বৈশাখী টিভিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ‘বিশৃঙ্খলা’, পুলিশ হেফাজতে ডিএমডি
“নাহিয়ানকে পদত্যাগ করতে বলেছেন টিপু, তার গায়ে হাতও তুলেছেন,” বলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান মিশু।
ভেতরে ‘দোসর’ রয়েছে আখ্যা দিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন স্টেশনে ঢুকে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নেয় বলে জানান বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন।
তিনি বলেন, তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
শনিবার দুপুর ২টার দিকে বৈশাখী টেলিভিশনের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা বলেছেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।
তার অভিযোগ, আওয়ামী লীগের ‘দোসর’ ডিএমডি টিপু এদিন অফিসে এসে ‘বিএনপিমনা সাংবাদিকদের’ চাকরি ছেড়ে দিতে বলেন। বিষয়টি শুনতে পেরে তারা মহাখালীর ওয়্যারলেসে টেলিভিশনটির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
ডিএমডি টিপু প্রসঙ্গে তিনি বলেন, “তিনি চব্বিশের ৫ অগাস্টের পর থেকেই অফিসে আসেন না। এখন তাদের আপা আসবে ভেবে আজই অফিসে আসছে। আজ এসেই বিএনপিমনা সকলকে রিজাইন দিতে বলতেছে জোর করে, সেইজন্য আমরা আসছি। উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা আছে, দুদকের মামলাও আছে।”
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একটি মামলার আসামি আছেন খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
বৈশাখী টেলিভিশনের একাধিক কর্মী বলেছেন, সেখানকার অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ানকে চাকরিচ্যুত করা নিয়ে এই ঘটনার সূত্রপাত।
স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান মিশুও বলেছেন, নাহিয়ানকে রিজাইন দিতে বলেছেন টিপু, তার গায়ে হাতও তুলছে। বিষয়টি শুনতে পেয়েই তারা সেখানে যান।
পরে মিশুর নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে হট্টগোল শুরু করেন।
মিশু বলেন, “আমি টিপুকে বলছি যে, আপনার বিরুদ্ধে মামলা আছে আপনি আসুন। আমি বনানী থানাকে আগেই ফোন দিয়েছিলাম। সে আজকে অফিসে এসে বলতেছে বিএনপিমনা যারা আছে, তাদেরকে ভাগায়ে দাও। আমরা ওনাকে বলেছিলাম যে, বনানী থানায় গিয়ে কথা বলি। পুলিশ আসতে দেরি হইছে, এরমধ্যে টিপুর লোকজন আমাদের ৫ জনকে মারধর করে রক্তাক্ত করেছে।”
এদিকে বিকাল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেইজবুক পেইজ থেকে ‘মব’ হওয়ার অভিযোগ তোলা হয়, যেখানে ‘নিরাপত্তার স্বার্থে’ লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি।
প্রায় সোয়া ৪ মিনিটের লাইভে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল... মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”
হামলা ও মবের অভিযোগ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা মিশু বলেন, “আমরা কোন হামলা করিনি, ভাংচুর করিনি। ছবি-ভিডিও আছে আমাদের কাছে, এভিডেন্স আছে সব। ওনারাই শাটার লাগিয়ে আমাদের পাঁচজনের উপর মিনিমাম ২৫-৩০ জন হামলা করলো।
“পরে পুলিশের কর্মকর্তারা এসে মামলা যেহেতু আছে, টিপুরে এরেস্ট করে নিয়ে গেছে।”
তবে ডিএমডি টিপুর তরফে চাকরি ছাড়তে বলা হলেও বিএনপির নেতাকর্মীদের ডেকে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হোসাইন মোহাম্মদ নাহিয়ান।
প্রায় ১৭ মাস ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত নাহিয়ানকে শনিবার ডিএমডি টিপু চাকরি ছাড়তে বলেন এবং তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ তার।
তিনি বলেন, “আজকে উনি আমাকে বলতেছে তুমি রিজাইন দিয়ে চলে যাও। তখন আমি বললাম আমারতো কোন ফল্ট নাই। একপর্যায়ে আমি বলেছি তিন মাসের বেতন দিয়ে দিয়ে দেও, আমি চলে যাই।আমি উনার রুমে বসা ছিলাম।”
পরে এইচআর থেকে তাকে ডেকে নিয়ে কাগজপত্র ও পাওনা বুঝে নিতে ডাকা হয় বলে জানান তিনি।
“এইচআর প্রধানের রুমে বসা অবস্থায়ই আমি খবর পাই ডিএমডিকে লোকজন এসে তুলে নিয়ে যাচ্ছে। ডিএমডির রুম থেকে এইচআরের রুম পর্যন্ত যাওয়ার অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ঘটেছে। এজন্য সবাই ভেবেছে আমি ডেকে নিয়ে আসছি।
তিনি বলেন, “আমি কাউকে ফোন দিলেওতো এতো মানুষ আসতে ২-৩ ঘণ্টা সময় লাগবে। ডিএমডিও আমাকে বলে ‘তুই এই কাজ করছিস’। এজন্য আমাকে মারধরও করছে। পরে পুলিশ আসছে বিষয়টা বুঝতে পেরে উনি আমাকে স্যরি বলেছেন।”
যারা ওখানে গেছেন তারা চাকরিচ্যুতির খবর পেয়েই গেছেন, এমন দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “বিষয়টা ওরকম না, এটা আমি জানি না। ওদের কাউকে চিনি না, আমি পলিটিক্স করি না।
“আমাকে চাকরিচ্যুত করছে, তিন মাসের টাকা দিবে, আমি বের হয়ে যাব। এখানে চাকরি করব না, অন্য কোথাও চাকরি হবে। আমি এসব কেন করতে যাব?”
যেসব লোকজন সেখানে গেছেন, তারা বৈশাখীরর কিছু কর্মীকে মারধর করেছেন, বৈশাখীর লোকজনও তাদেরকে মেরেছে বলে দাবি করেন তিনি।
তার দাবি, “দুই পক্ষই দুই পক্ষকে মেরেছে”
টিপুকে পুলিশ নিয়ে যাওয়ার পরে তার চাকরিচ্যুতির বিষয়টি বহাল না থাকলেও সেখানে আর চাকরি না করার কথা বলেন নাহিয়ান।
“এখানে জব করব না, সবাই ভুল বুঝতেছে আমি এ ঘটনা ঘটাইছি। আমি চলে যাব।”
বিকাল পৌনে ৫টার দিকে টিপুকে বৈশাখী কার্যালয় থেকে বের করে নিয়ে যায় পুলিশ।
এর আগে প্রতিষ্ঠানটির সামনে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক লোকজন সেখানে দাড়িয়ে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দিচ্ছিলেন।
নিজেকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী দাবি করা সিয়াম নামে একজন বলেন, “আমরা ভেতরে ঢুকে কোনো ভাংচুর করিনি। তারা যে ভাংচুরের কথা বলছে, তারা আওয়ামী লীগের মতো গুজব ছড়াচ্ছে। এখানে সর্বোচ্চ একটা চেয়ার ভেঙেছে, যেটি বৈশাখীর লোকজনই আমাদের একজনকে ওই চেয়ার দিয়ে মেরেছেন। সে এখন কুর্মিটোলা হাসপাতালে আছে।”
তিনি আরো বলেন, “এখানে যা হয়েছে, সবকিছুর ভিডিও আমাদের কাছে আছে। সিনিয়র নেতারা চাইলে আমরা ভিডিও প্রকাশ করব। কিন্তু আপনারা চাইলে ভেতরে গিয়ে দেখে আসতে পারেন, কোথাও ভাংচুর করা হয়েছে কি না।”
এর বাইরে ভাংচুরের অভিযোগ করলে বৈশাখী টিভি কর্তৃপক্ষকের কাছে তার সিসিটিভি ভিডিও দাবি করেন তিনি।
তবে ঘটনার বিষয়ে বৈশাখী টিভির কারো কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
টেলিভিশন স্টেশনটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।”
