২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

থিমেটিক বন্ডকে মূল বাজারে লেনদেনের উদ্যোগ নেওয়া হয়েছে: মাসুদ খান

নতুন বন্ডগুলোকে মূল বোর্ডে লেনদেনের উপযোগী করে তুলতে কাজ চলছে, বলেন বিএসইসির চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 07:37 PM

Updated : 29 Nov 2026, 07:37 PM

বন্ড মাকের্ট উন্নয়নে ‘থিমেটিক' বন্ডকে মূল বাজারে লেনদেনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা— বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

রোববার ঢাকার নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারের এক অনুষ্ঠানে এ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

দেশের প্রথম থিমেটিক বন্ড সাজিদা অরেঞ্জ বন্ডের ‘রিং দ্য বেল ও ক্লোজিং’ শিরোনামে এ অনুষ্ঠান হয়।

অরেঞ্জ বন্ড ইস্যু করে ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে সাজিদা ফাউন্ডেশন।

১, ২ ও ৩ বছর মেয়াদী বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ খাদ্যনিরাপত্তা ও কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কর্মসংস্থান ও আবাসন খাতের নারীকেন্দ্রিক অর্থায়নে ব্যবহৃত হবে।

সাধারণ বন্ডের অর্থ যেকোনো কাজে ব্যবহার করা গেলেও থিমেটিক বন্ডের অর্থ ব্যয়ের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত থাকে। থিমেটিক বন্ডের মাধ্যমে পাওয়া অর্থ সাধারণত নির্দিষ্ট কোনো উদ্দেশ্য, খাত বা বিষয়ভিত্তিক কাজে ব্যয় করতে হয়।

পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন বা টেকসই উন্নয়নের মতো লক্ষ্য অর্জনে নেওয়া প্রকল্পে অর্থায়নের জন্য এ ধরনের বন্ড ইস্যু করা হয়।

বিএসইসি চেয়ারম্যান বলেন, নতুন বন্ডগুলোকে মূল বোর্ডে লেনদেনের উপযোগী করে তুলতে কাজ চলছে। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থের সঠিক ব্যবহার কমিশন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যাচাই করবে।

বর্তমানে বিকল্প ট্রেডিং বোর্ডের (এটিবি) মাধ্যমে চলছে বন্ড লেনদেন।

অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা এখনো প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত।

এ সীমাবদ্ধতা দূর করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বন্ড মার্কেট ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির বলেন, ‘‘অরেঞ্জ বন্ড বাংলাদেশের পুঁজিবাজারের এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে লিঙ্গসমতা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।’’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বক্তব্য রাখেন।