২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ?

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একজন প্রতিমন্ত্রী ও একজন এমপিকে পদত্যাগ করতে হয়েছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ?

প্রতীকী ছবি।

সালমান তারেক শাকিল

Published : 22 Nov 2026, 01:26 AM

Updated : 22 Nov 2026, 10:07 AM

বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন সময়ে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বক্তব্য বিতর্ক তৈরি করেছে। কোনো কোনো ক্ষেত্রে বিরোধীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়তে হয়েছে সরকারকে।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একজন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে হয়েছে।

সরকার ও বিএনপির জন্য এ ধরনের বক্তব্য বিব্রতকর হলেও এ ক্ষেত্রে কোনো পদক্ষেপ দেখা গেছে?

মন্ত্রী থেকে দলীয় নেতা, কারোরই বিতর্কিত বক্তব্য ‘ভালোভাবে দেখছেন না’ বিএনপির কোনো কোনো নেতা। তাদের কেউ কেউ সামাজিকমাধ্যমে সমালোচনাও করেছেন।

Image

ফাইল ছবি।

তবে গত তিন মাসে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি বলেছেন দুইজন মন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো কোনো কর্মকর্তার দাবি, বিতর্কিত বক্তব্যের কারণে সংশ্লিষ্টদের ব্যক্তিগত পর্যায়ে প্রধানমন্ত্রী ‘সতর্ক’ করে থাকেন।

যার ফলে ইতোমধ্যে মন্ত্রীদের কেউ-কেউ কথা বলা ‘কমিয়ে’ দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষক মুশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুখ ফসকে বলে ফেললে, সঙ্গে-সঙ্গে সংশোধন করে ফেললে ড্যামেজ কম হয়। অতীতেও এমন হয়েছে।

“এখন তো কেউ কেউ মন্তব্য করে সংশোধন করেছেন, কেউ করেননি। বেফাঁস কথা যত কম বলা যায়, তত মানুষের আস্থা থাকে। মানুষ সংশোধন হলে পছন্দ করে।”

Image

ফাইল ছবি।

শেখ রবি থেকে শাহে আলম, বিতর্কিত যত বক্তব্য

সরকার গঠনের পরপরই চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি সড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতার ভিত্তিতে চাঁদা উত্তোলন’ বলে বিতর্ক তৈরি করেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল রবি। সর্বশেষ সে তালিকায় যোগ হল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম।

তাদের সঙ্গে যোগ হয়েছেন সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ।

তার আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বিতর্কিত ও প্রতিবাদের মুখে পড়েছেন।

সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সমালোচিত হন ঘুষ নিয়ে বক্তব্য দিয়ে।

তিনি প্রথম আলোচনায় আসেন দুই ছেলের নামে সঙ্গে বগুড়ার মোকামতলার নতুন দুটি ইউনিয়নের নামের মিল থাকার ঘটনায়। সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন দুটির নাম পরিবর্তন করা হয়।

১০ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, “ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।”

তার এই বক্তব্যের সমালোচনার পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন?”

একজন সিনিয়র সচিব দায়ী করে টিআইবির বিবৃতিতে বলা হয়েছে, তার পরামর্শে প্রতিমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন।

টিআইবির বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী শাহে আলমের পক্ষে মন্ত্রণালয় ‘স্পষ্টীকরণ’ বিবৃতি দিয়ে বলেছে, তিনি ১১ নভেম্বর সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে একটি কর্মশালায় তার আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি ‘সেসব অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার’ করেছেন।

একই সঙ্গে এই বক্তব্যগুলোর সঙ্গে ‘সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই’ বলে দাবি করা হয় বিবৃতিতে।

পাল্টা অপপ্রচারের অভিযোগ করেছেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলমের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন ফেইসবুকে লেখেন, “স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তাঁর বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের প্রক্রিয়ায় বিরোধী দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্ত্রীদের বিরুদ্ধে নীতিমালার ‘তোয়াক্কা’ না করার অভিযোগ তোলেন। ফাইল ছবি

আগারগাঁওয়ে ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও একটি মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, “স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কেন করি না, এতে হয় কি, এর প্রভাব পড়ে সন্তানদের ওপর।”

এর আগে ২২ অক্টোবরে বগুড়ায় দলীয় এক অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, “বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের (বিএনপির) মধ্যেও আছে।”

২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “আমি কথা দিচ্ছি, বিএনপির দুর্দিনের সমস্ত নেতাকর্মীর মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা চাকরি পাবেন, আপনারা বৈধভাবে ডিলারশিপ পাবেন, বৈধভাবে কাজের সুযোগ পাবেন, বৈধভাবে ঠিকাদারি পাবেন, আইন-নিয়মের মধ্য থেকে দলের যারা নির্যাতিত নেতাকর্মী পর্যায়ক্রমে সবারই মূল্যায়ন হবে।”

তার এ বক্তব্যের জের ধরে ১৫ অক্টোবর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, বিএনপির ত্যাগী নেতাদের ‘ডিলারশিপ দেওয়ার ঘোষণা’ দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের কোনো মন্ত্রীই নীতিমালার ‘তোয়াক্কা’ করছেন না। ফলে এখন ‘সবার আগে বিএনপি’, ‘সবার আগে বাংলাদেশ’ নয়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী শাহে আলমদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

গেল ৮ নভেম্বর হবিগঞ্জে ‘গ্রাম্য গান-বাজনার’ আসরের অনুমতি না দিতে প্রশাসনকে নির্দেশ দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

তিনি বলেন, “গ্রাম্য গান-বাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে, পুরো জেলায় হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লাখ ভোটার, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এইখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।”

Image

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

রোববার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ।

হুইপের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেইসবুকে একজন লিখেছেন, “একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য অপ্রত্যাশিত।”

আরেকজন লিখেছেন, “কেউ পছন্দ না করলে তো আয়োজন করার কথাই না, তাহলে কারা আয়োজন করে। যদি একজন ব্যক্তিও পছন্দ করে আপনি বাধা দেওয়ার কে।”

হুইপের বক্তব্যের পর ৯ নভেম্বর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি বাউল গানের আসর বন্ধ করে দেয় পুলিশ।

এ বিষয়ে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, “আমি আগে যা বলছি এখনো একই কথা বলি যে, আমাদের এখানে অশালীন, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, মাদক জুয়া ও অশ্লীলতা কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনী যেন অ্যালাউ না করেন, অনুরোধ করেছি।

“নির্দেশনা তো আমি দিতে পারি না। যেহেতু আমি তিনবার মেয়র ছিলাম, আইন-কানুন বিধি-বিধান-এগুলো অনুসরণ করেই আমি বলেছি। আমি তো আপনার সরাসরি নির্দেশ দেওয়ার এখতিয়ার রাখি না।”

আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষযয়ে সতর্ক থাকতে বলেছেন তুলে ধরে তিনি বলেন, “পাশাপাশি এটা বলছি যে আমাদের অঞ্চলে শীত মৌসুমী ওয়াজ মাহফিল তাফসির- এগুলা বেশি হয়, সেখানে যেন কেউ ইসলামের অপব্যাখ্যা দিয়ে, সমাজে অশান্তি সৃষ্টি না করে এটাও যেন ওনারা সতর্ক থাকে।”

জি কে গউছ বলেন, “দুয়েকজন সাংবাদিক লিখেছেন, আমি নাকি আপনার কি বাউল গান নিষিদ্ধের কথা বলেছি। আমি তো বাউল শব্দটাই তো ব্যবহার করি নাই।

“আমি বলেছি গ্রামের বাজারে, যারা খোলা বাজারে, মাঝে-মধ্যে গান আয়োজন করে, যেটার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, অনেক সময় মারামারি হয়। এসব যেন প্রশাসন অনুমতি না দেয়, সে অনুরোধ করেছি।”

তার আগে ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এক সংবাদ সম্মেলনে পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদাবাজি নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন।

তিনি বলেছিলেন, “এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তোলা হচ্ছে। জোর করে আদায় করছে না। এ জন্য চাঁদা বলা যাচ্ছে না।”

এ বক্তব্যের পর সমালোচনা হলেও মন্ত্রী ‘নিজের অবস্থান স্পষ্ট’ করেননি। তবে পরবর্তীতে তার এ ধরনের বক্তব্য শোনা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষক খালিদুর রহমানের মতে, ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের কাছে জনগণের উচ্চ প্রত্যাশার প্রেক্ষাপটে সরকারের প্রথম সারির একজন মন্ত্রীর ওই বক্তব্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর ছিল শুরুতেই।

গেল জুনে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর পর লাইসেন্স বাতিল হয়। লাইসেন্স ফেরত নিতে ‘কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘোরার’ বক্তব্য দিয়ে বিতর্কিত হন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তার আগে মার্চে হামে শিশু মৃত্যুর ঘটনায় ভেন্টিলেটর না থাকার কথা বলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

Image

ঢাকায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। ফাইল ছবি

জুলাই মাসে এইচএসসি পরীক্ষা চলাকালে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়া শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন। পরে জাতীয় সংসদে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

বিএনপির কেন্দ্রীয় একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষামন্ত্রীকে ব্যক্তিগতভাবে কয়েকজন শুভানুধ্যায়ী ‘কম কথা’ বলার পরামর্শ দেওয়ায় এরপর থেকে তিনি সীমিত আকারে বক্তব্য দেওয়া শুরু করেন।”

জুনে সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের স্বার্থে জুলাই সনদ নিয়ে ‘সমঝোতায় এসেছেন’। অন্তর্বর্তী সরকার যাতে ক্ষমতা দীর্ঘায়িত না করতে পারে সেজন্য এই ‘আপস’ করেছেন।

তার ওই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য সরকারের জন্য ‘ব্লান্ডার ছিল’।

বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্যের ভাষ্য, সরকারের অবস্থান ‘দুর্বল’ করেছিল সালাহউদ্দিন আহমদের সেই বক্তব্য।

এ বিষয়ে তার বক্তব্য জানার চেষ্টা করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, তবে তিনি সাড়া দেননি।

Image

ফাইল ছবি।

সরকার ও বিএনপির কী অবস্থান?

বিতর্কিত বক্তব্যের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় বা সরকারের কোনো পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্তত তিনজন সদস্যের ভাষ্য, বিতর্কিত বক্তব্যে জন্য প্রধানমন্ত্রী বিরক্ত হলেও শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেননি। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ‘আচরণগত’ সমস্যার কারণে।

দুইজন মন্ত্রী বলেছেন, মন্ত্রিসভার গত তিন মাসের কোনো বৈঠকে সদস্যদের কোনো বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলেননি।

তবে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দায়িত্বশীল জায়গা থেকে বক্তব্য এলে প্রথমত এর একটি রাজনৈতিক দিক ও প্রশাসনিক দিক রয়েছে।

“প্রশাসনিক বক্তব্যগুলো যদি আসলে ভুল হয় সেক্ষেত্রে সেটা যত দ্রুত সংশোধন করা যায়, সেটা ভালো এবং ইতোমধ্যে যাদের আসলে এ ধরনের ভুল পরিলক্ষিত হয়েছে, তারা নিজেরাই তাদের বক্তব্যগুলো শোধরে নিয়েছেন।”

তার মতে, বিভ্রান্তিকার বক্তব্য শোধরে নেওয়া উচিত।

রাশেদ খাঁন বলেন, “যারা ভুল করেন, অনেক সময় নিজেরাই অনুধাবন করে ভুল স্বীকার করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে যে ধরনের ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া দরকার তিনি তো প্রতিনিয়ত সেটি নিয়ে যাচ্ছেন; এমন না যে আসলে তিনি ব্যবস্থা গ্রহণ করছেন না।”

বিতর্কিত কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কঠোর হতে দেখা গেছে। ঢাকার গেন্ডারিয়ায় অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ইশরাক হোসেন।

এর আগে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে হয়।

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাৎক্ষণিক ‘সরি’ বলার লোক না। যেভাবে তিনি ঘুষ বিষয়ক বক্তব্যের পর ‘সরি’ বলেছেন, এটা একটা সিগন্যাল।”

তবে এ কারণে রদবদল বা এ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণের কোনো কিছু দেখছেন না তিনি।

এর আগে আইজিপিও ‘ক্রসফায়ার’ নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। কিন্তু পরে ওই বক্তব্য থেকে সরে আসায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা বলেছেন এই উপদেষ্টা।

তিনি বলেন, “বেফাঁস মন্তব্য করলেও সংশ্লিষ্টরা ‘রিট্রিট’ করছেন, ‘ডিজঔন’ করছেন, এটা একটা বিষয়। আর প্রধানমন্ত্রী এসব পছন্দ করছেন না।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দিন জনতার হামলায় ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় মেরামত করে ব্যবহারের উপযোগী করা হয়েছে। এটি এখন ‘প্রধান উপদেষ্টার কার্যালয়’।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দিন জনতার হামলায় ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় মেরামত করে ব্যবহারের উপযোগী করা হয়েছে। এটি এখন ‘প্রধান উপদেষ্টার কার্যালয়’।

প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিএনপির স্থায়ী কমিটির দুইজন সদস্য মনে করেন, যারা বিতর্কিত বক্তব্য দিয়েছেন বা বেফাঁস মন্তব্য করেছেন, তাতে ‘সংবিধান লঙ্ঘন বা অপরাধ সংঘটনের’ সিদ্ধান্তে পৌঁছানো যায় না। যে কারণে ‘ব্যবস্থাগুলো’ দৃশ্যমান নয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য বলেন, “প্রধানমন্ত্রী দীর্ঘদিন যাবত বক্তব্য রাখছেন, কোনো কোনো ক্ষেত্রে ঘন্টাখানেক সময় বক্তব্য রাখেন, একটি শব্দ বা লাইন বেফাঁস হয়নি।

“তাহলে অন্যদের কীভাবে হয়। এতে করে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।”

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যার বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, তিনি বলেন, “সরকার কিন্তু একটি বিরাট জিনিস। এত বড় সরকার চালানোর জন্য ত্রিশ-চল্লিশজন মন্ত্রীর কমবেশি দরকার হয়। যিনি কথা বলেন, তিনি তো তার জায়গা থেকেই বলেন।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “এটা তো গণতান্ত্রিক প্রসেস। অনেক সময় অনেকে অনেক কথা বলে ফেলে, এই তো? এটা নিয়ে সত্যি বলতে মন্তব্যের কিছু নেই।”

পুরনো খবর:

‘সমঝোতার ভিত্তিতে’ নেওয়া টাকা চাঁদা নয়: সড়ক পরিবহনমন্ত্রী
প্রতিমন্ত্রীর বক্তব্যে ‘ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা’ দেখছে টিআইবি
হবিগঞ্জে ‘গ্রাম্য গান-বাজনার’ অনুমতি না দিতে প্রশাসনকে নির্দেশ হুইপের
হবিগঞ্জে প্রশাসনিক সিদ্ধান্তে বাউল গানের আসর বন্ধ