ইসরায়েলি পার্লামেন্টের নেতানিয়াহুপন্থি স্পিকারকে সরালো আইজেনকোট জোট
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াসার পার্টির সদস্য মাতান কাহানা নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মসূচীর বিরোধী মাতান কাহানাকে নতুন স্পিকার নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট।
মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট ক্নেসেটের ভোটাভুটিতে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াসার পার্টির সদস্য কাহানা ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
পার্লামেন্টের মুখপাত্রের দপ্তরের বরাতে রয়টার্স জানিয়েছে, কাহানার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী ৫২ ভোট পেয়েছেন।
নেতানিয়াহুর বিতর্কিত রাজনৈতিক কর্মসূচী বাতিল করার ক্ষেত্রে স্পিকার পরিবর্তনকে একটি সম্ভাব্য প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসা আইজেনকোটের নেতৃত্বাধীন দলগুলো কাহানার পক্ষে ভোট দিয়েছে। ইসরায়েলি পার্লামেন্টের আরব দলগুলোও তার পক্ষে ভোট দিয়েছে।
পার্লামেন্টের স্পিকার হিসেবে কাহানা নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য আমির ওহানার স্থলাভিষিক্ত হয়েছেন।
স্পিকার হিসেবে উদ্বোধনী ভাষণে কাহানা বলেছেন, “ইসরায়েলের ক্নেসেট ইসরায়েল রাষ্ট্রের সব নাগরিকের ঠিকানা আর আমি তাদের সবার স্পিকার হতে চাই।”
‘ক্নেসেট’ নামে পরিচিত ইসরায়েলের ১২০ আসনের এককক্ষ বিশিষ্ট পার্লামেন্টের স্পিকারের পদটি বেশ প্রভাবশালী। কোন প্রস্তাব পার্লামেন্টে ভোটাভুটির জন্য উত্থাপন করা হবে তা নির্ধারণের ক্ষমতা স্পিকারের হাতে।
ফলে আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টায় সমর্থনকারী তার নেতৃত্বাধীন জোট ও অন্যান্য দলগুলোর অগ্রাধিকার পাওয়া বিলগুলো এগিয়ে নেওয়া ক্ষমতা কাহানার থাকবে।
এগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা, নেতানিয়াহু যার বিরোধিতা করে আসছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা নির্ধারণ করা এবং নেতানিয়াহু সরকারের পাস করা সেসব আইন বাতিল করা, সমালোচকদের মতে যেগুলো বিচার বিভাগের ক্ষমতা খর্ব করেছিল।
নেতানিয়াহু লিকুদ পার্টি এই ভোটের নিন্দা করেছে। তাদের অভিযোগ, আইনপ্রণেতারা ‘সন্ত্রাসবাদের সমর্থকদের ভোটে’ কাহানাকে নির্বাচিত করেছেন।
পার্লামেন্ট নির্বাচনের প্রচার চলাকালে নেতানিয়াহু বারবার ইসরায়েলের আরব নেতৃত্বাধীন দলগুলোকে আক্রমণ করে কথা বলেছেন। তার বক্তব্যের মূল কথা হচ্ছে, আরব দলগুলো ‘ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি’।
তার এসব বক্তব্যকে ‘বর্ণবাদী’ এবং ‘বৈষম্যমূলক’ অভিহিত করে নিন্দা জানিয়েছে আরব দলগুলো।
পার্লামেন্টে বিল পাসের প্রক্রিয়া এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও নিয়োগ পেয়েছেন আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সদস্যরা।
ইসরায়েলের ২৭ নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। তারপরও পার্লামেন্টে ৫৩টি আসন পেয়ে তারাই এগিয়ে রয়েছে। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি কোনো জোট।
সামরিক বাহিনীর সাবেক জেনারেল আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। আর আরব নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্ট এবং রা’আম পেয়েছে ১৯টি আসন।
এর ফলে কোনো নতুন সরকার ছাড়া নেতানিয়াহুকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে রেখেই ১০ নভেম্বর ক্নেসেটের সদস্যরা শপথ গ্রহণ করেন।
