ভারতে রপ্তানি: পাট পণ্যে সুখবর, পোশাকে শঙ্কা
“এবার (পাট নিয়ে) আবার আশা দেখা দিয়েছে, দেখা যাক কী হয়?”
নানা বাধা-বিপত্তির মধ্যেও ভারতের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানির আয় বাড়ছে, চামড়া খাতও ধরে রেখেছে ইতিবাচক ধারা; তবে কমছে পোশাক খাত থেকে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের দেশভিত্তিক যে তথ্য সবশেষ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, গত ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পাশের দেশ ভারতে ৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। ২০২৫-২৬ আর্থিক বছরের জুলাই-অক্টোবর সময়ে এই আয়ের অঙ্ক ছিল ৪ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার।
অন্যদিকে সবশেষ চার মাসে দেশটিতে তৈরি পোশাক রপ্তানি করে ২৫ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলারের বিদেশি মুদ্রা দেশে এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৩৮ শতাংশ কম।
২০২৫-২৬ আর্থিক বছরের জুলাই-অক্টোবর সময়ে এই আয়ের অঙ্ক ছিল ২৬ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার।
পাট খাত থেকে আয় বাড়ার কারণেই জুলাই-অক্টোবর সময়ে ভারতে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। এ চার মাসে ভারতের বাজারে ৬৫ কোটি ৩ লাখ ১০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছেন বিভিন্ন খাতের রপ্তানিকারকরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৬৩ শতাংশ বেশি।
প্রায় সোয়া দুই বছর ধরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে বাংলাদেশের। ২০২৪ সালের জুলাই মাসের শুরুতে বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু হয়; তা অগাস্টের শুরুতেই জনবিস্ফোরণে রূপ নিলে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। তিনি আশ্রয় নেন ভারতে।
এসবের মধ্যেই গত বছরের ৯ এপ্রিল ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করে ভারত সরকার।
ভারতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক, পাট ও পাটজাতপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং প্লাস্টিক দ্রব্য। এছাড়া কিছু সুতা ও বস্ত্রজাত পণ্যও রপ্তানি হয়। প্রতিবেশী দেশটিতে মোট রপ্তানির প্রায় অর্ধেকই তৈরি পোশাক।
গত বছরের ১৭ মে ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) ঘোষণা দেয়, ভারতের কেবল নবসেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন।
পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিএস)/ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, সুতার উপজাত, আসবাবপত্র রপ্তানি করা যাবে না।
পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী শুল্ক স্টেশন বা এলসিএসের জন্যও একই সিদ্ধান্ত জানানো হয়।
এরপর ২৭ জুন বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পাট ও পাটজাত পণ্য এবং কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত।
ভারতে প্রায় সব পণ্যই স্থলপথে রপ্তানি হতো। এর মধ্যে বেশিরভাগই যেত বেনাপোল স্থলবন্দর দিয়ে।
ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির তালিকায় পাট ও পাটজাত পণ্য অন্যতম প্রধান। দেশটিতে মোট রপ্তানি আয়ের ২৫ শতাংশের মত আসে এই খাত থেকে।
গত বছরের ১৭ মের প্রজ্ঞাপনে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিজিএফটি জানায়, বাংলাদেশ থেকে এসব পণ্য নবসেবা বা জওহরলাল নেহরু সমুদ্রবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে এসব পণ্য রপ্তানিতে কোনও বিধিনিষেধ নেই।
তবে এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে যেসব পণ্য নেপাল ও ভুটানে যাবে, সেসব পণ্য নেপাল বা ভুটান থেকে ভারতে যেতে পারবে না।
বাংলাদেশের বস্ত্র ও স্পিনিং শিল্প সুরক্ষার জন্য ২০২৫ সালের ১৫ এপ্রিল ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তী সরকার।
তার জেরেই ভারত সরকার ধাপে ধাপে স্থলপথে বাংলাদেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বলে ধারণা করা হয়।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বিভিন্ন দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে মোট ৩৪ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ডলার আয় করেছেন এ খাতের রপ্তানিকারকরা; যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি। এর মধ্যে ভারত থেকে এবার এসেছে ৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলার।
হিসাব অনুযাযী, এই চার মাসে পাট খাত থেকে মোট বিদেশি মুদ্রার ২২ দশমিক ৫০ শতাংশই এসেছে ভারত থেকে। অর্থাৎ জুলাই-অক্টোবরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে যত আয় হয়েছে, তার প্রায় চার ভাগের এক ভাগই এসেছে ভারত থেকে।
নানা প্রতিবন্ধকতার মধ্যেও ভারতে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ছে কেন—এ প্রশ্নের উত্তরে পাটকল উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সভাপতি তাপস প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু ভারতে নয়, সামগ্রিকভাবেই পাট খাত থেকে বেশি আয় এখন দেশে আসছে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর। আর এতে সোনালি আঁশ পাটের সোনালি দিন ফিরে আসার স্বপ্নও দেখছি আমরা।
“আমরা যদি বেনাপোলসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করতে পারতাম, তাহলে এ খাত থেকে আয় আরও বাড়ত। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে—এই যে ভারতের বাজারে আমাদের রপ্তানির উল্লম্ফন দেখা যাচ্ছে, সেটা কিন্তু পণ্যের দাম বেশি হওয়ার কারণেই বেড়েছে; পরিমাণের দিক দিয়ে কিন্তু রপ্তানি খুব একটা বাড়েনি। আবার একবারে বাড়েনি বললেও ভুল বলা হবে; বেড়েছে মূল্যবৃদ্ধিই বেশি ভূমিকা রেখেছে।”
পণ্যের দাম কেন বেড়েছে—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ কথা ঠিক যে, পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বিশ্বব্যাপীই পাট পণ্যের চাহিদা বেড়েছে। সে কারণে দাম বাড়ায় চাহিদা একটা অবদান রেখেছে।
“তবে আমরা যে বেশি দাম পাচ্ছি, সেটা কিন্তু আমাদের পণ্যের উৎপাদন খরচ বেশি পড়ার কারণে পাচ্ছি। এবার পাটের দাম বেশি। মৌসুমের শুরুতে প্রতি মণ ৩ হাজার ৮০০ টাকা ছিল। এখন ৫ হাজার ৬০০ টাকা।
“পাটের দাম বেশি হওয়ায় পণ্যের উৎপাদন খরচ বেশি পড়ছে; তাই রপ্তানিও করতে হচ্ছে বেশি দামে।”
তাপস প্রামাণিক বলেন, “বছরের পর বছর পাট নিয়ে আমরা আশাবাদের কথা শুনছি। কিন্তু কিছুই তো হচ্ছে না। স্বাধীনতার পর মোট রপ্তানির ৯০ শতাংশের বেশি বিদেশি মুদ্রা আসত যে খাত থেকে; সেই খাত পথ হারিয়ে ফেলল। আমরা সবাই চেয়ে চেয়ে দেখলাম; পরে রইলাম সবাই তৈরি পোশাক নিয়ে।”
‘৩৫টা সরকারি জুট মিল বন্ধ হয়ে গেল’ বলে খেদ প্রকাশ করলেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস।
তার কথায়, “এতে কী লাভ হলো, জানি না। এখন ইজারা দিয়ে মিলগুলো চালানোর চেষ্টা করা হচ্ছে। তাতেও কী লাভ হবে, জানি না।”
পাটপণ্যের রপ্তানি অনায়াসে দুই-তিন বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে তাপস বলেন, “তার জন্য কাঁচামালের সরবরাহব্যবস্থা মসৃণ করতে হবে। সেই সঙ্গে নতুন বাজারে রপ্তানির জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে।
“২০২০-২১ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে প্রায় সোয়া বিলিয়ন ডলার আয় হওয়ায় আমরা আশায় বুক বেঁধেছিলাম এই ভেবে যে—সোনালি আঁশ পাটের সুদিন হয়ত ফিরে আসতে শুরু করেছে। কিন্তু পরের বছরগুলোতে হোঁচট খায়; ১ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
“এবার আবার আশা দেখা দিয়েছে, দেখা যাক কী হয়?” বলেন তাপস প্রামাণিক।
বৈশ্বিক বাজারে পাটের তৈরি গৃহসজ্জার পণ্যের চাহিদার পাশাপাশি পাটের তৈরি শপিং ব্যাগ, টেকনিক্যাল টেক্সটাইল, তৈরি পোশাক, গার্ডেনিং বা বাগান, অটোমোবাইল ও প্যাকেজিংয়ে পাটপণ্যের চাহিদাও বাড়ছে। এছাড়া পাটকাঠির তৈরি চারকোলের চাহিদাও রয়েছে চীনসহ বিভিন্ন দেশে।
বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি এবং বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না বলেন, “সোনালি আঁশ পাট থেকে রপ্তানি আয় বৃদ্ধি এ খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। পাটের বহুমুখী ব্যবহার ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানো গেলে এ খাতের বার্ষিক রপ্তানি আয় ২ থেকে ৩ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
“এ লক্ষ্য অর্জনে গবেষণা ও পণ্য উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারের একটি সুপরিকল্পিত কৌশলগত কর্মপরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে গবেষণা ও পণ্য উন্নয়নে একটি বিশেষায়িত সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা জরুরি। এ কেন্দ্র থেকে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের নকশা, গুণগত মান ও উৎপাদনপ্রযুক্তি উন্নয়নে কারিগরি সহায়তা পাবেন।”
এতে নতুন পণ্য উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মনে করেন তিনি।
ভারতে পাট রপ্তানি বাড়ছে কেন—এ প্রশ্নের উত্তরে রাশেদুল করিম মুন্না বলেন, “পণ্যের দাম বাড়ার পাশাপাশি আরেকটি কারণ আছে। সেটি হচ্ছে—বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় পাট উৎপাদনকারী দেশ। আমাদের পাটের মান বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভালো। আর এটা ভারতীয় ক্রেতাদের আকর্ষণ করে।
“আর সে কারণেই নানা বাধার মধ্যেও তারা আমাদের পণ্য কেনেন।”
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২০২০-২১ আর্থিক বছরে ১১৬ কোটি ১৫ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল; রপ্তানি তালিকায় চামড়াকে পেছনে ফেলে উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। আগের ২০১৯-২০ অর্থবছরের চেয়ে রপ্তানি বেড়েছিল ৩১ দশমিক ৬৩ শতাংশ। মোট রপ্তানিতে পাট খাতের অবদান ৩ শতাংশে উঠেছিল।
সেই চাঙ্গাভাব আর থাকেনি। পরের টানা পাঁচ বছর কমে ২০২৪-২৫ অর্থবছরে ৮২ কোটি ডলারে নেমে আসে আয়; দ্বিতীয় স্থান হারিয়ে চতুর্থ স্থানে নামে। যা ছিল এক যুগের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০১৩-১৪ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য থেকে আয় হয়েছিল ৮২ কোটি ৪৫ লাখ ডলার।
সবশেষ গত অর্থবছরে কিছুটা বাড়ার পরও সেই চতুর্থ স্থানেই রয়েছে। সবার শীর্ষে যথারীতি তৈরি পোশাক। এর পর যথাক্রমে চামড়া, হোম টেক্সটাইল ও পাট।
২০২৫-২৬ অর্থবছরে এই খাত থেকে এসেছিল ৮৮ কোটি ৩৭ লাখ ডলারের বিদেশি মুদ্রা; মোট বেড়েছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।
বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। বছরে দেশে ৯০ লাখ বেল পাট উৎপাদিত হয়। পাটপণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে এ খাতে রপ্তানি আয় পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারে উন্নীত করা সম্ভব বলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার (বর্তমানে ইনভেস্ট বাংলাদেশ) এক প্রতিবেদনে বলা হয়।
নতুন সরকার পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে পাঁচ বছরের কর্মপরিকল্পনাও নিচ্ছে। এবার উচ্চাভিলাষী লক্ষ্য নয়; ২০৩১ সালের মধ্যে রপ্তানি আয় দ্বিগুণ করতে চায় সরকার। পাশাপাশি পাটবীজে প্রায় স্বয়ংসম্পূর্ণতা এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানো এর মূল লক্ষ্য।
পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ কথা ঠিক যে, পাটের সেই সুদিন ফিরিয়ে আনতে পারব না। তবে যে পথ হারিয়ে ফেলেছি, সেই পথ খুঁজে বের করে একটু ভালোভাবে হাঁটার উদ্যোগ নেওয়া হচ্ছে।
“পাঁচ বছরের মধ্যে পাট খাত থেকে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার আয়ের লক্ষ্য আমাদের।”
চামড়া খাতেও আশার আলো
গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ৪৬ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার আয় করেছেন এ খাতের রপ্তানিকারকরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৪৭ শতাংশ বেশি।
এই আয়ের মধ্যে ৩ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার এসেছে ভারত থেকে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক ৩১ শতাংশ বেশি।
হতাশা পোশাকে
চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে ১৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৮২ শতাংশ বেশি।
তবে এই চার মাসে ভারতে পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ; আয় হয়েছে ২৫ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলার। গত বছরের একই সময়ে আয়ের অঙ্ক ছিল ২৬ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার।
অথচ সবশেষ চার মাসে প্রচলতি-অপ্রচলিত প্রায় সব বাজারেই পোশাক রপ্তানি বেড়েছে।
একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। যুক্তরাজ্যে বেড়েছে প্রায় ৭ শতাংশ। কানাডায় বেড়েছে ২ দশমিক ৪১ শতাংশ। ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ইউরোপের বাজারে বেড়েছে প্রায় ৩ শতাংশ।
অন্যদিকে অপ্রচলিত বাজারের মধ্যে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ। জাপানে বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ। অস্ট্রেলিয়ায় বেড়েছে ৩ শতাংশের বেশি।
