২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর সামরিক বাহিনীর অভিযানে শীর্ষ মাদকের হোতা গ্রেপ্তার

এই অভিযানের সময় ব্যাপক গোলাগুলি শুরু হলে পাশের একটি বেসবল ম্যাচের দর্শকরা আতঙ্কে স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যান।

মেক্সিকোর সামরিক বাহিনীর অভিযানে শীর্ষ মাদকের হোতা গ্রেপ্তার

‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত গ্রেপ্তার মাদক চক্রের হোতা ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেস। ছবি: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 08:25 PM

Updated : 21 Nov 2026, 08:25 PM

মেক্সিকোর সামরিক বাহিনী নাটকীয় এক অভিযান চালিয়ে দেশটির এক মাদক অপরাধী চক্রের শীর্ষ হোতাকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ পলাতক আসামির তালিকায় এই হোতার নাম আছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে মেক্সিকোর সিনালোয়া রাজ্যে চালানো এই অভিযানের সময় ব্যাপক গোলাগুলি শুরু হলে পাশের একটি বেসবল ম্যাচের দর্শকরা আতঙ্কে স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যান।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেসকে (যিনি ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত) গ্রেপ্তার করা হয়েছে। তিনি গুয়াসাভেভিত্তিক অপরাধী চক্র ‘মেজা-ফ্লোরেস ক্রিমিনাল অর্গানাইজেশন’ বা ‘লস মাজাতলেকোস’ এর প্রধান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘অভিজাত সামরিক বাহিনী’ অত্যন্ত ‘গোপনীয়তা ও আকস্মিকতার’ সঙ্গে অভিযানটি পরিচালনা করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। গ্রেপ্তারের পর মেজা-ফ্লোরেসকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়েছে।

সিএনএন জানিয়েছে, মেজা-ফ্লোরেসকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা এফবিআইয়ের ওয়ান্টেড পোস্টার অনুযায়ী, ফ্লোরেস যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ ‘হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানাইল এবং গাঁজা পাচার, মজুত ও বিতরণের’ সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে।

এতে আরও বলা হয়, এর আগে ২০১৯ সালে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এবং ২০১২ সালে মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

২০১৩ সালের এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল, মেজা-ফ্লোরেস কার্টেল প্রতিদ্বন্দ্বী সিনালোয়া কার্টেলের সঙ্গে ‘এলাকা দখলের চরম সহিংস লড়াইয়ে’ লিপ্ত ছিল। তখন সিনালোয়া কার্টেলের নেতৃত্বে ছিলেন কুখ্যাত মাদক অপরাধী হোয়াকিন “এল চাপো” গুজমান; যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগ করছেন।

শুক্রবার মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তারের এই অভিযানকে কেন্দ্র করে গুয়াসাভেতে মেক্সিকান সামরিক বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গুয়াসাভে মেক্সিকোর কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান শুরুর পরপরই নিরাপত্তা বাহিনী ‘গোলাগুলি ও বিস্ফোরকের হামলার শিকার হয়’ আর সন্ত্রাসীরা ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েকটি ছোট শহরের রাস্তা অবরোধ করে রাখে।

সিএনএনের যাচাই করা নাটকীয় এক ভিডিও ফুটেজে দেখা গেছে, মেক্সিকান নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টারগুলো গুয়াসাভে শহরের আকাশে চক্কর দিচ্ছে এবং নিচের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ শহরে ‘ফেডারেল কর্মীদের ওপর হামলার’ বিষয়টি নিশ্চিত করেছে।

সিএনএনের ভূ-অবস্থান যাচাইকৃত ফুটেজে দেখা যায়, শুক্রবার রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুরু হলে ‘কুরোদা পার্ক’ স্টেডিয়ামের গ্যালারি থেকে বেসবল দর্শকরা হুড়োহুড়ি করে বেরিয়ে যাচ্ছেন।

আতঙ্কিত হয়ে মানুষজন ব্যারিকেড টপকে পালানোর সময় একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, “নিচু হও, মাথা নিচু করো, নিচে নামো!”—এ সময় ক্যামেরার আড়ালে একটি শিশুর কান্নার শব্দও শোনা যাচ্ছিল।

অফিসিয়াল সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ম্যাচের মাঝপথেই দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন।

সম্প্রচারে ধারাভাষ্যকাররা দর্শকদের উদ্দেশ্যে বলেন, “খেলা স্থগিত করা হচ্ছে... মাঠের বাইরে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সবার আগে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন সবকিছু ঠিক থাকে। এটি একটি জাতীয় নিরাপত্তার ঘটনা, আমাদের এখন বিরতিতে যাওয়াই ভালো হবে।”

সহিংসতা ছড়িয়ে পড়ার সময় জরুরি কাজে বাইরে থাকা স্থানীয় এক বাসিন্দা জানান, সশস্ত্র ব্যক্তিরা বেসরকারি হাসপাতালগুলো দখল করে নিয়েছে এবং ছোট খুচরা দোকান ও পেট্রল পাম্পসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে তিনি বলেন, “নির্ধারিত সময়ের আগেই শাটার নামিয়ে দেওয়া একটি দোকানের ভেতরে আমাকে আশ্রয় নিতে হয়েছিল। মানুষ এখনো ভেতরে আটকা পড়ে আছেন।”

তিনি আরও বলেন, “আমি যেখানে ছিলাম তার মাত্র কয়েক মিটার দূর দিয়ে ভারী অস্ত্রে সজ্জিত বেসামরিক ব্যক্তিদের একটি গাড়িবহর গুলি ছুড়তে ছুড়তে চলে গেছে।”

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সিনালোয়া অঙ্গরাজ্য সরকার গুয়াসাভের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং রাস্তায় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তঃসংস্থা বাহিনী মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”