২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস বন্ড: ‘বেশি বিখ্যাত’ হওয়ায় শুরুতে রবার্ট প্যাটিনসনকে চানানি জেফ বেজোস

“স্ক্রিন টেস্টে এটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে রাবার্টই জেমস বন্ড।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 08:43 PM

Updated : 21 Nov 2026, 08:43 PM

ড্যানিয়েল ক্রেইগ জামানা শেষে নতুন জেমস বন্ডকে সমানে আনতে প্রযোজনা সংস্থার সময় লেগেছে পাঁচ বছর। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের জেমস বন্ড চরিত্রে নতুন অভিনেতা নির্বাচনের এই প্রক্রিয়ায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোস 'গভীরভাবে জড়িত' ছিলেন।

প্রযোজনা সংস্থা অ্যামাজন এমজিএম রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে বেছে নিয়েছে কদিন আগে; তবে প্যাটিনসনকে বন্ড হিসেবে বেছে নিছে শুরুতে আগ্রহী ছিলেন না বেজোস।

বেজোসের যুক্তি ছিল, বন্ড ঐতিহাসিকভাবেই তারকাচরিত্র। এই চরিত্রের জন্য এমন কারো আসা উচিত, যার আলাদা করে কোনো তারকাখ্যাতি নেই বলে জানিয়েছে ভ্যারাইটি।

তাই প্যাটিনসন আগে থেকেই 'এত বিখ্যাত' হওয়ায় শুরুতে তাকে নেওয়ার ব্যাপারে বেজোসের আপত্তি ছিল।

বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন অনেকে। অনেকজনের মধ্যে থেকে পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা করার পর তাদের স্ক্রিন টেস্ট নেওয়া হয়। এরপর প্যাটিনসনই হয়ে ওঠেন বন্ড অভিনেতা।

বেজোস বলেন, তারা ‘জিরোজিরোসেভেন’ কোডের এজেন্টকে বেছে নিতে সুসংগঠিত প্রক্রিয়া অনুসরণ করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গেল শুক্রবার।

“শুরুতে প্রার্থীর সংখ্যা ছিল অনেক। সেখান থেকে বাছাই করে পাঁচজন চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হয়। আমরা এই পাঁচজনের পুরোনো ধাঁচের স্ক্রিন টেস্ট নিয়েছি। সেখানে তাদের বন্ডের পোশাক পরানো হয়, সেট তৈরি হয়, সহঅভিনেতাদেরও রাখা হয়। বিষয়টি দারুণ ছিল।

“পাঁচজন চূড়ান্ত প্রার্থীর প্রত্যেককে দিয়ে আমরা তিনটি আলাদা দৃশ্য করিয়েছি। এরপর শুক্রবার আমরা সবাই একসঙ্গে বসে কয়েক ঘণ্টা ধরে সবগুলো টেস্ট দেখেছি এবং পর্যালোচনা করেছি।”

বেজোসের কথায়, “এই পাঁচজনের তালিকায় পৌঁছানোর সময় দেখা গেল, তারা সবাই অসাধারণ। কিন্তু রব (রবার্ট প্যাটিনসন) এবং তার অভিনয়ে বিশেষ কিছু একটা ছিল। এ নিয়ে আর কোনো বিতর্ক থাকেনি আমাদের কারো মধ্যে।

“পরিচালকসহ সেখানে আমরা যারা ছিলাম, তারা সবাই রবের দিকেই ঝুঁকে পড়েছিলাম। শুরুতে আমরা তার ব্যাপারে কিছুটা বিরূপ ছিলাম, কেবলমাত্র এ কারণে যে, তিনি এমনিতেই অনেক বিখ্যাত ইতোমধ্যে। ভেবেছিলাম, হয়ত তুলনামূলক অপরিচিত কাউকে নেওয়া উচিত। কিন্তু স্ক্রিন টেস্টে এটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে তিনিই জেমস বন্ড।”

বেজোস আর কোনো প্রার্থীর নাম সামনে আনেননি।

বিভিন্ন প্রতিবেদনে এসেছে বন্ড হিসেবে শীর্ষ পছন্দের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্যালাম টার্নার, জশ ও'কনর, জ্যাক লাউডেন ও নিকোলাস হোল্ট। এছাড়া একসময় প্রতিযোগিতায় থাকার গুঞ্জন ছিল জ্যাকব এলোর্ডি, টম ফ্রান্সিস, অ্যারন টেইলর-জনসন, হ্যারিস ডিকিনসন, এমনকি হ্যারি স্টাইলসের নামও।

১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। এরপর জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান বন্ড হয়েছেন। ব্রসনানের পর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পাই চরিত্রটিকে ২০২১ সালে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।

ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বন্ডের বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।

এছাড়া নির্মাতারা চাইছিলেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।

ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘ ৬৩ বছর পর বন্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ইয়ন ফিল্মস।

অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তির ফলে উইলসন ও ব্রোকলি এককভাবে বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ হারায়।

সে সময় এক বিবৃতিতে বলা হয়েছে উইলসন ও ব্রোকলি সহ স্বত্বাধিকারী হিসেবে থাকছেন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করছে অ্যামাজন এমজিএম।

নতুন বন্ড সিনেমাটি পরিচালনা প্রখ্যাত কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভ। চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়েছে স্টিভেন নাইটের উপর।

এদিকে শুরুতে প্যাটিনসনের পরিচয় ছিল রোমান্টিক নায়ক হিসেবে। হলিউডে প্রথম নজর কাড়েন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করে।

তার সেই রোমান্টিক পরিচয় অনেকটাই ম্লান হয়ে যায়, ‘টোয়ালাইট’ সিরিজে প্যাটিনসন ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করার পর।

এরপর কখনো অস্থির যুবক, অপরাধী হয়ে পর্দায় আসেন। এসব চরিত্রে নিজেকে ভেঙেচুরে নানা ভাবে তুলে ধরেন দর্শকের সামনে।

পুরনো খবর:

জেমস বন্ড হতে রবার্ট প্যাটিনসন ‘সুবিধাজনক শর্ত’ পেয়েছেন?
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
নতুন জেমস বন্ড: চিত্রনাট্যের প্রথম খসড়া তৈরি
আগামী জেমস বন্ড কে? অবশেষে অডিশন শুরু
নতুন ‘জেমস বন্ড’ বানাবেন অস্কার মনোনীত এক নির্মাতা
অ্যামাজনের হাতে কী হবে জেমস বন্ডের?
বন্ড হতে চান রিজ আহমেদ, আটকাচ্ছে কোথায়