২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরি

সবমিলে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।

এক বছর পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরি

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 01:31 AM

Updated : 22 Nov 2026, 01:31 AM

টানা কমছে সোনার দাম; দেশের বাজারে একদিনের ব্যবধানে আরও ৬ হাজার ১৮২ টাকা কমেছে প্রতি ভরির দাম। এতে এক বছর পর এই প্রথম সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দুই লাখ টাকার নিচে নামল।

শনিবার রাতে নতুন দরের ঘোষণা এসেছে, যাতে এ মানের প্রতি ভরির দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।

সবমিলে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।

নতুন এ দর রোববার থেকে কার্যকরের কথা বলেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এখন কত দামে বিক্রি হবে

>> হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

>> ২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।

>> ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা

>> সনাতন পদ্ধতির ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট সোনার ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর দুই লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দরেই বিক্রি হচ্ছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে দেশের বাজারে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

তবে চলতি নভেম্বর থেকে টানা কমছে দাম। সে ধারায় এবার তা ২ লাখ টাকার নিচে নামল।

সোনার দামে এ দফার পতনের বিষয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে দর কমার কারণে দেশের বাজারে সমন্বয় করা হচ্ছে।

“বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজার নিম্মমুখী। মাঝে-মধ্যে ঊর্ধ্বমুখী হলেও বেশিরভাগ সময়ই কমেছে। আমরা হিসাব করে দেখেছি, গত এক বছরে বিশ্ববাজারে প্রতি আউন্স গোল্ডের দাম ২ হাজার ডলারের বেশি কমেছে। সেই ধারাবাহিকতায় দেশের বাজারেও কমেছে।”

দুই সপ্তাহে কমছে ৩৪ হাজার ৭০০ টাকা

এর আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। পরদিনই ভরিতে কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। এরপর থেকে সাত দফায় টানা কমানো হয় দাম।

শনিবার রাতের নতুন দরের একদিন আগেই শুক্রবার একবারে কমানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১ হাজার ১৬৬ টাকায়।

বিশ্ববাজারেও পতন

বার্তা সংস্থা রয়টার্সের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে সোনার দামে পতন অব্যাহত রয়েছে। মূল্যবান এই ধাতুর দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। একই সঙ্গে আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে সোনা।

সুদের হার নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের ইঙ্গিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারের দরপতনের প্রভাবে সোনার বাজারে এই নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৩ শতাংশ কমে ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে নেমে আসে।

এর আগে দিনের লেনদেনে সোনার দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম ৯ দশমিক ৪ শতাংশ কমেছে, যা গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন।