১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বাইন্যান্সে চুরির অর্থ পাচারে মাস্কের মিমকয়েন বানাচ্ছে উত্তর কোরিয়া

গেল মাসে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কিত এক হ্যাকার দল।

বাইন্যান্সে চুরির অর্থ পাচারে মাস্কের মিমকয়েন বানাচ্ছে উত্তর কোরিয়া

চুরির অর্থের উৎস গোপন ও লেনদেনের গতিপথ ঘোলাটে করতে ইন্টারনেট মিম ও আলোচিত ব্যক্তির নামে মিমকয়েন তৈরি করছে হ্যাকার দলটি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 02:11 PM

Updated : 11 Nov 2026, 02:11 PM

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগে অভিযুক্ত উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করা অর্থ পাচার করতে এখন নাম সর্বস্ব ও বিচিত্র সব মিমকয়েন তৈরি করছে বলে জানিয়েছেন গোয়েন্দা ও ব্লকচেইন গবেষকরা।

গেল মাসে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’ থেকে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হাতিয়ে নেয় উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কিত হ্যাকিং দল ‘ট্রেডারট্রেটর’।

তারা বিটকয়েন, ইথেরিয়ামসহ একাধিক ডিজিটাল সম্পদ চুরি করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

গবেষকদের প্রতিবেদন অনুসারে, চুরির অর্থের উৎস গোপন ও লেনদেনের গতিপথ ঘোলাটে করতে ট্রেডারট্রেটর দলটি ইন্টারনেট মিম, বিভিন্ন প্রাণী বা আলোচিত ব্যক্তির নামে নতুন নতুন মিমকয়েন তৈরি করছে।

ব্লকচেইন গবেষণা কোম্পানি ‘এলিপটিক’ বলেছে, জালিয়াতি চক্রটি গোলাপি রঙের বো পরা বানর, মার্কিন পতাকার সামনে হাঁস ও ‘ইলন ২০২৮ প্রেসিডেন্ট’ ব্যানারসহ ইলন মাস্কের ছবি ব্যবহার করে একাধিক মিমকয়েন তৈরি করেছে।

Image

‘ইলন ২০২৮ প্রেসিডেন্ট’ ব্যানারসহ মাস্কের ছবি ব্যবহার করে একাধিক মিমকয়েন তৈরি করেছে হ্যাকাররা। ছবি: রয়টার্স

এলিপটিক-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী টম রবিনসন বলেছেন, “এখন পর্যন্ত এসব মিমকয়েনের মাধ্যমে পাচার করা অর্থের পরিমাণ তুলনামূলক কম প্রায় ৪ লাখ ৩০ হাজার ডলার।

“তবে এই পদ্ধতি ব্যবহারে খরচ খুবই কম ও হ্যাকাররা চাইলে এটা ব্যবহার করে ভবিষ্যতে আরও অনেক বড় অংকের অর্থ সরাতে পারে।

“ব্লকচেইনে এই লেনদেনের গতিপথ এখনও স্পষ্ট অনুসরণ করা সম্ভব। মিমকয়েন ব্যবহারের ফলে তদন্তকারীদের কাজ কিছুটা ধীরগতি পেলেও অর্থ পুরোপুরি লুকিয়ে ফেলা সম্ভব হচ্ছে না। নতুন তৈরি এসব টোকেন ব্যবহার শেষে ফেলে দেওয়ার খরচও অতি নগণ্য।”

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, ট্রেডারট্রেটর দলের সদস্যরা চুরির অর্থের প্রকৃত উৎস গোপন করতে শুরুতেই সেসব সম্পদ ইথেরিয়ামে রূপান্তর করছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, হ্যাকাররা চূড়ান্ত ধাপে এসব অর্থ পুরোপুরি পাচারের উদ্দেশ্যে বিকেন্দ্রীভূত অর্থায়ন বা ‘ডিফাই’ ও তাৎক্ষণিক বিনিময় পরিষেবা ব্যবহার করে হাতবদল চালিয়ে যাবে।

ব্লকচেইন নামের লেজারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির লেনদেনের গতিপথ চিহ্নিত করা গেলেও বিকেন্দ্রীভূত কাঠামোর কারণে চুরি হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন।

সাইবার অপরাধীরা ব্লকচেইন প্রযুক্তির কোনো নির্দিষ্ট সীমান্ত না থাকা ও ছদ্ম-বেনামি সুবিধার সুযোগ নিয়ে লেনদেনের অডিট ট্রেইল বা প্রমাণ ঢেকে ফেলে।

অর্থের মূল উৎস লুকাতে তারা একাধিক ডিজিটাল মধ্যস্থতাকারীর জটিল এক নেটওয়ার্কের মধ্য দিয়ে চুরি করা অর্থ ঘুরিয়ে আনে।

ফরেনসিক তদন্তকারীরা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের চুরি ঠেকাতে পুরো শিল্প জুড়ে সমন্বিত পদক্ষেপ ও অপরাধীরা মানি লন্ডারিংয়ের সুযোগ পাওয়ার আগেই তা ফ্রিজ করতে দ্রুত সাড়াদান জরুরি।

যুক্তরাজ্যের সাবেক জ্যেষ্ঠ আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা ও ক্রিপ্টো ট্রেসিং কোম্পানি ‘আইস্যাঙ্কচুয়ারি’র বর্তমান প্রধান নির্বাহী জোনাথন বেন্টন বলেছেন, “বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার চুরির ঘটনা পুরো ক্রিপ্টোকারেন্সি শিল্পের জন্য বড় সতর্কবার্তা হওয়া উচিত।

“এটি স্রেফ আরেকটি সাইবার হামলা নয়, বরং ডিজিটাল সম্পদকে নিশানা করে সংগঠিত অপরাধ কতটা বিস্তৃত ও আধুনিক রূপ নিয়েছে এটা তারই এক হুমকি।

“চুরি যাওয়া অর্থ ট্র্যাক করার প্রযুক্তি এখন হাত বাড়ালেই মেলে। ফলে মূল চ্যালেঞ্জ হল সেই তথ্যকে কাজে লাগিয়ে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া, যাতে অপরাধীরা সম্পদ সরিয়ে ফেলার সুযোগ না পায়। এটাকে পুরো কাঠামোরই অংশ করে তুলতে হবে।”

পুরনো খবর:

বাইন্যান্স হয়ে ইরানে ১৫০ কোটি ডলার গেছে: মার্কিন বিচার বিভাগ
বাইন্যান্সে হ্যাকিংয়ের অস্ত্র ছিল এআই টুল আর চাকরির লোভ
২০ মিনিটে ঘটল বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিং, কিন্তু কীভাবে?
ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো চুরি, বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার লুটের পর সম্পদ জব্দ
চুরি হওয়া অর্থের ৯৫ শতাংশ উদ্ধার, উত্তোলন চালু করছে বাইন্যান্স