নওগাঁ কারাগারে বগুড়ার এক আওয়ামী লীগ নেতার মৃত্যু
বগুড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হৃদরোগে আক্রান্ত ছিলেন।
নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারা গেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন নওগাঁ পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক কৌশিক আহমেদ।
মৃত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
চিকিৎসক কৌশিক আহমেদ বলেন, জাকির হোসেন হৃদরোগে আক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত ভিজিট করতেন তিনি। সকালে হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার সময়ই তিনি মারা যান।
নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, জাকির হোসেনের মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বগুড়া কারাগারের জেলার মোছা. রুকাইয়া পারভীন বলেন, ২০ জুন ঢাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়।
