১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

বিশ্বরাজনীতির রঙ্গমঞ্চে ছন্দপতন: একদিকে মার্কিন ভোটারদের প্রত্যাখ্যান, অন্যদিকে ইসরায়েলে কোণঠাসা নেতৃত্ব—চাপে ট্রাম্প ও নেতানিয়াহু।

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থেকে ইসরায়েলের নেসেট—ব্যালটের রায়ে ধাক্কা খেল ট্রাম্প ও নেতানিয়াহুর রক্ষণশীল রাজনীতি; বিশ্বজুড়ে পরিবর্তনের আভাস। ছবি: এআই

আলমগীর খান আলমগীর খান

Published : 13 Nov 2026, 10:23 AM

Updated : 13 Nov 2026, 10:23 AM

ডনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে হারলেন ব্রাজিলে লুলা দ্য সিলভার বিজয়ে। সেই থেকে শুরু। এরপর ইসরায়েলের নির্বাচনে ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে। অবশেষে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধীদলীয় গাদি আইজেনকোটকেই সরকার গঠনের জন্য ডাকলেন, নেতানিয়াহুকে নয়। নেসেটের ১২০টি আসনের মধ্যে আইজেনকোটের জোট ৪৮টি ও নেতানিয়াহুর জোট ৫৩টি আসন লাভ করায় কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিরোধীদের মাঝে নেতানিয়াহুকে সরানোর একটা প্রচেষ্টা সম্প্রতি শক্তিশালী হয়ে উঠেছে। তারপরও ১৯টি আসন লাভ করা আরবদের জোট থেকে তারা কেউই সমর্থন নিতে রাজি নন।

অথচ ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্লোমো বেন-আমি সম্প্রতি প্রজেক্ট সিন্ডিকেটের একটি লেখায় আরব দলগুলোর এই শক্তিকেই ইসরায়েলে নেতানিয়াহুকে সরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একমাত্র উপায় বলেছেন। ‘অনলি ইসরায়েল’স আরব পার্টিস ক্যান রিস্টোর ইটস ডেমোক্রেসি’ শীর্ষক ৬ নভেম্বরের এই লেখায় তিনি বলেন, “আরব ইসরায়েলিরা যে এই দেশেরই নাগরিক, তা প্রমাণ করতে যা প্রয়োজন সবই তারা করছেন। তারা ইসরায়েলের বিরাট গোঁড়া ইহুদি সম্প্রদায়ের মতো নন, যারা কেবল ভর্তুকি খেয়ে বিলাসী জীবন যাপন করছেন। আরব ইসরায়েলিরা এ দেশের চিকিৎসকদের মাঝে ২৫ শতাংশ, স্বাস্থ্যসেবিকাদের মাঝে ২৭ শতাংশ ও ফার্মাসিস্টদের মাঝে ৪৯ শতাংশ। তরুণ ফিলিস্তিনিদের একটা বড় অংশ ইসরায়েলের উচ্চ প্রযুক্তির শিল্পে নিয়োজিত। এই সেবার ধারা অব্যাহত থেকেছে এমনকি যখন তারা দেখেছেন গাজায় ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চলমান সহিংসতা। ইসরায়েলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করতে তারা আর কী করতে পারেন?”

এত কিছুর পরও নেতানিয়াহু সরাসরি আরব নাগরিকদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। ট্রাম্প ২০২০-এ যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের চেষ্টায় ক্যাপিটাল হিলে সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন, নেতানিয়াহু ঠিক সে পথ অনুসরণ না করলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। গণহত্যা, দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় তিনি ক্ষমতা ছাড়তেও ভয় পাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বীরা তো অনেক দিন ধরে ৭ অক্টোবর হামাস কর্তৃক হামলা নিয়ে তদন্তের দাবি করে আসছেন, যা ক্রমাগত ঠেকিয়ে রাখছেন নেতানিয়াহু; কেননা এতে তিনি ফেঁসে যেতে পারেন।

আরব দলগুলো নেসেটে অবিশ্বাস্য রকম সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর যুগ হয়তো শেষ হতে চলেছে। এই লক্ষ্যে নির্বাচনে আরবদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। যদিও নেতানিয়াহুকে সরানোর মধ্য দিয়েই যে ইসরায়েলের গণহত্যার রাজনীতি বন্ধ হচ্ছে, তা বলা যাবে না। তা ছাড়া নতুন প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত নেতানিয়াহুর আধিপত্যই বজায় থাকবে। তবু ইসরায়েলের বর্ণবাদী গণহত্যার রাজনীতির অন্যতম হোতা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা জরুরি হয়ে উঠেছে। কেননা তিনি কেবল একজন ব্যক্তি নন, একটি চরম দুষ্ট ধারার অন্যতম ধারক-বাহক। কে এই নেতানিয়াহু?

১৯৯৩ সালে তিনি বর্ণবাদী লিকুদ পার্টির নেতৃত্ব গ্রহণ করে অসলো চুক্তি অবসানের উদ্দেশ্য নিয়ে মাঠে নামেন। আইজ্যাক রবিন মধ্যপ্রাচ্যে শান্তি উদ্যোগের জন্য ইয়াসির আরাফাত ও শিমোন পেরেসের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান, কিন্তু পরের বছর আততায়ীর হাতে নিহত হন। তার পরিবার থেকে অভিযোগ করা হয় যে, নেতানিয়াহুর সৃষ্ট উগ্র রাজনৈতিক পরিস্থিতিই রবিনকে হত্যার উসকানি দেয়। রবিন নিহত হওয়ার কয়েক মাসের মধ্যে নেতানিয়াহু ক্ষমতায় আসেন। এরপর তিন দশক ধরে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নস্যাৎ করার কাজ করে চলেছেন। তার জায়োনিস্ট সাফল্যের মধ্যে আছে গোপনে হামাসকে পৃষ্ঠপোষকতা দিয়ে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে (পিএলও) দুর্বল করা, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইহুদি বসতি সম্প্রসারণ, আবার হামাস নিধনে নামা ও হিজবুল্লাহ দমনের নামে লেবানন আক্রমণ, সবশেষে গাজায় গণহত্যা শুরু করে তা আজও চলমান রাখা এবং ট্রাম্পকে ইরান আক্রমণে প্ররোচিত করা। পুরো মার্কিন প্রশাসনকে পকেটে ভরে ফেলা নেতানিয়াহুর সবচেয়ে বড় কৃতিত্ব। যুক্তরাষ্ট্রের জনগণ অবশেষে তা বুঝতে পারায় তার খেসারত দিতে হচ্ছে এখন ট্রাম্পের দলকে নির্বাচনে খারাপ ফল করে। আরব নিউজে সাংবাদিক ওসামা আল-শরিফ ‘দিস টাইম, নেতানিয়াহুস পলিটিক্যাল ডিমাইজ মে বি রিয়েল’ (১০ নভেম্বর) শীর্ষক লেখায় নেতানিয়াহুর এই হঠাৎ উত্থান নিয়ে আলোচনা করেছেন।

শরিফ লিখেছেন, “নেতানিয়াহু গত কয়েক দশকে ইসরায়েলের রাজনৈতিক ডিএনএ-তে নাটকীয় পরিবর্তন সাধন করেছেন: বাম নেই, চরমপন্থিরা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে ও কেন্দ্র আরও ডানে ঝুঁকেছে। আজ বেশির ভাগ রাজনৈতিক দলই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ও গাজা ও পশ্চিম তীরের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষে।”

তবে প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের নির্বাচনও ফিলিস্তিনিদের জন্য কোনো ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করবে না। নেতানিয়াহুর ক্ষমতা হারানো কেবল আরব ভোটারদের সংঘবদ্ধ হওয়ার শক্তিকেই প্রমাণ করবে, কিন্তু গণহত্যার ইসরায়েলি রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না-ও আনতে পারে। কেননা আইজেনকোট নিজেও একজন জায়নবাদী সামরিক নেতা। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং ২০২৩ সালের অক্টোবরে গণহত্যার শুরু থেকে নেতানিয়াহুর যুদ্ধ পর্ষদের তিনি একজন সদস্য। তার নেতৃত্ব নেতানিয়াহু থেকে ভিন্ন হওয়ার কোনো বিশ্বাসযোগ্য কারণ নেই। ফিলিস্তিনিদের ও ইসরায়েলের আরব জনগোষ্ঠীর কাছে তাই এটি পরিণত হয়েছে ‘খারাপ ও কম খারাপ’-এর মাঝে একটি বেছে নেওয়ার নির্বাচনে।

ইসরায়েলের এই নির্বাচনি ব্যালটে নেতানিয়াহুর গণহত্যা, ফিলিস্তিনের স্বাধীনতা, ইরান আক্রমণ ইত্যাদি কোনো বিষয় ছিল না। ইসরায়েলিদের কাছে নেতানিয়াহু বিরোধিতার কারণ তার কিছু দুর্নীতি ও ২০২৩-এর ৭ অক্টোবর হামাসের আক্রমণ ঠেকাতে না পারার ব্যর্থতা। নেতানিয়াহুর যুদ্ধাপরাধ ও সে জন্য তার কাঙ্ক্ষিত বিচার তাদের বিবেচ্য বিষয় হয়ে ওঠেনি। অতএব তাদের রাষ্ট্রীয় নীতিতে বড় কোনো পরিবর্তনের আকাঙ্ক্ষাও নেই। সে কারণে এই নির্বাচনের পরও নেতানিয়াহুর রাষ্ট্রনীতিই বহাল থাকার সমূহ সম্ভাবনা বিদ্যমান। বড় কোনো পরিবর্তন আসতে পারে কেবল আরব বিজয়ীদের সংঘবদ্ধ শক্তির সফল প্রয়োগের মাধ্যমে ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিক্রিয়াশীল শক্তির পরাজয়ে।

তবে নেতানিয়াহুর প্রভাব খর্ব করার জন্য আইজেনকোট ইতিমধ্যে যেসব প্রস্তাব করেছেন, তা-ও অনেকাংশে গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে সাতই অক্টোবরের হামলা সম্পর্কে নেতানিয়াহু আগে জানা সত্ত্বেও কেন বসে ছিলেন সেটির তদন্ত, প্রধানমন্ত্রী কত মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন তা সীমিত করা যাতে নেতানিয়াহু আর ক্ষমতায় আসতে না পারেন, বিচার ব্যবস্থার স্বাধীনতা হরণে নেতানিয়াহুর নেওয়া নীতিসমূহ বাতিল করা ইত্যাদি।

নেতানিয়াহুকে সরিয়ে দেওয়া ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য। এই নির্বাচনি ব্যালটে অদৃশ্যভাবে ইসরায়েল ও নেতানিয়াহু অবস্থান করছিলেন আর ভোটাররা নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করেছেন। ফলে ডেমোক্র্যাটদের অভূতপূর্ব বিজয় ইসরায়েলের ভবিষ্যৎ রাষ্ট্রনীতিকে প্রভাবিত করবে। ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের অবিশ্বাস ইসরায়েলের প্রতি অবিশ্বাসকেও প্রতিফলিত করেছে। যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক পরিবেশে ইসরায়েলের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার বিকল্প থাকবে না। ইসরায়েলকে বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের কাছে পুনরায় গ্রহণযোগ্য করতে হলে অন্তত বর্তমান নেতৃত্বকে যে পাল্টাতে হবে, এতে কারও সন্দেহ নেই। ইসরায়েল এখন সেই পথে হাঁটছে। তবে তার গণহত্যার রাজনীতিতে কী পরিবর্তন আসবে, এখনই বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের আগামী রাজনীতির ওপর তা বহুলাংশে নির্ভর করবে।

আলমগীর খান: কবি ও সমাজকর্মী। ই-মেইল: alamgirhkhan@gmail.com

 মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।