২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ

ছাত্রশক্তির নেতারা বলছেন, সাধারণ শিক্ষার্থীর নামে তারা এ হামলা চালিয়েছে, যা ভিত্তিহীন দাবি করেছে ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 10:44 PM

Updated : 24 Nov 2026, 10:44 PM

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ইসলামী ছাত্রশিবির এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠনটির নেতারা।

তবে ছাত্রশিবির বলেছে, এ ধরনের কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটেনি।

ছাত্রশক্তির নেতাদের অভিযোগ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কলেজ অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ‘সাধারণ শিক্ষার্থী’নামে ছাত্রশিবির কর্মীরা তাদের কলেজে প্রবেশ করতে বাধা দেয় এবং পরে হামলা করে।

কলেজ গেটে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ছাত্রশক্তির নেতারা বলেন, ছাত্রশিবির সন্ত্রাসীরা মহসিন কলেজ শাখা ছাত্রশক্তির মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী ও জুলাইয়ের আহত সাইফুর রহমান সাগরের ওপর হামলা চালায়।

সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির মহসিন কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাসির নাঈম বলেন, “ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলেজে সাংগঠনিক সফরে এসেছিলেন। এজন্য তাকে স্বাগত জানাতে দুপুরে আমরা ক্যাম্পাসে অপেক্ষায় ছিলাম। এ সময় সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে ‘গুপ্ত’ছাত্রশিবির কলেজের মেইন গেটে তালা লাগিয়ে পকেট গেট খোলা রাখে এবং কলেজ ড্রেস ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলে জানান।”

তিনি বলেন, “অনার্স পর্যায়ে শিক্ষার্থীদের পোশাক পরা বাধ্যতামূলক না হলেও ছাত্রশিবির জোর করে তা করেছে। সাধারণ সম্পাদককে নিয়ে কলেজ অধ্যক্ষের কক্ষে প্রবেশের পর ছাত্রশিবির কর্মীরা সাইফুর রহমান সাগরের ওপর হামলা চালায়।”

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, “কলেজ প্রশাসনকে জানিয়ে সব নিয়ম মেনে আমরা এখানে এসেছিলাম। কিন্তু দেখলাম তথাকথিত সাধারণ শিক্ষার্থী, যারা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, তারা প্রথমে আমাদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়।

“সাধারণ শিক্ষার্থী হিসেবে কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে ছাত্রশিবির ‘সন্ত্রাসীরা’ মুখ্য সংগঠক মাঈনুদ্দীন ও জুলাইয়ে আহত এ কলেজের শিক্ষার্থী সাইফুদ্দিন সাগরকেও আঘাত করে।”

ইয়াছিন পারভেজ ও মিজানুর রহমানের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মুদ্দাসসীর চৌধুরী ছবি দেখিয়ে বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এখানে এসেছিলেন। সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ করেছিলেন।

“আজ যারা বাধা দিয়েছেন, তারা ওই সময় তাকে পাহারা দিয়েছিলেন।”

ছাত্রশিবির নিজেরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও অন্যদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বাধা দিচ্ছে অভিযোগ করে ছাত্রশক্তির এ নেতা বলেন, “৫ অগাস্টের পর খুলে দেওয়া এ কলেজ হোস্টেল ছাত্রশিবির দখল করে তাদের অনুগতদের সিট দিচ্ছে, যেভাবে আগে ছাত্রলীগ তাদের অনুসারীদের সিট দিয়ে নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করত।”

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফিও বক্তব্য রাখেন।

অভিযোগের বিষয়ে জানতে মহসিন কলেজ ছাত্রশিবিরের সংগঠক ইয়াসিন পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ ধরনের কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটেনি। তাদের মতো আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কেন তাদের বাধা দেব?”

গেট আটকে দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থী, গেট আটকে দেওয়ার সাহস আমাদের হয়নি। যেগুলো বলা হচ্ছে, সব ভিত্তিহীন অভিযোগ। কেউ যদি প্রমাণ করতে পারে, আমরা হামলা করেছি, তাহলে মেডিকেল রিপোর্টসহ তারা মামলা করুক।”

এ বিষয়ে জানতে চাইলে মহসিন কলেজের অধ্যক্ষ সাহারা ফারিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রশক্তির নেতারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ সময় ছোট রুমে ৮০-৯০ জন ঢুকলে যে ক্যাওস হয়, সেটা হয়েছে। হয়তো সেখানে ছাত্রশিবিরের কেউ ছিল।”

চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।