১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন জেমস বন্ড: চিত্রনাট্যের প্রথম খসড়া তৈরি

নাইটের কথায়, জেমস বন্ডের চিত্রনাট্য লেখার সুযোগ তার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 05:40 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ব্রিটিশ সিক্রেট সার্ভিসের জেমস বন্ড চরিত্রে কে আসছেন, সেটি এখনও নির্ধারণ না হলেও চিত্রনাট্য নিয়ে নতুন খবর জানিয়েছেন চিত্রনাট্যকার স্টিভেন নাইট। 

ভ্যারাইটি জানিয়েছে, নাইট বলেছেন নতুন বন্ড সিনেমার চিত্রনাট্যের প্রথম খসড়া লেখার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

যুক্তরাজ্যের গ্রেটেস্ট হিটস রেডিওতে জো বলের উপস্থাপনায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই তথ্য নিশ্চিত করেন স্টিভেন নাইট। চিত্রনাট্যের খসড়া শেষ হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি মাথা নেড়ে সম্মতি জানান।

‘পিকি ব্লাইন্ডার্স’, ‘আ থাউজেন্ড ব্লোজ’, ‘হাউস অব গিনেস’ সিরিজ ও ‘ইস্টার্ন প্রমিজেস’, ‘লক’, ‘স্পেনসার’সহ অনেক আলোচিত সিনেমার চিত্রনাট্য লিখে সাফল্য পেয়েছেন স্টিভেন নাইট। ‘ডার্টি প্রিটি থিংস’ সিনেমার জন্য পেয়েছিলেন চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার মনোনয়ন। নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লেখার দায়িত্ব এখন তার ওপরেই। 

নাইটের কথায়, জেমস বন্ডের চিত্রনাট্য লেখার সুযোগ তার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু।

তিনি বলেন, “আমি আনন্দ নিয়ে কাজটি করছি। এমন সিনেমার চিত্রানাট্য লেখার সুযোগ পাওয়া অনেক সম্মানের। আমার বিশ্বাস, সিনেমাটি দুর্দান্ত কিছু হতে যাচ্ছে। অপেক্ষায় থাকুন,ম সত্যিই অসাধারণ একটি সিনেমা উপহার পাবে দর্শক।”

চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম আমাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে।

চিত্রনাট্যকার স্টিভেন নাইট ও অভিনেতা গ্যারি ওল্ডম্যান স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, অডিশনের মাধ্যমে ইতিমধ্যে নতুন জেমস বন্ডকে চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বছরের শেষভাগের কোনো জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বন্ডের নাম সামনে আনা হতে পারে। 

এর আগে সিএনএন মে মাসে জানিয়েছিল, ফ্রাঞ্চাইজির ২৬তম সিনেমার জন্য বন্ড নির্ধারণ করতে অডিশন শুরু করেছে প্রযোজনা সংস্থা। তবে কেবল জেমস বন্ড নয় সহশিল্পী খোঁজার কাজও চলছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।

এখন পুরনো বন্ডদের উত্তরসূরী কে হতে চলেছেন তা নিয়ে ভক্তদের জল্পনার শেষ নেই। সিএনএন জানিয়েছে, বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন ও হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডি।

১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। এরপর জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান বন্ড হয়েছেন। ব্রসনানের পর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পাই চরিত্রটিকে ২০২১ সালে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।

ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বন্ডের বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।

এছাড়া নির্মাতারা চাইছিলেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।

ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘ ৬৩ বছর পর বন্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ইয়ন ফিল্মস।

অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তির ফলে উইলসন ও ব্রোকলি এককভাবে বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ হারায়।

সে সময় এক বিবৃতিতে বলা হয়েছে উইলসন ও ব্রোকলি সহ স্বত্বাধিকারী হিসেবে থাকছেন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে অ্যামাজন এমজিএম।

সিনেমার নতুন পর্ব কবে আসবে, আগামী বন্ড কে হবেন, অন্যান্য অভিনয়শিল্পী কারা হচ্ছেন-সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন অ্যামাজন এমজিএম স্টুডিওর হাতে।

স্টুডিওর হাতে দায়িত্ব পৌঁছানোর চারমাসের মাথায় জানা যায়, নতুন জেমস বন্ড পরিচালনর দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভ। পরিচালক ভিলেনিউভ নতুন জেমস বন্ডের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব কাঁধে নিয়েছেন।

তবে নতুন বন্ড সিরিজের নাম এখনো ঠিক করা হয়নি।

আরও পড়ুন:    

নতুন ‘জেমস বন্ড’ বানাবেন অস্কার মনোনীত এক নির্মাতা

অ্যামাজনের হাতে কী হবে জেমস বন্ডের?

বন্ড হতে চান রিজ আহমেদ, আটকাচ্ছে কোথায়

আগামী জেমস বন্ড কে? অবশেষে অডিশন শুরু

‘জেমস বন্ড’, কাকে দেখতে চান?