নিলামে বিক্রি জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল
চুলগুলো ছিল ওয়াশিংটনের একসময়কার বন্ধু জন গ্যাডসবির মালিকানায়।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সোনালি ফ্রেমে বাঁধাই করা একগুচ্ছ চুল নিলামে বিক্রি হল ৪ হাজার ডলারে।
বিবিসি লিখেছে, সেই চুল ছিল ওয়াশিংটনের একসময়কার বন্ধু জন গ্যাডসবির মালিকানায়। তার এক বংশধরের কাছ থেকে তা সংগ্রহ করেন বিখ্যাত সংগ্রাহক জন কে ল্যাটিমার।
তবে ওয়াশিংটনের চুলের নতুন ক্রেতার পরিচয় প্রকাশ করেনি নিলামকারী কোম্পানি রিচমন্ড অকশনস।
রিচমন্ডের তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে মাউন্ট ভার্ননের বাসভবনে ওয়াশিংটন মারা যাওয়ার কিছুদিন আগে তাকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরের বাসিন্দা গ্যাডসবি।
সিবিএস নিউজ লিখেছে, গ্যাডসবি ছিলেন আলেকজান্দ্রিয়ার সিটি হোটেল অ্যান্ড ট্যাভার্নের মালিক। ১৭৯৮ ও ১৭৯৯ সালে ওই হোটেলে বন্ধু ওয়াশিংটনের শেষ দুটি জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন তিনি।
গ্যাডসবির কাছে ওয়াশিংটনের চুল থাকার বিষয়ে ১৯২৮ সালে তথ্য প্রকাশ করেন তার নাতনি জুলিয়া ম্যাকব্লেয়ার। তার সেই বক্তব্য রিচমন্ড অকশনসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সেখানে ম্যাকব্লেয়ার বলেন, “জর্জ ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব এবং জীবনের শেষ দিনগুলোতে তার সান্নিধ্যে থাকার সুবাদে তার দাদা গ্যাডসবি ওই চুলের মালিক হন।
“পরে চুলগুলো বাঁধাই করে ওয়াশিংটন সিটির তাদের বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টানিয়ে রাখা হয়।”
তিনি বলেন, “আমরা সারা জীবনই বাড়িতে ওই চুলগুলো ঝুলতে দেখেছি।”
মাউন্ট ভার্ননের একটি ব্লগে বলা হয়েছে, উনিশ শতকে বন্ধু বা প্রিয়জনের চুল জনসমক্ষে প্রদর্শনের প্রচলন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। ওয়াশিংটনের মতো সচ্ছল পরিবারগুলোর মধ্যে এ ধরনের চর্চা আরও আগে থেকেই প্রচলিত ছিল।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আমেরিকান সেনাদের বিজয়ে নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন। পরে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নেও ভূমিকা রাখেন তিনি।
১৭৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন। দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ১৭৯৭ সালে তিনি পদত্যাগ করেন।
নিলামে ওয়াশিংটনের চুল বিক্রি আগেও হয়েছে, দামও ছিল বেশি।
ওয়াশিংটনের মৃত্যুর কাছাকাছি সময়ে অথবা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে—এমন তিনটি চুল একটি লকেটে সংরক্ষিত অবস্থায় ২০২১ সালে নিলামে বিক্রি হয়েছিল ৪০ হাজার ডলারে।
ওয়াশিংটনের মাথা থেকে সংগ্রহ করা চুলের অন্তত ৫০টি নমুনা এখনও সংরক্ষিত রয়েছে তার সাবেক বাসভবন মাউন্ট ভার্ননের সংগ্রহশালায়। বর্তমানে বাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
চুলের লকেট ছাড়াও ওয়াশিংটনের স্মৃতিবিজড়িত আরও কিছু সামগ্রী নিলামে ভালো দাম পেয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা ওয়াশিংটনের সই করা একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়।
চিঠিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটন।
