি সময় লাগে। অতি নাটকীয় উন্নতি না হলে চলতি মৌসুমে এই দুজনের খেলার সম্ভাবনা সামান্যই।

গত মৌসুমে পিএসজির টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা এই দুই খেলোয়াড়কে ছাড়া পিএসজির সামনের পথচলা সহজ হবে না।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় বুধবার রোমার মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা। আগের দিন সংবাদ সম্মেলনে ওই দুজনের চোটকে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেন এনরিকে।

“এটা শীর্ষ পর্যায়ের ফুটবল। সব দল ও কোচই তা ভালো করে জানেন। চোট ফুটবলেরই অংশ। দেজিরে ও কোভারার চোট পাওয়াটা দুঃখজনক, তবে আমরা এখন তাদের সেরে ওঠার প্রক্রিয়ার দিকে এবং কীভাবে আমাদের পারফরম্যান্স আরও ভালো করা যায়, সেদিকে মনোযোগ দিচ্ছি। আমরা দলের ইতিবাচক দিকগুলোর ওপরও মনোযোগ দিচ্ছি।

“গত তিন বছরে এই দল দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে; আমরা সবসময়ই ঘুরে দাঁড়িয়েছি। বর্তমান পরিস্থিতি কঠিন, তাই উন্নতির ধারা ধরে রাখতে আমাদের অনুপ্রাণিত থাকা প্রয়োজন।”

বর্তমান দলের ওপরই পূর্ণ আস্থা রাখছেন এই স্প্যানিশ কোচ।

“ট্রান্সফার উইন্ডোতে আমাদের নতুন খেলোয়াড় নেওয়ার প্রয়োজন নেই; মাত্র ছয় মাসের জন্য কাউকে দলে নেওয়া আমাদের রীতি নয়। আমাদের বর্তমান স্কোয়াড নিয়েই সন্তুষ্ট আমরা। সর্বোপরি, আমরা কোনো কিছুতেই ভীত নই। যেসব খেলোয়াড় চোটে পড়েছে তাদের জন্য আমাদের খারাপ লাগছে, তবে মৌসুম এগিয়ে যাওয়ার পথে তাদের সঙ্গে আরও দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নেওয়াই আমাদের প্রেরণা।”