২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রম্পট লিখে ইউটিউবের হোমপেইজ সাজাবেন যেভাবে

এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নিজের পছন্দের কনটেন্ট অনুযায়ী আলাদা ফিড তৈরি করতে ও তা হাতের নাগালে রাখতে পারবেন।

প্রম্পট লিখে ইউটিউবের হোমপেইজ সাজাবেন যেভাবে

ইউটিউবে যা দেখছেন তা নিজের রুচির সঙ্গে আরও ভালোভাবে মেলাতে চাইলে প্রম্পট ব্যবহার করে একটি কাস্টম ফিড তৈরি করতে পারেন। ছবি: ম্যাগনিফিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 05:46 PM

Updated : 24 Nov 2026, 05:46 PM

কোটি কোটি মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ইউটিউব। প্ল্যাটফর্মটিতে প্রতিদিন দুই কোটিরও বেশি ভিডিও আপলোড হয়। পছন্দের কিছু দেখার জন্য এত বিপুল কনটেন্টের ভিড় থেকে বাছাই করা বেশ কঠিন।

ব্যবহারকারী নিয়মিত ইউটিউব দেখলে নিজের হোমপেইজটি সম্ভবত তার আগ্রহের দিকেই ঝুঁকে আছে, তা সে কমেডি, ঘর সাজানোর টিউটোরিয়াল বা নব্বইয়ের দশকের মিউজিক ভিডিও যাই হোক না কেন।

অ্যালগরিদম ব্যবহারকারীকে কী ধরনের ভিডিওর পরামর্শ দেবে এর ওপর আরও নিয়ন্ত্রণ চাইলে প্লেলিস্ট সাজানোর কাজটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের হাতে ছেড়ে দেওয়ার সুযোগ এনেছে ইউটিউব।

২০২৬ সালের অক্টোবর থেকে প্ল্যাটফর্মটি ‘কাস্টম ফিডস’ সুবিধা চালু করেছে।

এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী স্বাভাবিক ভাষা ব্যবহার করে নিজের পছন্দের কনটেন্ট অনুযায়ী আলাদা ফিড তৈরি করতে ও সহজেই হাতের নাগালে রাখতে পারবেন।

হোমপেইজকে নিজের পছন্দমতো সাজাতে চাইলে যেভাবে এই ফিড তৈরি করবেন তা নিচে তুলে ধরা হল–

কাস্টম ফিড যেভাবে তৈরি করবেন

ইউটিউবে যা দেখছেন তা নিজের রুচির সঙ্গে আরও ভালোভাবে মেলাতে চাইলে প্রম্পট ব্যবহার করে একটি কাস্টম ফিড তৈরি করতে পারেন।

ব্যবহারকারীর হোমপেইজের একদম ওপরে থাকা ‘+’ চিহ্নে ট্যাপ করুন, সেখানে ‘কাস্টম ফিড’ লেখাটিও দেখা যেতে পারে। এরপর বক্সে আপনি কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী তা লিখে দিন।

ইউটিউব বলেছে, “আপনি লিখতে পারেন, ‘আমি রেট্রো প্রযুক্তির নস্টালজিয়া চাই: আশির দশকের বিজ্ঞাপন, ভিন্টেজ পিসি, সিআরটি গ্লো’।”

এক্ষেত্রে ব্যবহারকারীকে যে সবসময় খুব সুনির্দিষ্ট হতে হবে এমন কোনো কথা নেই। ব্যবহারকারী চাইলে ‘আমার নিয়মিত ফিডের বাইরে সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে চাই’ এমন ফিডও চাইতে পারেন।

একবার ফিড তৈরি হয়ে গেলে ব্যবহারের জন্য সেটা স্ক্রিনের একদম ওপরেই পাবেন।

ইউটিউব বলেছে, “আপনি যা দেখছেন তাতে কোনো পরিবর্তন আনতে চাইলে যে কোনো সময় ফিডের ওপরে থাকা প্রম্পট বক্সটি ব্যবহার করতে পারবেন।”

কাস্টম ফিডের ধারণাটি ব্যবহারকারীর পছন্দ হয়ে থাকলে, ইউটিউব প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়াই সর্বোচ্চ তিনটি ফিড সংরক্ষণ করতে পারবেন।

প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে সংরক্ষণ করা যাবে সর্বোচ্চ আটটি ফিড। সাবস্ক্রিপশন থাকুক বা না থাকুক, অ্যাকাউন্টে সাইন-ইন করা থাকলে ব্যবহারকারীর তৈরি করা কাস্টম ফিডগুলো মোবাইল ও ডেস্কটপ উভয় সংস্করণেই স্বয়ংক্রিয়ভাবে সিঙ্কড হবে।

মনে রাখা জরুরি, টানা ৩০ দিন ব্যবহার না করলে কাস্টম ফিডগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। এমনটা ঘটলে ব্যবহারকারী সবসময়ই নতুন প্রম্পট দিয়ে পুনরায় ফিড তৈরি করে নিতে পারবেন।

এ ছাড়া, এসব ফিড প্ল্যাটফর্মটির কমিউনিটি গাইডলাইনের আওতাধীন থাকবে বলেও জানিয়েছে ইউটিউব।

এখন পর্যন্ত কাস্টম ফিড সুবিধাটি কেবল যুক্তরাষ্ট্রে ও ইংরেজি ভাষায় চালু রয়েছে। ফিচারটি ব্যবহার করতে অ্যাকাউন্টের ‘সার্চ হিস্ট্রি’ চালু থাকতে হবে।

হোমপেইজের অন্যান্য পরিবর্তন

ইউটিউব হোমপেইজে কেবল কাস্টম ফিডই আনেনি, আরও কিছু পরিবর্তন যোগ করেছে, বিশেষ করে মোবাইল অ্যাপে পেইজের একদম ওপরে ‘লাইভ’ বা ‘মিউজিক’-এর মতো বিভিন্ন ক্যাটেগরির ফিডের সারি চোখে পড়তে পারে।

এর মধ্যে কিছু ফিড ব্যবহারকারীর সাবস্ক্রিপশনের ওপর নির্ভর করবে। ‘প্রাইমটাইম চ্যানেল’ সাবস্ক্রিপশন না থাকলে ব্যবহারকারী ‘মুভিজ অ্যান্ড টিভি’ ফিডটি দেখতে পাবেন না।

ইউটিউব বলেছে, ব্যবহারকারীর বিভিন্ন সাবস্ক্রিপশনের তালিকা ফিডটি ওপরের বারে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ যদি এসব ফিড থেকে বেরিয়ে আসতে চান তবে বাম পাশের ‘হোম’-এ ট্যাপ করে যে কোনো সময় আগের হোমপেইজে ফিরতে পারবেন।

নিজেদের ব্লগ পোস্টে ইউটিউব বলেছে, ‘আরও নিরবচ্ছিন্ন হোম অভিজ্ঞতা’ তৈরির লক্ষ্যে ধারাবাহিক কিছু আপডেটের অংশ হিসেবেই এসব পরিবর্তন আনা হয়েছে।

কেউ যদি এমন ফিড তৈরি করতে চান, যা হোমপেইজ থেকে সহজে ব্যবহার করা যায়, তবে ইউটিউবের কাস্টম ফিড ফিচারটি পরখ করে দেখতে পারেন।