২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যায় ভাগ বসাচ্ছে চীন, মিশর, ভিয়েতনাম

চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের ডেনিম পোশাকের রপ্তানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ, বাজার হিস্যাও কমেছে।

ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যায় ভাগ বসাচ্ছে চীন, মিশর, ভিয়েতনাম

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 11:36 PM

Updated : 20 Nov 2026, 11:36 PM

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও বাংলাদেশের রপ্তানি কমছে, কমছে বাজার হিস্যাও।

বিপরীতে চীন, মিশর ও ভিয়েতনামের মত প্রতিযোগী দেশগুলো রপ্তানি বাড়িয়ে ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে।

ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৪১ কোটি ৫৪ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। গত বছরের একই সময়ের তুলনায় এ আমদানি কমেছে ৩ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে একই সময়ে বাংলাদেশ থেকে ১০০ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইইউ। গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ।

অর্থাৎ, ইউরোপের সামগ্রিক ডেনিম আমদানি কমার তুলনায় বাংলাদেশ থেকে আমদানি কমেছে বেশি। এর প্রভাব পড়েছে বাজার হিস্যাতেও। গত বছরের একই সময়ে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশে।

২০১৭ সালে প্রথমবারের মত চীনকে টপকে ইইউর বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। এরপর থেকে অবস্থানটি ধরে রেখেছে দেশের তৈরি পোশাক খাত।

ইইউর বাজারে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি ৬০ কোটি ৯৭ লাখ ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় তাদের রপ্তানি কমেছে ৬ দশমিক ৬৩ শতাংশ। বাজারে পাকিস্তানের হিস্যা ১৭ দশমিক ৮৫ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি কমেছে ২০ দশমিক ২৭ শতাংশ। দেশটি এ সময়ে ৪৯ কোটি ৮১ লাখ ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। আর চতুর্থ অবস্থানে থাকা তিউনিসিয়া রপ্তানি করেছে ২৪ কোটি ৩৫ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭৩ শতাংশ কম।

Image

ফাইল ছবি

এগিয়েছে অন্য প্রতিযোগীরা

বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও তুরস্কের রপ্তানি কমলেও ইউরোপের বাজারে চীন, মিশর, ভিয়েতনাম ও ভারতের ডেনিম রপ্তানি বেড়েছে।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে চীনের ডেনিম রপ্তানি বেড়েছে ২০ দশমিক ২৩ শতাংশ। দেশটি এ সময়ে ২৩ কোটি ৫ লাখ ৪০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। ইইউর বাজারে চীনের হিস্যা এখন ৬ দশমিক ৭৫ শতাংশ।

একই সময়ে মিশরের রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৯৭ শতাংশ। দেশটি ২২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। বাজারে মিশরের হিস্যা ৬ দশমিক ৬১ শতাংশ।

অন্যদিকে, কম্বোডিয়া ও মরক্কোর রপ্তানি কমেছে যথাক্রমে ৫ দশমিক ৪৯ ও ১০ দশমিক ৬৮ শতাংশ। এ সময়ে কম্বোডিয়া ১৬ কোটি ৯৬ লাখ ১০ হাজার এবং মরক্কো ৭ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে।

তবে প্রবৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে ভিয়েতনাম। দেশটির রপ্তানি বেড়েছে ৩৮ দশমিক শূন্য ২ শতাংশ। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ভিয়েতনাম ৬ কোটি ১৫ লাখ ৭০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে।

ভারত একই সময়ে রপ্তানি করেছে ৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার ইউরোর ডেনিম পোশাক। দেশটির রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৪৯ শতাংশ।

তবে রপ্তানি বৃদ্ধির হার বেশি হলেও চীন, মিশর, ভিয়েতনাম ও ভারতের বাজার হিস্যা বাংলাদেশের তুলনায় এখনো অনেক কম।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমে যাওয়ায় ইইউর ডেনিম বাজারে যে বাড়তি সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারছে না। বরং ওই দুই দেশের হারানো বাজারের উল্লেখযোগ্য অংশ দখল করছে মিশর ও চীন।

“আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের রপ্তানি আরও বাড়ত।”

তিনি বলেন, বছরের প্রথম পাঁচ মাসে ক্রয়াদেশ কম থাকলেও পরের চার মাস পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। সে কারণে রপ্তানি কমার হারও কমে আসছে। তবে প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের তুলনায় বেশি প্রবৃদ্ধি করেছে।

“তার অন্যতম কারণ, আমরা ক্রেতা প্রতিষ্ঠানকে ভালো দাম অফার করতে পারছি না। গ্যাস–বিদ্যুতের উচ্চ মূল্যের পাশাপাশি নানা সংকটে ভুগছে কারখানাগুলো। এতে উৎপাদন ব্যয় বাড়ছে। তা ছাড়া আমাদের পণ্যে বৈচিত্র্য প্রতিযোগী দেশগুলোর চেয়ে কম।”

প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আরেকটি কারণ হিসেবে বাণিজ্য চুক্তির বিষয়টি তুলে ধরেন মহিউদ্দিন রুবেল।

“ইইউর সঙ্গে ভিয়েতনাম মুক্ত বাণিজ্য (এফটিএ) চুক্তি করেছে। ভারতও এফটিএ করার চূড়ান্ত পর্যায়ে আছে। সে কারণে ক্রেতাদের মধ্যে দেশ দুটি থেকে ডেনিম পোশাক কেনার আগ্রহ বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে।”

তিনি বলেন, “বেসিক ডেনিম দিয়ে যাত্রা শুরু হলেও দ্রুতই বাংলাদেশের উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তির ব্যয়বহুল মেশিনারিজে ঝোঁকেন। সর্বাধুনিক প্রযুক্তির উচ্চমূল্যের ডেনিম হয় এখন দেশে। এর পাশাপাশি মূল্য সংযোজন সুবিধাও এগিয়ে রেখেছে বাংলাদেশকে। অন্যান্য পোশাকের চেয়ে ডেনিমে মূল্য সংযোজনের সুযোগ বেশি। একটা দক্ষ জনশক্তি তৈরি হয়েছে। এসব সুবিধায় বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিমের উচ্চ কদর তৈরি হয়েছে।”

সেপ্টেম্বরেও রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়েনি

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ইইউর বাজারে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ।

এর আগের মাস অগাস্টে বাংলাদেশের রপ্তানি বেড়েছিল ১২ দশমিক ৭১ শতাংশ। ওই মাসে ১৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি হয়েছিল। অগাস্টে ইইউর সামগ্রিক ডেনিম আমদানিও বেড়েছিল ১১ দশমিক ২৩ শতাংশ।

অর্থাৎ, অগাস্টে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও সেপ্টেম্বরের চিত্রে সেই গতি ধরে রাখার প্রমাণ মিলছে না।

যুক্তরাষ্ট্রের বাজারেও শীর্ষে বাংলাদেশ

ইউরোপের বাইরে একক দেশ হিসেবে বাংলাদেশের ডেনিম পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। সেখানেও রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) যুক্তরাষ্ট্রে ৬১ কোটি ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। দেশটির ডেনিম আমদানি বাজারে বাংলাদেশের হিস্যা প্রায় ২৬ শতাংশ।

এ বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটি রপ্তানি করেছে ৫৫ কোটি ডলারের ডেনিম পোশাক। চীন ও ভিয়েতনাম রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে। তাদের রপ্তানির পরিমাণ যথাক্রমে ৪৫ কোটি ও ৩৫ কোটি ডলার।