১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যারন টেইলর-জনসন নতুন জেমস বন্ড?

বিবিসি বলছে, ৩৩ বছর বয়সী অভিনেতা অ্যারন টেইলর-জনসনের কাছে জেমস বন্ড চরিত্রে অভিনয়ের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব গেছে।

অ্যারন টেইলর-জনসন নতুন জেমস বন্ড?

ব্রিটিশ অভিনেতা অ্যারন টেইলর-জনসন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2024, 09:07 AM

Updated : 22 Mar 2024, 09:07 AM

‘স্পেকটর’ মুক্তির পর ২০১৫ সালে জেমস বন্ড চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ বলেছিলেন, আবার বন্ড হতে হলে তিনি হাতের কবজি কেটে ফেলবেন।

তবে এরপর কবজিসহই ‘নো টাইম টু ডাই’ সিনেমাটি করেন ক্রেইগ, এর মধ্য দিয়ে ইতি টানেন বন্ড ক্যারিয়ারের। তখন থেকে হন্যে হয়ে জনপ্রিয় এই গুপ্তচরের নতুন মুখ খুঁজে চলেছেন নির্মাতারা, আর দুদিন পরপর নতুন নতুন নাম নিয়ে চলছে গুঞ্জন।  

সম্ভাব্য বন্ডদের তালিকায় সর্বশেষ যোগ হয়েছে ব্রিটিশ অভিনেতা অ্যারন টেইলর-জনসনের নাম।

বিবিসি লিখেছে, ৩৩ বছর বয়সী এই অভিনেতার কাছে জেমস বন্ড চরিত্রে অভিনয়ের ‘আনুষ্ঠানিক প্রস্তাব’ গেছে বলে তারা জেনেছে।

ক্রেইগ ‘জিরো জিরো সেভেন’ হয়ে পর্দায় আসেন পাঁচটি সিনেমা নিয়ে। মোট ১৬ বছর ক্রেইগেকে বন্ড হিসেবে দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা।

Image

অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ বন্ড হয়ে রাজত্ব করেছেন ১৬ বছর

‘নো টাইম টু ডাই’ এর পর জেমস বন্ডের নতুন সিনেমা হবে এই সিরিজের ২৬তম সিনেমা।

জেমস বন্ডের প্রযোজনা সংস্থা ‘ ইওন প্রোডাকশনস’ বলছে, জনসনের বন্ড হওয়ার এই খবর নিয়ে তারা নো মন্তব্য করতে রাজি নয়। আর ‘ইওন প্রোডাকশনস’ এর একজন নাম প্রকাশ না করে বিবিসিকে বলেছেন, “এই গুজবের কোনো সত্যতা নেই।“

তবে জল্পনার সত্যতা খুঁজতে বিবিসি যোগাযোগ করেছে অ্যারন টেইলর-জনসনের সঙ্গেও।

এই অভিনেতা বলেন, “বন্ডের ভূমিকায় আমাকে দেখার বিষয়ে যে সব কথাবার্তা চলছে, সেটা আমার কাছে রীতিমত বিস্ময়কর এবং আনন্দদায়কও বটে।“

সম্ভাব্য বন্ড হিসেবে নাম আসার বিষয়টি ‘দারুণ প্রশংসা’ হিসেবেই নিচ্ছেন টেইলর-জনসন।

সংগীত শিল্পী জন লেননের বায়োপিক ‘নোহোয়ার বয় ইন ২০০৯’ সিনেমায় অভিনয় করে পরিচিতি আসে অ্যারন টেইলর-জনসনের। থ্রিলার সিনেমা ‘নকচারনাল অ্যানিম্যালস’ সিনেমায় অভিনয় করে ২০১৭ সালে জিতে নেন গোল্ডেন গ্লোব পুরস্কার।

এছাড়া ‘স্যাভেজ’, ‘আনা কারেনিনা’, ‘গডজিলা’ সিনেমাতেও অভিনয় করেছেন টেইলর-জনসন।

Image

১৯৬২ সালের ‘ড. নো’ সিনেমায় প্রথম জেমস বন্ড হওয়া শন কনারি এই পিস্তল ব্যবহার করেছিলেন অভিনয়ে।

‘জিরো জিরো সেভেন’ দৌড়ে আর কে কে

নির্মাতারা চাইছেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।

'ক্যাচিং বুলেটস: মেমোয়ার্স অব আ বন্ড ফ্যান' বইয়ের লেখক মার্ক ও’কোনেল ক্রেইগের বিদায়ের পর বলেছিলেন, নতুন বন্ড কেবল লাল গালিচায় হাঁটা স্যুটকোট পরা ধোপদূরস্ত কোনো অভিনেতা হবেন বা একজন সময়ের সাক্ষী হয়ে আসবেন– তা নয়।

মনে রাখতে হবে তিনি একটি সিরিজ নির্ভর সিনেমার তারকা এবং দূতের দায়িত্ব নিয়ে আসছেন। তিনি হবেন একজন মিডিয়া কূটনীতিক, ব্রিটিশ সংস্কৃতির বরপুত্র।

Image

ছয় দশকের বেশি সময় ধরে চলা জেমন বন্ড সিরিজের প্রথম বন্ড শন কনারি

বিশ্বের সমস্ত দর্শক যেন তাকে একবাক্যে বন্ড হিসেবে মেনে নিয়ে স্বস্তির শ্বাস ফেলতে পারেন, নির্মাতাদের অবশ্যই সে ব্যাপারটি মাথায় রাখতে হবে বলে মনে করেন মার্ক ও’কোনেল।

এই লেখক বলেন, “বলাই বাহুল্য, বন্ড হবেন সুদর্শন। যার ক্যামেরা ধরে রাখার ক্ষমতা রয়েছে। অর্থাৎ এমন একজন অভিনেতা প্রয়োজন, যিনি আধিপত্য করার ক্ষমতা রাখেন।“

অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর এই কয়েকবছর বন্ড চরিত্রের জন্য বেশ কয়েকজনের নাম সমানে আসে।

ক্রেইগ ইস্তফা দেওয়ার আগেই বন্ড হিসেবে ‘সুপারম্যান’ এবং ‘মিশন ইম্পসিবল’ অভিনেতা হেনরি কেভিলের কথা বলা হচ্ছিল।

Image

অভিনেতা হেনরি কেভিল

কেভিলের ভাষ্য, “বন্ড হতে আমার ভালোই লাগবে। এটা ভেবেই আমি দারুণ রোমাঞ্চিত।“

৩২ বছর বয়সী অভিনেতা ড্যামসন ইদ্রিসের নামও এসেছে বন্ড চরিত্রের জন্য। ইদ্রিস আমেরিকার টেলিভিশ ক্রাইম ড্রামা ‘স্লো ফল’ এ কাজ করেছেন ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত।

এছাড়া নেটফ্লিক্সের অ্যাকশন সিনেমা ‘সাই ফাই’ এ মূল চরিত্রে সাড়া ফেলেছেন ইদ্রিস।

Image

ড্যামসন ইদ্রিস

প্রযোজকদের পছন্দের ছিলেন অভিনেতা জেমস নর্টন। তিনি ২০১৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘লিটল উইম্যান’ এ অভিনয় করেন। এছাড়া কিছুদিন আগে আমেরিকার থিয়েটারেও কিছু কাজ শুরু করেছেন।

৩৮ বছর বয়সী এই অভিনেতা ‘ম্যাকমাফিয়া’, ‘হ্যাপি ভ্যালি’সহ কয়েকটি জনপ্রিয় টিভি সিরিজেও অভিনয় করেছেন।

Image

জেমস নর্টন

তবে গত ছয় বছরে আর নর্টনের নাম শোনা যায়নি। গত দুই বছরে টম হার্ডি, ইদ্রিস এলবা এবং ক্রিস এভানের মত অভিনেতাদের নাম উচ্চারিত হয়েছে জেমস বন্ড চরিত্রের জন্য।

সাবেক বন্ড তারকা পিয়ার্স ব্রসনানও একবার বলেছিলেন, “আমার মনে হয় এলবা বন্ড হিসেবে ভালো করবে।“

আর এলাবা বলেছিলেন, “আমার ভালো লাগবে এই সম্মানজনক চরিত্রে কাজ করার সুযোগ পেলে।“

Image

ইদ্রিস এলবা

পরে শোনা যায়, এলবার ৫০ পেরিয়ে যাওয়া বয়সই তার বন্ড হওয়ার পথ আটকে দিয়েছে। কারণ এলবা যদি ক্রেইগের মত দীর্ঘদিন রাজত্ব করতে চান, তাহলে দেখা যাচ্ছে ষাট পেরিয়েও বন্ড হয়ে পর্দায় আসবেন এলবা। কিন্তু সেই অভিনয়ে কতটা দাপট থাকবে তা নিয়ে সন্দিহান ছিলেন প্রযোজক বারবারা ব্রোকোলি ও মাইকেল জি উইলসন।

অস্কারজয়ী আভিনেতা কিলিয়ান মার্ফির নামও শোনা গেছে বন্ড চরিত্রের জন্য। আইরিশ এই অভিনেতার নাম নিয়েছেন তারই স্বদেশী অভিনেতা এককালের বন্ড পিয়ার্স ব্রসনান।

কিছুদিন আগে কয়েকটি সংবাদমাধ্যমে বন্ড দৌড়ে ‘ওপেনহাইমার’ তারকা মার্ফির নাম আসে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে ব্রসনানকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “কিলিয়ান হিজ ম্যাজেস্টির সিক্রেট সার্ভিসে জেমস বন্ড হিসেবে দুর্দান্ত কাজ করবেন।"

অবশ্য তিনি এও বলেছেন, দুর্দান্ত জনপ্রিয় এই চরিত্রটি করতে প্রযোজকরা কাকে বেছে নেবেন, সে বিষয়ে তার বিন্দুমাত্র ধারণা নেই।

“বন্ড হিসেবে ড্যানিয়েল (সর্বশেষ বন্ড ড্যানিয়েল ক্রেইগ) অমোচনীয় ছাপ রেখে গেছেন। প্রযোজকরা ব্যতিক্রমী কাউকেই নেবেন,” বলেন ব্রসনান।