Published : 28 Jan 2026, 04:45 PM
কমেডি সিরিজ ‘বেইট’ এর প্রচারে গিয়ে ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ তার একটি ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে তা রসিকতা করে। অস্কার মনোনীত অভিনেতা রিজ আহমেদ ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ড হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
ভ্যারাইটি লিখেছে, প্রাইম ভিডিওর এই সিরিজের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সানড্যান্স চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। মার্চে স্ট্রিমিংয়ে আসার আগে সানড্যান্সেই সিরিজটি দেখানো হয় দর্শকদের সামনে।
‘বেইট’ সিরিজে রিজ অভিনয় করেছেন একজন সংগ্রামী লন্ডনপ্রবাসী অভিনেতার চরিত্রে। সিরিজে দেখা যাবে রিজের চরিত্রটি পরবর্তী জেমস বন্ড হওয়ার অডিশন দেয়। কিন্তু সেই অডিশনের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার জীবনে শুরু হয় অস্তিত্বগত সংকট।
রিজ ‘বেইট’ সিরিজে কেবল অভিনয়ই করেননি, সিরিজটির চিত্রনাট্যও লিখেছেন।
রিজ বলেন, ‘বেইট’ সিরিজ কেবল জেমস বন্ডকে নিয়ে লেখা নয়।
রিজের কথায়, “এটা আসলে বন্ডের চেয়ে জীবনের অডিশন নিয়ে বেশি ভাব প্রকাশ করে। আমরা সবাই সারাক্ষণই কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।”
সানড্যান্সে এক সাক্ষাৎকারে রিজ বলেন, “নিজের জীবনের নানা দ্বন্দ্ব সমস্যার বিষয়ে নোট রাখতাম। আমার ভেতরের সত্তা আর প্রকাশ্য সত্তার ফারাক বোঝার চেষ্টা করি এই কাজের মাধ্যমে। কখনো কখনো মনে হয়, জীবনটাই একটা বড় অডিশন। এই ভাবনাগুলোই সিরিজটিকে অনুপ্রাণিত করেছে।”
রসিকতা করে রিজ বলেন, “আমার মনে হয়, বহু অভিনেতার বন্ড হওয়ার একটা ইচ্ছা থাকে, যে ইচ্ছাকে বলে ‘অডিশন’। আমি যে কাউকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই সিরিজ দেখার পর যদি মনে না হয় আমার বন্ড হওয়া উচিত।”
তবে যতই তিনি বলুন সিরিজটি বন্ডকে নিয়ে নয়, কিন্তু জিরোজিরোসেভেনের প্রসঙ্গ এড়াতে পারলেন না রিজ।
এসব মজা করার পর রিজ সাক্ষাৎকারে সিরিয়াস হয়ে যান।
তিনি বরেন, “সত্যি বলতে, আমাদের সিরিজ বন্ড নিয়ে নয়। এখানে আমার চরিত্রের কাছে জেমস বন্ড একধরনের প্রতীক, সে যা হতে চায়। আর এটা এমন একটা অনুভূতি, যেটা আমাদের অনেকের মধ্যেই আছে। এখানেই গল্পটার সঙ্গে মানুষের সংযোগ তৈরি হবে।”
রিজ আহমেদের অভিনীত ও রচিত ‘বেইট’ মুক্তি পাচ্ছে প্রাইম ভিডিওতে ২৫ মার্চে।
ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি।
অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তির ফলে সিনেমার নতুন পর্ব কবে আসবে, আগামী বন্ড কে হবেন, অন্যান্য অভিনয়শিল্পী কারা হচ্ছেন-সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন অ্যামাজন এমজিএম স্টুডিওর হাতে। আর সেই অ্যামাজনই আবার ‘বেইট’-এর প্রযোজনা প্রতিষ্ঠান।
ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট ‘জেমস বন্ডের’ ভবিষ্যৎ অনেকটাই প্রখ্যাত কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভের হাতে।
‘ডিউন’, ‘অ্যারাইভাল’ আর ‘ব্লেড রানার ২০৪৯’ এর মত সিনেমার জন্য পরিচিত অস্কার জয়ী এই নির্মাতা ‘০০৭’ এর হাল ধরছেন।
তবে নির্মাতা ঠিক হলেও এখনো নির্ধারণ হয়নি ‘বন্ড’ হচ্ছেন কোন অভিনেতা। এ ব্যাপারে অ্যামাজন মুখ খোলেনি।
পরিচালক ভিলেনিউভ নতুন জেমস বন্ডের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব কাঁধে নিয়েছেন।
ভিলেনিউভ নিজেকে জেমস বন্ডের একজন ‘আজীবন ভক্ত’ হিসেবে বর্ণনা করেছেন।
ভিলেনিউভ বলেছেন, বন্ড পরিচালনা করা নিঃসন্দেহে ‘বিশাল দায়িত্ব’; তবে সেটি ‘রোমাঞ্চকর চ্যালেঞ্জ’ বলেও মন্তব্য করেন তিনি।
১৯৬২ সালে শন কনারি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম সিনেমা ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। আর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করে ২০২১ সালে ব্রিটিশ স্পই চরিত্রটিকে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।
জেমস বন্ডের নতুন সিনেমা হবে এই সিরিজের ২৬তম সিনেমা।
ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বন্ডের বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।
এছাড়া নির্মাতারা চাইছিলেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।
জেমস বন্ডকে নিয়ে লেখা বইয়ের লেখক ফেলা ও’কনেল জেমসের মতে, বন্ড হতে হবে এমন একজনকে যাকে এক নজরে গ্রহণ করে নেবে দর্শকেরা, চিনে ফেলবে বলা যায়। আকর্ষণীয় ও বুদ্ধিমত্তার ব্যক্তিত্বসম্পন্ন সেই পুরুষটিকে দীর্ঘ সময় ধরে সেলুলয়েডের পর্দা শাসন করতে হবে।
এবং সেই অভিনেতাকে অবশ্যই এমন একজন হতে হবে, যিনি উপস্থাপন করবেন ব্রিটিশ সংস্কৃতিকে।
নতুন 'জেমস বন্ড' বানাবেন অস্কার মনোনীত এক নির্মাতা
অ্যামাজনের হাতে কী হবে জেমস বন্ডের?