২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

পিএসজি ম্যাচের জন্য ‘সর্বোচ্চ প্রস্তুত ছিল না’ বার্সেলোনা

প্যারিসে হারের পর প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসা করে নিজেদের উন্নতির তাগিদ দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

পিএসজি ম্যাচের জন্য ‘সর্বোচ্চ প্রস্তুত ছিল না’ বার্সেলোনা

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 03:43 PM

Updated : 21 Oct 2026, 03:43 PM

রক্ষণে অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতি, সঙ্গে টানা খেলার ধকল। সব মিলিয়ে পিএসজির বিপক্ষে বার্সেলোনাকে ভুগতে দেখা গেছে। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি হারের পর স্প্যানিশ ক্লাবটির কোচ হান্সি ফ্লিক বলেছেন, হাইভোল্টেজ এই লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুত ছিল না তার দল।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার ৪-২ গোলে হারে বার্সেলোনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেল তারা।

দেজিরে দুয়ের দারুণ গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরান শাভি এস্পার্ত। লুকাস এরনঁদেজ স্বাগতিকদের আবার লিড এনে দেওয়ার পর, চমৎকার গোলে ফের বার্সেলোনাকে ম্যাচে ফেরান লামিন ইয়ামাল।

কিন্তু এরপর আর পেরে ওঠেনি কাতালান ক্লাবটি। পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল খেয়ে বসে সফরকারীরা; জালের দেখা পান ভিতিনিয়া ও ফাবিয়া রুইস।

আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। তবে লক্ষ্যে শট রাখার ক্ষেত্রে এগিয়ে ছিল পিএসজি। গোলের জন্য ২২টি শট নিয়ে ১৫টি লক্ষ্যে রাখতে পারে তারা, প্রথমার্ধে আটটিসহ মোট ১০টি সেভ করেন বার্সেলোনা গোলরক্ষক গার্সিয়া। বল দখলে একটু এগিয়ে থাকা বার্সেলোনার ১৮ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

ম্যাচটিতে রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুল কুন্দে ও এরিক গার্সিয়াকে পায়নি বার্সেলোনা। ঊরুর চোটে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ সেন্টার-ব্যাক গার্সিয়াকে। আর ফরাসি ডিফেন্ডার কুন্দে অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন। এছাড়া আগে থেকেই বাইরে আছেন ডেনমার্কের আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

ম্যাচের প্রথমার্ধে বড় ধাক্কা খায় দুই দলই। চোট নিয়ে মাঠ ছাড়েন পিএসজির উসমান দেম্বেলে ও বার্সেলোনার দানি ওলমো।

একাশে গুরুত্বপূর্ণ আরেকটি পরিবর্তনও আনেন ফ্লিক। টানা আট ম্যাচে শুরুর একাদশে খেলা রদ্রিকে ‘বিশ্রাম দিতে’ পিএসজির বিপক্ষে বদলি হিসেবে নামান তিনি।

পিএসজির মুখোমুখি হওয়ার আগে লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে খেলে বার্সেলোনা। বিরূপ আবহাওয়ার জন‍্য মাঝরাত পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করলেও সেদিন নিজেদের শহরে ফিরতে পারেনি তারা। আবহাওয়ার একটু উন্নতি হলে পরদিন বার্সেলোনায় ফেরেন ফ্লিকরা।

ব‍্যস্ত সূচির মধ‍্যে এই ধাক্কায় প্রস্তুতি পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ‍্য হয় বার্সেলোনা। তবে খেলোয়াড় ঘাটতি কিংবা টানা ম্যাচ খেলার ক্লান্তি, এসবকে অবশ্য অজুহাত হিসেবে দেখছেন না কোচ। ম্যাচ শেষে পিএসজির প্রশংসা করে নিজেদের আরও উন্নতির তাগিদ দিয়েছেন ফ্লিক।

“আমার মনে হয়, দুই দলই দারুণ একটি ম্যাচ খেলেছে। আক্রমণের শেষ ভাগে পিএসজি নিজেদের সামর্থ্য দেখিয়েছে, যেখানে তারা সত্যিই ভালো। আমার দলের খেলায় অনেক ইতিবাচক দিক দেখেছি, তবে কিছু জায়গায় উন্নতিরও প্রয়োজন আছে। বিষয়গুলো বুঝতে পারার জন্য আমাদের জন্য এটা একটি ভালো ম্যাচ ছিল। আমরা এগুলো নিয়ে কাজ করব।

“ট্রানজিশনে তারা অনেক দক্ষ। একই সঙ্গে শেষ ১০ মিনিটে আমরাও সতেজ ছিলাম না। যদিও এটা অজুহাত নয়। এই ম্যাচের জন্য আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। আমাদের ম্যাচটা বিশ্লেষণ করতে হবে এবং আরও ভালোভাবে কাজ করতে হবে।”

আগামী রোববার লা লিগায় রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের আগে পিএসজির সঙ্গে জিততে চেয়েছিলেন ফ্লিক।

“হ্যাঁ, আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা হারতে চাইনি। ১-১ সমতায় ফেরার পরও আমাদের সুযোগ ছিল। পিএসজি দুর্দান্ত খেলেছে। রোববার ক্লাসিকো এবং ম্যাচটি সবসময়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”