২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ আলাপে খেই হারানো ও ভুয়া সূত্র: চ্যাটজিপিটির সীমাবদ্ধতা

চ্যাটজিপিটির সবচেয়ে বড় খামখেয়ালিপনা হচ্ছে হ্যালুসিনেশনের বদভ্যাস, অর্থাৎ এমন সব তথ্য তৈরি করা, যা বিশ্বাসযোগ্য মনে হলেও পুরোপুরি বানানো।

দীর্ঘ আলাপে খেই হারানো ও ভুয়া সূত্র: চ্যাটজিপিটির সীমাবদ্ধতা

ব্যবহারকারী কোন মডেল বা কোন সংস্করণ ব্যবহার করছেন ও কী কী প্লাগইন যুক্ত করেছেন তার ওপর নির্ভর করে কিছু ত্রুটি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:10 PM

Updated : 29 Nov 2026, 12:10 PM

চ্যাটজিপিটি ইমেইল লিখতে, সফটওয়্যারের সমস্যা সমাধানে সাহায্য করতে ও জটিল প্রশ্ন মুহূর্তেই সহজ করে বুঝিয়ে দিতে পারে, যা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করা লোকজন মোটামুটি জানেন।

তবে চ্যাটজিপিটি এতটাই ঝকঝকে ও বিশ্বাসযোগ্য উত্তর তৈরি করতে পারে যে, এর পেছনের নড়বড়ে তথ্যগুলো যাচাই করার কথা হয়ত অনেকের মাথায়ই আসবে না।

২০২৬ সালের অক্টোবরে ওপেনএআই সব চ্যাটজিপিটি ব্যবহারকারীর জন্য উন্নত জিপিটি-৬ মডেল নিয়ে আসার পরও চ্যাটবটটির সহায়ক প্রমাণ বানিয়ে ফেলার, অস্পষ্ট প্রশ্ন ভুল বোঝার ও দীর্ঘ আলাপের মধ্যে নির্দেশনা ভুলে যাওয়ার প্রবণতা রয়ে গেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ব্যবহারকারী কোন মডেল বা কোন সংস্করণ ব্যবহার করছেন ও কী কী প্লাগইন যুক্ত করেছেন তার ওপর নির্ভর করে কিছু ত্রুটি। ব্যবহারকারী চ্যাটজিপিটি প্লাস বা ১০০ ডলারের চ্যাটজিপিটি প্রো প্ল্যানের জন্য অর্থ দিচ্ছেন বলে যে চ্যাটবটটির বড় সীমাবদ্ধতা থেকে সুরক্ষিত থাকা যাবে যাবে তা নয়।

এ সমস্যা কেবল ওপেনএআইয়ের একার নয়, ক্লডের মতো বিভিন্ন এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তুলনা করে দেখা গেছে এসব ত্রুটির বেশিরভাগই সাধারণ।

ভুল করেও সঠিক বলে মনে হতে পারে চ্যাটজিপিটিকে

চ্যাটজিপিটির সবচেয়ে বড় খামখেয়ালিপনার তালিকার শীর্ষে রয়েছে ‘হ্যালুসিনেশন’-এর বদভ্যাস, অর্থাৎ এমন সব তথ্য তৈরি করা, যা ঠিক মনে হলেও পুরোপুরি বানানো।

একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের সবটুকু আত্মবিশ্বাস নিয়ে চ্যাটজিপিটি এমন সব গবেষণার উদ্ধৃতি দেয়, যার কোনো অস্তিত্বই নেই; কল্পিত উদ্ধৃতি দিয়ে সেগুলোকে প্রায় বিশ্বাসযোগ্য করে তোলে।

এ বিষয়ে ওপেনএআই সতর্ক করে বলেছে, চ্যাটজিপিটি মনগড়া উদ্ধৃতি তৈরি করতে ও ভুয়া সূত্র উল্লেখ করতে পারে। চ্যাটজিপিটি সার্চ ব্যবহার করলে অবস্থার কিছুটা উন্নতি হয় ঠিকই তবে উত্তরে কয়েকটি লাইভ লিংক থাকলেই যে চূড়ান্ত বক্তব্য সঠিক হবে, এমন নয়।

কোনো বিষয়ের বিশেষজ্ঞ হয়ত কাছ থেকে যাচাই করলে ভুয়া বিভিন্ন সূত্র ধরে ফেলতে পারবেন। তবে অপরিচিত কোনো বিষয়ে তথ্যসূত্র খুঁজছেন এমন কারও জন্য এটা বড় বিপদের কারণ হতে পারে।

চ্যাটবটটির কাছে কী চাইছেন সে বিষয়ে এটা নিজস্ব একটি ব্যাখ্যা দাঁড় করিয়ে নেওয়ার প্রবণতা দেখায় ও পুরোপুরি নিশ্চিত হয়ে ভুল পথেও এগিয়ে যায়। ব্যবহারকারী যা বলেন, প্রায় সবকিছুতেই সায় দেওয়ার অভ্যাসও বড় সমস্যা।

অতিরিক্ত তোষামোদপূর্ণ ও অনুগত আচরণের অভিযোগ ওঠার পর, যেখানে এটা মাঝেমধ্যে সমস্যাওয়ালা ধারণাকেও বৈধতা দিত ফলে ২০২৫ সালের এপ্রিলে ওপেনএআই ‘জিপিটি-৪ও’-এর একটি আপডেট ফিরিয়ে নিয়েছিল।

২০২৬ সালের অক্টোবরে কোম্পানিটি ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য জিপিটি-৬-এ কিছু পরিবর্তন আনে। পাশাপাশি সীমা পেরনোর পর পেইড সাবস্ক্রাইবাররা যে মডেল পান তাতেও পরিবর্তন আনে কোম্পানিটি, যাতে অতিরিক্ত তোষামোদপূর্ণ ভাষা কমানো যায়।

তবে সমস্যাটি পুরোপুরি নির্মূল করা গেছে এমন দাবি ওপেনএআই করেনি। ব্যবহারকারী যা বলেন চ্যাটবট যদি সবকিছুতেই সায় দেয় তবে এর আর আলাদা কোনো মতামত থাকে না।

দীর্ঘ আলাপে খেই হারিয়ে ফেলতে পারে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটি বিস্তারিত নির্দেশনা মেনে চলতে ও কোনো ভুল ধরিয়ে দিলে তা স্বীকারও করতে পারে। তবে কয়েকটি প্রম্পট পরেই সেই ভুল বা নির্দেশনা উপেক্ষা করে বসার প্রবণতাও তার রয়েছে।

ওপেনএআইয়ের কমিউনিটি ফোরামে এক ব্যবহারকারী বলেছেন, চ্যাটজিপিটি একটি প্রতিবেদনে আগের তথ্য পুনরায় ব্যবহার করে সেগুলোকে যাচাইকৃত হিসেবে তুলে ধরেছিল ও ভুল স্বীকার করার পরও একই ভুল আবার করেছিল।

এটা কেবল একজনের অভিজ্ঞতা। ফলে সব ক্ষেত্রেই এটা বড় ধরনের সমস্যা এমন জোরালো প্রমাণ হিসেবে ধরা যায় না।

গবেষকেরা বলছেন, কাজগুলো খুব একটা জটিল না হলেও ইনপুটের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর নির্ভরযোগ্যতা কমতে থাকে। তারা ওপেনএআইয়ের জিপিটি, গুগলের জেমিনাই ও অ্যানথ্রপিকের ক্লডের পুরনো সংস্করণ ব্যবহার করে ১৮টি ভিন্ন মডেল পরীক্ষা করেছিলেন।

ফলে জিপিটি-৬ কীভাবে কাজ করে তার পুরোপুরি নির্ভুল চিত্র হয়ত এতে নাও মিলতে পারে। তা ছাড়া ব্যবহারকারী নিজের এআই মডেলকে বিপুল পরিমাণ কনটেক্সট বা তথ্য দিলেই যে সেটা এর সর্বোচ্চ ব্যবহার করবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

ব্যবহারকারী যদি কয়েক দিন ধরে কোনো দীর্ঘ প্রজেক্টে কাজ করেন তবে চাওয়া পরিবর্তনগুলোর বিষয়ে সতর্ক থাকা ও দেওয়া নির্দেশনাগুলো বারবার মনে করিয়ে দেওয়াটা এই কাজেরই একটি অংশ।

যে টুলটির ব্যবহারকারীর সময় বাঁচানোর কথা সেটাকে এতটা আগলে বা নজরদারিতে রাখা অবশ্যই বিরক্তিকর হতে পারে। তবে, এর বিকল্প পথটি আরও সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য।

ওপেনএআই বলেছে, চ্যাটজিপিটির ‘মেমোরি’ ফিচার প্রতিটি আলাপের সব খুঁটিনাটি তথ্য ধরে রাখতে পারে না।