রিয়াদ বিমানবন্দরে ‘হামলা’ হুতিদের, ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি সৌদির
গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুতিদের হামলা বেড়েছে।
সৌদি আরব লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
এর মধ্যে রাতে রিয়াদ অভিমুখে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছিল। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো আরও কয়েকটি হামলাও প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে ইরান-সমর্থিত হুতিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামোয় হামলার দাবি করেছে।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, গত জুলাইয়ে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুতিদের হামলা বেড়েছে। এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায়।
এর মধ্যে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
সৌদি নেতৃত্বাধীন জোট শনিবার সন্ধ্যায় জানায়, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ সামরিক তৎপরতায় সহায়ক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।
তবে কোথায় অভিযান চালানো হয়েছে কিংবা কোন স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
হুতিরা এক বিবৃতিতে দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় তারা সৌদি আরবের জাজান শোধনাগার এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। জাজান শোধনাগারটির দৈনিক উৎপাদন সক্ষমতা ৪ লাখ ব্যারেল।
তবে এসব হামলা ঠিক কবে চালানো হয়েছে, তা হুতিরা স্পষ্ট করেনি বলে জানিয়েছে রয়টার্স।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগর উপকূলে অবস্থিত ওই শোধনাগারে বৃহস্পতিবার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে নেপালের এক শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। সাময়িকভাবে ব্যাহত হয় শোধনাগারটির কিছু কার্যক্রম।
শনিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, জাজান প্রদেশের উপকূলীয় শহর আল-শুকায়েক লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
ওই শহরে দক্ষিণ সৌদি আরবে পানি ও বিদ্যুৎ সরবরাহকারী বড় একটি পানি বিশুদ্ধকরণ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে।
জোট জানায়, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হননি।
এদিকে জাজান ও পূর্বাঞ্চলীয় প্রদেশসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় শনিবার নিরাপত্তা সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওয়াইয়া গ্যাস স্থাপনাতেও হামলার দাবি করেছে হুতিরা।
২০১৪ সালে রাজধানী সানা ও ইয়েমেনের অন্যান্য এলাকা দখল করে নেয় হুতিরা। এর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সামরিক জোট গঠন করে সৌদি আরব নেতৃত্বাধীন জোট।
২০২২ সালে যুদ্ধবিরতির পর সীমান্তপারের সংঘাত অনেকটাই কমে এসেছিল। তবে গত জুলাইয়ে নতুন করে লড়াই শুরু হলে হুতি ও সৌদি আরবের মধ্যে হামলা পাল্টা হামলার বিরতি ভেঙে যায়।
