‘পরিবেশগত অপরাধ’: গাজার ৯৯% এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরায়েল
গাজার ৯৯ শতাংশ এলাকাই এখন বিষাক্ত। তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজার পানি, মাটি ও বাতাস কীভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, তা উঠে এসেছে অক্সফামের এক নতুন প্রতিবেদনে।
তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ গাজাকে এক ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত করেছে। বিষাক্ত পানি ও দূষিত মাটি ২৩ লাখ মানুষের এই অবরুদ্ধ ভূখণ্ডে ফিলিস্তিনিদের টিকে থাকাকে হুমকির মুখে ফেলেছে।
আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থা অক্সফাম এবং ‘কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি’ (সিইওবিএস)-এর এক নতুন প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের বিস্ফোরক ও অগ্নিসংযোগকারী অস্ত্র ব্যবহার গাজার ৯৯ শতাংশেরও বেশি এলাকার পরিবেশকে দূষিত করেছে।
অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেছেন, “গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে সেখানকার পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। এগুলো পরিবেশগত যুদ্ধাপরাধ, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে।
এক বিবৃতিতে তিনি বলেন, “গাজায় এই ধ্বংস ও দূষণ মানুষের নিরাপদে বেঁচে থাকার পরিবেশকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এর মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন ভঙ্গ করেছে।”
“গাজায় বাস করা ফিলিস্তিনিরা বাতাস, খাবার ও পানির পাশাপাশি দূষিত মাটি এবং ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শে এসে নানাভাবে বিষাক্ত পদার্থের ক্ষতির শিকার হচ্ছে।”
অক্সফামের প্রতিবেদনে দেখানো হয়েছে, ইসরায়েলের ভবন ও পরিবেশ ধ্বংসের ফলে গাজার বাতাস, মাটি, খাবার এবং পানি কীভাবে দূষিত হয়ে পড়েছে।
পাশাপাশি, ফিলিস্তিনিদের জীবনের ঝুঁকি চিহ্নিত করা এবং তা কমানোর জন্য একটি পূর্ণ ও স্বাধীন তদন্তের জরুরি প্রয়োজনীয়তার ওপরও এতে জোর দেওয়া হয়েছে।
বোমাবর্ষণ, অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ এবং নর্দমার পানি থেকে ছড়ানো দূষিত পদার্থগুলো ফিলিস্তিনিদের শ্বাস নেওয়া বাতাস, পান করার পানি এবং খাবারের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করতে পারে।
স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং অন্যান্য উন্মুক্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে তৈরি অক্সফামের প্রতিবেদনে গাজায় ইসরায়েলের হামলার এখন পর্যন্ত সামগ্রিক প্রভাবের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে; যে হামলায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে গাজায় ‘যুদ্ধবিরতি’ হওয়ার পরও ১ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।
তাছাড়া,আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার একটি মামলার শুনানি চলছে। জানুয়ারিতে আইসিজে বলেছিল, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা বিশ্বাসযোগ্য।
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ৩১) বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার একদিন পরই এই প্রতিবেদনটি প্রকাশ পেল।
বায়ুদূষণ:
বিস্ফোরণ, অগ্নিকাণ্ডসহ ভবন ও অবকাঠামো ধ্বংসের ফলে নানা ধরনের দূষিত পদার্থ নির্গত হয়ে ধ্বংসস্তূপ ও মাটিতে জমে থাকে। বাতাস, যানবাহন চলাচল এবং ধ্বংসস্তূপ সরানোর কাজের মাধ্যমে সেগুলো আবার বাতাসে মিশে যাচ্ছে।
অক্সফামের বিশ্লেষণে দেখা গেছে, গাজা সিটি, জাবালিয়া এবং উত্তর গাজা গভর্নরেট এলাকায় এই দূষণের মাত্রা সবচেয়ে বেশি।
ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের ফলে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাসও নির্গত হয়েছে। তাছাড়া, ধ্বংসস্তূপ পরিষ্কার ও পুনর্নির্মাণ কাজের ফলেও ভবিষ্যতে আরও গ্রিনহাউজ গ্যাস নির্গত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে উল্লিখিত এক গবেষণায় ধারণা করা হয়, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সরাসরি এই সংঘাতের কারণে ১৩ লাখ টনেরও বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্যাস নির্গত হয়েছে।
গাজাজুড়ে ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ
অক্সফামের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত ইসরায়েলের স্থল অভিযানে গাজার ৩৬৫ বর্গকিলোমিটার (১৪১ বর্গমাইল) এলাকার মধ্যে প্রায় ২৮৩ বর্গকিলোমিটার (১০৯ বর্গমাইল) বা ৭৮ শতাংশ এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) আনুমানিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, যা বর্তমানে সেখানে বাস করা প্রতিটি মানুষের মাথাপিছু প্রায় ২৯ টন ধ্বংসস্তূপের সমান।
৯০ শতাংশেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে, যাদের অধিকাংশকেই একাধিকবার ঘরবাড়ি ছাড়তে হয়েছে।
অক্সফামের হিসাবে, গাজায় ধ্বংসস্তূপের পাহাড় সরাতে ২১ লাখ ডাম্প ট্রাকের প্রয়োজন হবে, যা বিশ্বের পরিধি ৭৩৬ বার প্রদক্ষিণ করার সমান দূরত্ব।
গাজায় যে পরিমাণ ধ্বংসস্তূপ পরিষ্কার করতে হবে, তা ২০১৭ সালের সংঘাতের সময় ইরাকের মসুল শহরে তৈরি হওয়া আনুমানিক ৭৬ লাখ ৫০ হাজার টন ধ্বংসস্তূপের প্রায় আট গুণ।
অক্সফামের প্রতিবেদনে গাজার ৯৯ শতাংশেরও বেশি এলাকায় অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস খুঁজে পাওয়া গেছে। বিশেষ করে গাজা সিটি, খান ইউনিস, রাফাহ, জাবালিয়া এবং সালাহ আল-দিন সড়ক করিডোর এলাকায় নানা বিপদের ঝুঁকি সবচেয়ে বেশি।
অবিস্ফোরিত গোলাবারুদের খোসায় মরিচা ধরার সাথে সাথে সেগুলো থেকে বিষাক্ত পদার্থ চুইয়ে মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে যেতে পারে।
এছাড়া সামরিক চলাচলের পথ ও সাবেক সেনা ঘাঁটিগুলোর আশপাশে পড়ে থাকা ক্ষতিগ্রস্ত যানবাহন, ব্যাটারি এবং জ্বালানি ভান্ডারগুলো এই ঝুঁকি আরও বাড়াচ্ছে।
অক্সফামের উল্লিখিত এক গবেষণায় ধারণা করা হয়েছে যে, গাজায় সংঘাতের সামগ্রিক চক্রে ৩ কোটি ৩২ লাখ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্যাস নির্গত হবে; যার মধ্যে শুধু পুনর্নির্মাণ কাজ থেকেই ৩ কোটি ১৪ লাখ টন কার্বন নিঃসরণ ঘটবে।
ফিলিস্তিনি পানি কর্তৃপক্ষের এক প্রতিবেদনের বরাত দিয়ে অক্সফাম জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের আগে গাজায় প্রতিদিন ৩ লাখ ৩৪ হাজার ১০৭ ঘনমিটার পানি সরবরাহ করা হত।
কিন্তু ২০২৪ সালের জুনে তা প্রায় ৮৪ শতাংশ কমে মাত্র ৫৪ হাজার ৭৪৭ ঘনমিটারে নেমে আসে। ২০২৬ সালের এপ্রিল নাগাদ জরুরি মেরামত কাজের পর দৈনিক পানি সরবরাহ ১ লাখ ৩০ হাজার ৩১৫ ঘনমিটারে উন্নীত হয়েছে; তবে তা এখনও হামলার আগের স্বাভাবিক অবস্থার চেয়ে ৬১ শতাংশ কম।
গাজার ৬১টি জলাধারের মধ্যে মাত্র ৯টি সচল রয়েছে। সেগুলোতে জমে থাকা মোট পানি দিয়ে গাজার প্রতিটি মানুষকে মাত্র একদিনের জন্য ১৮ লিটার করে পানি দেওয়া সম্ভব।
ঐতিহাসিকভাবে গাজার উপকূলীয় ভূগর্ভস্থ জলাধার থেকে এই অঞ্চলের ৮১ শতাংশ পানি সরবরাহ করা হত। অক্সফাম জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের আগেই এই জলাধারের ৯৭ শতাংশ পানি রাসায়নিকভাবে দূষিত হয়ে পড়েছিল।
গাজায় ইসরায়েলের আকাশ, স্থল ও নৌ অভিযানের মধ্যে কয়েক দশক ধরে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ স্তরে সমুদ্রের লোনা পানি ঢুকে পড়েছে।
সেইসঙ্গে নর্দমার পানি, কৃষিজমির রাসায়নিক বর্জ্য এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে এই দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
এবছর জুলাই মাসে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৯টি ভূগর্ভস্থ কূপের পানি পরীক্ষা করে ১৫টিতে (১৯ শতাংশ) ‘ফিকাল কলিফর্ম’ (মানুষ বা প্রাণীর মলে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া) শনাক্ত করেছে।
অক্সফাম জানিয়েছে, পানের দূষিত পানির সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উত্তর গাজা, গাজা সিটি এবং দেইর এল-বালাহ এলাকা। উল্লেখ্য, ২০২১ সালের এক মূল্যায়নে মাত্র ২ শতাংশ কূপে এই জীবাণু পাওয়া গিয়েছিল।
জুলাইয়ের পরীক্ষায় আরও দেখা গেছে, ৭৯টি কূপের মধ্যে ৬১টিতেই (৭৭ দশমিক ২ শতাংশ) প্রতি লিটার পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ ১ হাজার মিলিগ্রামের বেশি; যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মাত্রার চেয়ে ৪০০ মিলিগ্রাম বেশি—যে মাত্রা ছাড়ালে পানি পানের অযোগ্য হয়ে ওঠে।
২০২৪ সালের এপ্রিলের মধ্যেই ইসরায়েলের হামলায় গাজার ছয়টি বর্জ্য পানি শোধনাগারের সবকটি ধ্বংস হয়ে যায়। ফলে প্রতিদিন আনুমানিক ৪০ হাজার ঘনমিটার নর্দমার পানি ভূমধ্যসাগরে গিয়ে মিশছে, যা অলিম্পিকের ১৬টি সুইমিং পুল ভরিয়ে ফেলার সমান।
২০২৬ সালের এপ্রিল নাগাদ গাজার পাম্পিং স্টেশনগুলোর মধ্যে মাত্র ১৯ শতাংশ এবং পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের প্রায় ৩০ শতাংশ কোনওভাবে আংশিক সচল ছিল।
এছাড়া গাজার বর্জ্য সংগ্রহকারী গাড়ির বহর ২৬১টি থেকে কমে মাত্র ৪৮টিতে নেমে এসেছে।
প্রধান দুটি বর্জ্য ফেলার ভাগাড় এখনও ব্যবহার অনুপযোগী বা নাগালের বাইরে রয়ে গেছে। আর অন্তত ৫৬টি অস্থায়ী ভাগাড়ের মধ্যে মাত্র ১১টিতে পৌঁছানো সম্ভব হচ্ছে এবং সেগুলো চালু আছে।
এই বর্জ্য ফেলার স্থানগুলোতে সাধারণত মাটি ও ভূগর্ভস্থ পানিকে দূষণ থেকে রক্ষা করার মতো কোনও সুরক্ষা ব্যবস্থা নেই।
এবছর এপ্রিল নাগাদ আনুমানিক ১৪ লাখ ৫০ হাজার মানুষ ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রবে আক্রান্ত এলাকায় বাস করছিলেন।
মাটি ও খাদ্য নিরাপত্তা
২০২৩ সালের অক্টোবরের আগে গাজার স্থানীয় খামারগুলো থেকে সেখানকার মানুষের চাহিদার প্রায় ৯৫ শতাংশ তাজা শাকসবজি সরবরাহ করা হত।
কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ গাজার ৮৭ শতাংশেরও বেশি কৃষিজমি ধ্বংস হয়ে গেছে। অক্সফাম জানিয়েছে, মাত্র ৩ শতাংশ কৃষিজমি এখন অক্ষত আছে এবং সেখানে মানুষের প্রবেশের সুযোগ রয়েছে।
২০২৪ সালের অক্টোবরের মধ্যেই জাতিসংঘ জানিয়েছিল, ১০ লাখেরও বেশি জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে।
অক্সফাম ৭ হাজার ২০০’র বেশি ক্ষতিগ্রস্ত গ্রিনহাউজ চিহ্নিত করেছে এবং ফিলিস্তিনি বীজ সংরক্ষণ ও বিতরণ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার প্রমাণ নথিভুক্ত করেছে।
ইসরায়েলের হামলার আগে গাজার মৎস্য খাত থেকে বছরে প্রায় ৪ হাজার ৬৬০ টন মাছ উৎপাদিত হত, যার সঙ্গে মাছের খামারগুলো থেকে আরও ৭৫০ টন মাছ যোগ হত।
অক্সফামের প্রতিবেদনে গাজার প্রায় ৯৫ শতাংশ গবাদিপশু হারানো এবং মৎস্য আহরণ খাত পুরোপুরি ধসে পড়ার তথ্য তুলে ধরা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত গড়ে দৈনিক মাছ ধরার পরিমাণ ২০২২ সালের মাত্রার তুলনায় কমে মাত্র ৭ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।
অক্সফাম সতর্ক করে বলেছে, পুনরায় উৎপাদন শুরু হলে মাটি ও পানিতে থাকা দূষিত পদার্থ ফসল এবং সামুদ্রিক খাবারের মধ্যে প্রবেশ করতে পারে।
জীবিকা ও অর্থনৈতিক ব্যবস্থা
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে গাজার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮৩ শতাংশ কমে ৩৬ কোটি ২০ লাখ ডলারে নেমে এসেছে।
কৃষিখামার, ওয়ার্কশপ এবং কলকারখানা ধ্বংস হওয়ায় মানুষ তাদের আয়ের পথ এবং নতুন করে কাজ শুরু করার উপায় হারিয়েছে।
তাছাড়া, ধ্বংসস্তূপ সরানো, মেরামত ও কৃষিকাজের ফলে শ্রমিকরা আগামী বহু বছর ধরে অ্যাসবেস্টস, সিলিকা এবং অন্যান্য ক্ষতিকর ও বিপজ্জনক পদার্থের সংস্পর্শে আসার ঝুঁকিতে থাকবে।
গাজার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানার মধ্যে যেগুলোর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হয়েছে, সেগুলোর মধ্যে ৯২ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে- যার মধ্যে ৭২ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
অক্সফামের উল্লিখিত বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের এক যৌথ মূল্যায়নে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সরাসরি অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ হাজার ৫২০ কোটি ডলার (৩৫ দশমিক ২ বিলিয়ন ডলার) এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২ হাজার ২৭০ কোটি ডলার (২২ দশমিক ৭ বিলিয়ন ডলার) বলে জানানো হয়েছে।
এই মূল্যায়নে হিসাব ধরা হয়েছে যে, আগামী এক দশকে গাজার পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ কাজের জন্য ৭ হাজার ১৪০ কোটি ডলার (৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার) প্রয়োজন হবে। এর মধ্যে প্রথম ১৮ মাসেই লাগবে ২ হাজার ৬৩০ কোটি ডলার (২৬ দশমিক ৩ বিলিয়ন ডলার)।
স্বাস্থ্যঝুঁকি ও দীর্ঘমেয়াদী প্রভাব
গাজায় রোগব্যাধির প্রকোপের তথ্যে দেখা গেছে, এবছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১৯ লাখেরও বেশি তীব্র শ্বাসকষ্টজনিত সংক্রমণ এবং প্রায় ৮১ হাজার তীব্র পানিবাহিত ডায়রিয়া রেকর্ড হয়েছে।
ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে ৩৬ হাজারেরও বেশি জন ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু। এর আগে ২০২৫ সালে গাজায় ৪ লাখ ৯৬ হাজারেরও বেশি তীব্র ডায়রিয়া রোগী নথিভুক্ত হয়েছিল।
২০২৪ সালে গাজার বর্জ্য পানিতে ‘ভ্যাকসিন-ডেরাইভড পোলিওভাইরাস টাইপ-২’ শনাক্ত হয়। পরবর্তীতে এক শিশুর দেহে পোলিও ধরা পড়ে, যা ছিল গত ২৫ বছরের মধ্যে গাজায় প্রথম শনাক্ত হওয়া পোলিও রোগী।
এছাড়া, অক্সফামের প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর পানিতে ‘মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্ট সিউডোমোনাস’ (ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া) শনাক্ত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
আইনি, রাজনৈতিক ও আর্থিক ঝুঁকি
অক্সফাম জানিয়েছে, গাজার পানি, খাবার এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংসের বিষয়টি আন্তর্জাতিক আইনের (রোম সংবিধি) আওতায় গুরুতর যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
পাশাপাশি ইসরায়েল ‘গণহত্যা সনদ’ (জেনোসাইড কনভেনশন) লঙ্ঘন করেছে কি না, তা যাচাইয়ের ক্ষেত্রেও এটি বড় প্রমাণ হিসাবে কাজ করতে পারে।
কোনও ঘটনাকে গণহত্যা হিসেবে প্রমাণ করতে হলে একটি সুরক্ষিত জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট ‘উদ্দেশ্য’বা অভিপ্রায় ছিল সেটি প্রমাণ করার প্রয়োজন হয়।
অক্সফাম আহ্বান জানিয়েছে, যেখানেই এসব আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যাবে, সেখানেই যেন পূর্ণ ক্ষতিপূরণ আদায় করা হয়।
গাজা পুনরুদ্ধারে অক্সফাম পাঁচ ধাপের একটি পরিকল্পনা তুলে ধরেছে:
• প্রথম: ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে বিষাক্ত দূষণের সংস্পর্শ থেকে দূরে রাখা।
• দ্বিতীয়: কোথায় কী পরিমাণ দূষণ ছড়িয়েছে তা পরীক্ষা করে দেখা।
• তৃতীয়: বিপজ্জনক স্থানগুলো চিহ্নিত করা এবং জরুরি মেরামত শুরু করা।
• চতুর্থ: দূষিত এলাকাগুলো পরিষ্কার করা এবং ক্ষতিকর বর্জ্য নিরাপদভাবে সরিয়ে ফেলা।
• পঞ্চম: সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে এবং দীর্ঘ নজরদারির মাধ্যমে পুনর্নির্মাণ কাজ চালানো।
