১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যামাজনের হাতে কী হবে জেমস বন্ডের?

সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 03:51 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। দীর্ঘ ৬৩ বছর পর বন্ডের উপর সেই একচ্ছত্র নিয়ন্ত্রণ হারাল ইয়ন ফিল্মস। 

বিবিসি লিখেছে, এর কারণ গেল সপ্তাহের শেষ নাগাদ অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়েছে। ওই চুক্তির ফলে উইলসন ও ব্রোকলির হাতে এককভাবে বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ আর থাকছে না। 

এক বিবৃতিতে বলা হয়েছে উইলসন ও ব্রোকলি সহ স্বত্বাধিকারী হিসেবে থাকছেন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে অ্যামাজন এমজিএম।

সিনেমার নতুন পর্ব কবে আসবে, আগামী বন্ড কে হবেন, অন্যান্য অভিনয়শিল্পী কারা হচ্ছেন-সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন অ্যামাজন এমজিএম স্টুডিওর হাতে।  

১৯৬২ সালের ‘ড. নো’ সিনেমায় প্রথম জেমস বন্ড হওয়া শন কনারি এই পিস্তল ব্যবহার করেছিলেন অভিনয়ে।

১৯৬২ সালের ‘ড. নো’ সিনেমায় প্রথম জেমস বন্ড হওয়া শন কনারি এই পিস্তল ব্যবহার করেছিলেন অভিনয়ে।

প্রাইম ভিডিও ও আমাজন এমজিএমের প্রধান মাইক হপকিন্স দ্য গার্ডিয়ানকে বলেছেন ব্রিটিশ গুপ্তচরের ঐতিহ্যের দায়িত্ব পেয়ে তারা কৃতজ্ঞ।

তার কথায়, “আমরা সারা বিশ্বের দর্শকদের জন্য জিরোজিরোসেভেনের পরবর্তী অধ্যায় শুরু করার অপেক্ষায় আছি।"

তিনি বলেন, "ছয় দশকের বেশি সময় আগে জেমস বন্ড চরিত্রকে সিনেমা হলে নিয়ে আসার জন্য আ প্রয়াত আলবার্ট আর. ব্রোকলি ও হ্যারি সল্টজম্যানের কাছে আমরা কৃতজ্ঞ।

“তাদের পর মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি শক্ত হাতে হাল ধরেছিলেন। তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। ঐতিহ্য রক্ষার দায়িত্ব পেয়ে আমরা সম্মানিত।"

১৯৬২ সালে অ্যালবার্ট কাবি ব্রোকলি প্রথম জেমস বন্ড চলচ্চিত্র প্রযোজনা করেন। পরবর্তীতে তার মেয়ে বারবারা ব্রোকলি ও সৎ ছেলে মাইকেল জি উইলসন এ দায়িত্ব নেন।

এর আগে ২০২২ সালে বন্ডের মূল স্টুডিওর মালিকানা কিনে নিয়েছিল অ্যামাজন।

উইলসন ও বারবারা ব্রোকলি জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাণ থেকে সরে গিয়ে শিল্প ও দাতব্য কাজে সময় দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। তাই বন্ডকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যামাজনের হাতে। 

এক দশক চালিয়ে যাবেন, খোঁজা হচ্ছে এমন বন্ড

৮৩ বছর বয়সী উইলসন বলেন, "প্রায় ৬০ বছর ধরে জিরোজিরো সেভেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার পর আমি প্রযোজনার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। সময় দিতে চাই শিল্প ও সমাজসেবামূলক কাজে।

তাই বারবারা ও আমি মনে করি, জেমস বন্ডের ভবিষ্যৎ আমাদের আস্থাভাজন অংশীদার অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে তুলে দেওয়ার সময় এসে গেছে। আমরা সেটাই করেছি।"

৬৪ বছর বয়সী ব্রোকলি বলেন, "আমাদের বাবা প্রযোজক কাবি ব্রোকলির কাছ থেকে পাওয়া এই ঐতিহ্য ধরে রাখা ও সমৃদ্ধ করা ছিল আমাদের দায়িত্ব। আমরা জিরোজিরোসেভেন চরিত্রে অভিনয় করা চারজন অসাধারণ দক্ষ অভিনেতা এবং হাজারো প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।

" 'নো টাইম টু ডাই' সিনেমা শেষ করার পর আমি মনে করি, এখন আমার অনেক কিছুর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে।"

অ্যামাজনের দায়িত্ব পাওয়ার খবরে ‘সুপারম্যান’ তারকা হেনরি ক্যাভিলসহ আরো কয়েকজন তারকাভিনেতার নামও প্রস্তাব করছেন বন্ড ভক্তরা।

ছয় দশকের বেশি সময় ধরে চলা জেমন বন্ড সিরিজের প্রথম বন্ড শন কনারি।

ছয় দশকের বেশি সময় ধরে চলা জেমন বন্ড সিরিজের প্রথম বন্ড শন কনারি।

তবে হতাশা ও খেদের প্রকাশ করেছেন কয়েকজন সিনেমা সমালোচক। তাদের মতে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি একটি ঐতিহ্যের নাম। যার সঙ্গে জড়িয়ে আছে ব্রিচিশ চলচ্চিত্রের রাজকীয় ইতিহাস।

তারা মনে করছেন ফ্র্যাঞ্চাইজি থেকে উইলসন ও ব্রোকলির সরে দাঁড়ানোর অর্থ হল ইয়াং ফ্লেমিং যে ব্রিটিশ গুপ্তচরকে সৃষ্টি করেছিলেন, নতুন ও আগামী প্রজন্ম সেই এজেন্টের পুরোপুরি দেখা পাবেনা। চলচ্চিত্র সাংবাদিকদেরও কেউ কেউ মনে করছেন, অ্যামাজনের হাতে বন্ডের দায়িত্ব যাওয়া উদ্বেগজনক। কারণ এই প্রযোজনা সংস্থাটি কেবল লাভের আশায় এসে আকষর্ণীয় উপাদান যোগ করবে, তাতে বন্ড পুরোপুরো 'শেষ হয়ে যাবে' বলে শঙ্কা কারো কারো। 

এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন সর্বশেষ বন্ড ড্যানিয়েল ক্রেইগ।

বন্ড হয়ে পাঁচটি সিনেমায় এসেছিলেন ড্যানিয়েল ক্রেইগ। ছবি: রয়টার্স

বন্ড হয়ে পাঁচটি সিনেমায় এসেছিলেন ড্যানিয়েল ক্রেইগ

১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। আর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পই চরিত্রটিকে ২০২১ সালে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।

পর জেমস বন্ডের নতুন সিনেমা হবে এই সিরিজের ২৬তম সিনেমা।

ইউটিউব এবং ইনস্টাগ্রামে ‘দ্য বন্ড এক্সপেরিয়েন্স’ ফ্যান চ্যানেলের স্রষ্টা ডেভিড জেরিৎসকিবলেছেন তিনি ‘দ্বিধাগ্রস্ত’।

“আমার মনের স্মৃতিকাতর অংশটি বিষন্ন হয়েছে। উইলসন ও ব্রোকলি বহু বছর ধরে রক্ষকের কাজ করেছেন। হঠাৎ করে মনে হচ্ছে রাজকীয় রক্ত কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এটা ঠিক আর কতদিন দর্শকরা বন্ডকে না দেখে থাকবেন।"

সিরিজের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হতে চলেছে জানিয়ে এবং ফ্র্যাঞ্চাইজিকে আরও বিস্তৃত করার সম্ভাবনা উন্মোচিত হয়েছে বলেও মনে করেন জারিটস্কি।

তিনি বলেন, “অনেকদিন ধরে এই সফল ফ্যাঞ্চাইজি নিষ্ক্রিয় হয়ে আছে, আমি বিশ্বাস করি অ্যামাজনের হাত ধরে সেই নিষ্ক্রিয়তা কেটে যাবে। তাই আমি খুব আশাবাদী এবং সাহস করে বলতে পারি আগামীতে দারুণ আকর্ষণীয় কিছু পাওয়া যাবে।"

বন্ড গবেষক, সাংবাদিক ও নির্মাতা ল্যান্সলট নারায়ণ বিবিসিকে বলেন, “বহু দর্শক আছেন যাদের সঙ্গে দশকের পর দশক ধরে বন্ড জড়িয়ে আছেন। সময়ের সঙ্গে সেই চরিত্রকে নতুন করে আবিষ্কার করতে পারা, এমন একটি মুখ নিয়ে আসা যিনি তাক লাগিয়ে দেবেন, এটাই প্রযোজনা সংস্থার কাজ।

অ্যারন টেইলর-জনসন নতুন জেমস বন্ড?

“আমি ভাবছি আমরা কী এমন এক পরিস্থিতিতে আছি যেখানে সময় এতটাই বদলে গেছে যে, বন্ডকে ধরা হয় অন্য এক যুগের এবং তাকে প্রাসঙ্গিক রাখতে চাইলে সত্যিই মৌলিক কিছুর প্রয়োজন।”

সিনেমা সমালোচক গ্রিফিন শিলার মতে জেমন বন্ড একটি স্বাধীন মর্যাদার নাম।

“এটি সাধারণ কোনো ফ্র্যাঞ্চাইজি নয়। খারাপ কিছু ঘটতে চলেছে। আমি মনে করি দীর্ঘকালের একটি অধ্যায় শুকিয়ে যাবে। বন্ড সত্যিই শেষ।"

উইলসন ও ব্রোকলিকে বন্ডের জন্য ‘নিরাপদ হাত’ বলে বর্ণনা করেছেন শিলার।

“তারা মূল চরিত্রের ঐতিহ্য রক্ষা করে চলেছিল। এই সিনেমাটি অ্যামাজনের কাজের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটি ভেবে দেখা দরকার ছিল। এখন মুনাফার আশায় একটি চলচ্চিত্র ফ্র্যাঞ্চিইজির পরিবর্তে তারা ব্যান্ড কিনল।"

জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে শিলারের কথায় একটা পুরো প্রজস্ম আছে যারা বন্ডের একটি সিনেমাও দেখেনি, ভেবে দেখা দরকার, তারা অ্যামাজনের মাধ্যমে কি পাবে।

চলচ্চিত্র সাংবাদিক হান্না স্ট্রং বলেছেন, “চলচ্চিত্র এবং সামগ্রিকভাবে ব্রিটিশ চলচ্চিত্রের জন্য একটি একটি খারাপ খবর।"

বন্ডকে ব্রিটিশ চলচ্চিত্রের ‘অন্যতম সম্পত্তি’ বর্ণনা করে স্ট্রং বলেন,” আমি মনে করি যারা খুব ভালো চিত্রনাট্য এবং দারুণ অভিনয় শিল্পীদের নিয়েও ভালো কিছু করার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, তাদের হাতে বন্ড চলে যাওয়া উদ্বেগজনক ঘটনা।

“অ্যামাজন জানে তাদের প্রচুর উপার্জন করতে হবে।এবং মূল পণ্যটিকে পরিবর্তন করে আমেরিকার দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলার ঝুঁকি তারা নেবে।"

নতুন বন্ড কে হচ্ছেন?

প্রযোজনা সংস্থা বদলের পর ফের সামনে এসেছে গেল কয়েক বছরের বহুল চর্চিত প্রশ্নে নতুন জেমস বন্ড কে হচ্ছেন? ক্রেইগ আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর নতুন করে দায়িত্বে নেই। 

অ্যামাজনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসই এই প্রশ্ন উসকে দিয়েছেন। 

তিনি এক্সে লিখেছেন, ‘নতুন বন্ড হিসেবে আপনাদের পছন্দ কে?’

বিবিসিও সেই পছন্দের পাত্রের নাম খোঁজার চেষ্টা করেছে।

‘সুপারম্যান’ তারকা হেনরি ক্যাভিলের নাম বন্ড হিসেবে বলেছেন অনেকে। ক্যাভিল নিজেও তার আগ্রহের কথা অতীতে প্রকাশ করেছিলেন। 

‘ম্যাক মাফিয়া’, ‘হ্যাপি ভ্যালি’ খ্যাত অভিনেতা জেমস নরটনের নাম এসেছে। 

‘নরমাল পিপল’, ‘গ্ল্যাডিয়েটর ২’ তারকা পল মেসক্যাল, ‘বব মার্লে: ওয়ান লাভ’ অভিনেতা কিংসলি বেন-আদিয়ারের নামও বলেছেন কেউ কেউ।

তবে সদ্য দায়িত্ব পাওয়া অ্যামাজন কর্তৃপক্ষ নতুন বন্ড নিয়ে কোনো কথা বলেনি। 

ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।

রুপালি পর্দায় ব্রিটিশ সিক্রেট সার্ভিসের বন্ডকে চূড়ান্ত করতে না পারলেও প্রযোজক ব্রোকলি এবং ইউলসন বলেছেন অল্পস্বল্প সময়ের জন্য নয়, এই চরিত্রটি যিনি করবেন, তাকে অন্তত পক্ষে টানা এক দশক ধরে কাজ করে যেতে হবে।