নয় মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১২%, প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি
জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউর বাজারে সামগ্রিকভাবে পোশাক আমদানি কমলেও চীন ও ভিয়েতনাম থেকে রপ্তানি বেড়েছে।
বছর দেড়েক আগে ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ; ধারণা করা হচ্ছিল, যে কোনো সময় শীর্ষস্থানও দখল করে নিতে পারে।
কিন্তু সেই চিত্র বদলে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্কের ধাক্কায় বিশ্ববাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে প্রতিযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে প্রায় ১২ শতাংশ।
শনিবার প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোর তৈরি পোশাক ইইউর বাজারে রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই অঙ্ক ১১ দশমিক ৯১ শতাংশ কম।
ইইউর বাজারে প্রধান পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের রপ্তানিই সবচেয়ে বেশি কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৬৯ শতাংশ কমেছে ভারতের; পাকিস্তানের কমেছে ১০ দশমিক ২৯ শতাংশ।
এ ছাড়া তুরস্কের ৮ দশমিক ৯৮, শ্রীলঙ্কার ৮ দশমিক ৮৯, মরক্কোর ৫ দশমিক ২৫ এবং কম্বোডিয়ার ৩ দশমিক ০৩ শতাংশ কমেছে।
অন্যদিকে চীনের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ এবং ভিয়েতনামের ৪ দশমিক ৩৩ শতাংশ।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে চীন, বাংলাদেশ, তুরস্ক, ভারত, পাকিস্তান, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে মোট ৭ হাজার ৭২ কোটি ৪৬ লাখ ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে ইইউ। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৬ শতাংশ কম।
অর্থাৎ, ইইউর বাজারে সামগ্রিকভাবে পোশাক আমদানি কমলেও চীন ও ভিয়েতনাম থেকে রপ্তানি বেড়েছে। চীনের রপ্তানি মূল্য বাংলাদেশের চেয়ে প্রায় ১০ দশমিক ৭৭ বিলিয়ন ইউরো বেশি।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কের কারণে চীনের রপ্তানি বাণিজ্যে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে দেশটি ইউরোপের বাজারে আরও বেশি মনোযোগ দিচ্ছে। এর ফলে ইউরোপের বাজারে প্রতিযোগিতা বাড়ছে, আর বাংলাদেশ পিছিয়ে পড়ছে।
তৈরি পোশাক রপ্তানিতে চীন বিশ্বের শীর্ষ দেশ। দেশটির নিজস্ব কাঁচামালের জোগান, উৎপাদন সক্ষমতা ও কম লিড টাইমের সুবিধা রয়েছে।
লিড টাইম বলতে রপ্তানি আদেশ পাওয়ার পর ক্রেতার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত সময়কে বোঝায়। এসব সুবিধা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় চীনকে এগিয়ে রাখছে।
যুক্তরাষ্ট্রে কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের (অটেক্সা) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ৬১৩ কোটি ৫৫ লাখ বা প্রায় ৬ দশমিক ১৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি ৪ দশমিক ৫৭ শতাংশ কম।
এই বাজারে চীনের রপ্তানি কমেছে ২৩ দশমিক ০৮ শতাংশ এবং ভারতের ২৫ দশমিক ১৯ শতাংশ।
অন্যদিকে ভিয়েতনামের রপ্তানি বেড়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ। কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার বেড়েছে যথাক্রমে ৬ দশমিক ৪২ ও ২ দশমিক ৮১ শতাংশ।
ইউরোপে রপ্তানি কমার কারণ
ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমার কারণ জানতে চাইলে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামগ্রিকভাবে বলা যায়, ইউরোপের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো নয়। কয়েকটি দেশে সাম্প্রতিক আন্দোলনে পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে গেছে। এর প্রভাব আমাদের পোশাক রপ্তানিতে পড়ছে।”
তিনি বলেন, “আমার বিবেচনায় তিন কারণে ইইউতে তৈরি পোশাক রপ্তানি কমছে। এক, বাজারটিতে ভোক্তা পর্যায়ে তৈরি পোশাকের চাহিদা কমেছে। দুই, চীন ইইউতে আগ্রাসী বিপণন করে ক্রয়াদেশ নিচ্ছে। তিন, ভারতের সঙ্গে এফটিএ হওয়ায় ইইউর অনেক ক্রেতা দেশটিতে ক্রয়াদেশ সরাচ্ছে।”
চীনের রপ্তানি কৌশল প্রসঙ্গে ফজলে শামীম এহসান বলেন, “ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানিতে ধস নেমেছে। সেটা পুষিয়ে নিতে তারা এখন ইউরোপে রপ্তানি বাড়াতে সর্বশক্তি নিয়োগ করেছে। সরকারও সব ধরনের সহায়তা দিচ্ছে। তার সুফলই পাচ্ছে চীন। আর সব মিলিয়ে আমরা পিছিয়ে পড়ছি।”
রপ্তানির পরিমাণ ও দাম দুটোই কমেছে
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে চীন ইইউর বাজারে ১১৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার কেজি তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ৬ দশমিক ৩৮ শতাংশ বেশি।
অন্যদিকে বাংলাদেশ রপ্তানি করেছে ১০৪ কোটি ৪০ লাখ ২০ হাজার কেজি পোশাক, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭৪ শতাংশ কম।
ব্যবসায়ীরা বলছেন, ইইউর বাজারে চীনের তুলনায় বাংলাদেশের পিছিয়ে থাকার একটি বড় কারণ পোশাকের দাম। চলতি বছরের প্রথম নয় মাসে চীন প্রতি কেজি তৈরি পোশাক রপ্তানি করেছে গড়ে ১৯ দশমিক ৬৯ ইউরো দরে। গত বছরের একই সময়ের তুলনায় এ দাম ১ দশমিক ৮০ শতাংশ কম।
অন্যদিকে বাংলাদেশ প্রতি কেজি পোশাক রপ্তানি করেছে গড়ে ১৩ দশমিক ৭০ ইউরো দরে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫৪ শতাংশ কম।
তুরস্ক, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রপ্তানি করা প্রতি কেজি পোশাকের দাম বেড়েছে। ভারতের ক্ষেত্রে দাম কমেছে ১ দশমিক ৪২ শতাংশ।
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। অন্যদিকে প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে প্রতি কেজি পোশাকের গড় মূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭০ ইউরো।
“অর্থাৎ ইইউতে পোশাকের গড় আমদানি মূল্যের তুলনায় বাংলাদেশের পোশাকের দাম প্রায় ৩০ শতাংশ কম। রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি ইউনিটপ্রাইস বা একক মূল্য হ্রাসের কারণে বাংলাদেশের রপ্তানি আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।”
তিনি বলেন, “হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে ইইউতে রপ্তানি আয় কমার অর্ধেকের কিছু বেশি এসেছে পণ্যের দাম কমে যাওয়ার কারণে।
“এর ফলে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যাও কমেছে। গত বছরের একই সময়ে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ছিল ২১ দশমিক ১০ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ০৬ শতাংশে।”
