১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঘন ঘন প্রযুক্তি বিভ্রাট, ট্রাম্প বলছেন ‘সব ঠিক আছে’

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিজিটাল সিস্টেমে একের পর এক বিভ্রাটের ঘটনায় খোদ ট্রাম্পের নিজ দলের অনেক সমর্থক এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রে ঘন ঘন প্রযুক্তি বিভ্রাট, ট্রাম্প বলছেন ‘সব ঠিক আছে’

দেশটিতে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হওয়ার শঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 08:42 PM

Updated : 18 Nov 2026, 08:42 PM

গত কয়েক দিন ধরে বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির ইমেইল পরিষেবা অচল করে দেওয়া ও হাজার হাজার ফ্লাইট স্থগিত রাখার মতো ধারাবাহিক প্রযুক্তিগত গোলযোগের রেশ এবার গিয়ে ঠেকল মার্কিন নিরাপত্তা সংস্থায়।

রয়টার্স লিখেছে, মঙ্গলবার খোদ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা এনএসএ প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। তবে দেশটিতে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হওয়ার শঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এনএসএ বলেছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের সময় তাদের নেটওয়ার্কে কিছুটা ‘সাময়িক অবনতি’ বা ব্যাঘাত ঘটেছিল। তবে সংস্থার ‘মিশন-ক্রিটিক্যাল সক্ষমতা’ বা জরুরি কার্যক্রমগুলো সম্পূর্ণ সচল ছিল।

অন্যদিকে, সোমবার ব্যাংকিং খাতের ওপর দিয়েও বয়ে গেছে এমন বিঘ্নের ঝড়। গুরুত্বপূর্ণ ডিজিটাল সিস্টেমে একের পর এক এমন বিপর্যয়ের ঘটনায় খোদ ট্রাম্পের নিজ দলের অনেক সমর্থক ও আইনপ্রণেতাও এ বিষয়ে বিস্তারিত তথ্য দাবি করেছেন।

এ বিষয়ে মিসৌরির রিপাবলিকান সেনেটর জশ হলি সাংবাদিকদের কড়া ভাষায় বলেছেন, “এটা যদি কেবল কাকতালীয় ঘটনা হয়, তবে তা মানব ইতিহাসের অন্যতম কাকতালীয় ঘটনা।”

Image

মাইক্রোসফটের বড় বিভ্রাটের কারণে ইমেইলসহ তাদের বহু অনলাইন পরিষেবা অচল হয়ে পড়েছিল। ছবি: রয়টার্স

এর আগে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এসব ঘটনাকে তেমন গুরুত্ব দিতে চাননি। প্রযুক্তি খাত ও সরকারি দপ্তরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়াটি বড্ড দ্রুত ঘটে গেছে কি না এমন প্রশ্নের মুখে পড়েন তিনি।

ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান জোটের বৈঠকে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “বিষয়টি অনেকটা এমন যে, আপনি যখন বড় ও শক্তিশালী হবেন এবং আপনার অগাধ অর্থ থাকবে তখন এমন ছোটখাটো জিনিস ঘটতেই পারে।”

“এটা কোনো ব্যাপারই না।”

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে স্বীকার করলেও তা কোনো ক্ষতিকর চক্রের সঙ্গে সম্পর্কহীন বলে দাবি করেছেন।

তিনি বলেছেন, এসব ঘটনার পেছনে কোনো ‘ক্ষতিকর চক্র’ বা সাইবার হামলার হাত রয়েছে এমন কোনো প্রমাণ নেই।

“আমরা কোনো ধরনের কাঠামোগত বা সিস্টেমিক আক্রমণের মুখে নেই।”

Image

যুক্তরাষ্ট্রজুড়ে প্লেন চলাচলে সাড়ে চার ঘণ্টার স্থগিতাদেশ জারি করে এফএএ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর মার্কিন বিমান চলাচলে এটাই ছিল দীর্ঘতম অচলাবস্থা। ছবি: রয়টার্স

প্রতিদিনের অচলাবস্থা

বৃহস্পতিবার থেকে সপ্তাহের প্রতিটি কার্যদিবসেই কোনো না কোনো প্রযুক্তিগত বিপর্যয় লেগেই আছে। ওই দিন মাইক্রোসফটে বড় বিভ্রাটের কারণে ইমেইলসহ তাদের বহু অনলাইন পরিষেবা অচল হয়ে পড়েছিল।

এর পরদিনই যুক্তরাষ্ট্রজুড়ে আকাশসীমায় নজিরবিহীন সংকট তৈরি হয়।

‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ দেশজুড়ে প্লেন চলাচলে সাড়ে চার ঘণ্টার দীর্ঘ এক গ্রাউন্ড স্টপ বা স্থগিতাদেশ জারি করে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর মার্কিন বিমান চলাচলে এটাই ছিল দীর্ঘতম অচলাবস্থা।

এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার প্রযুক্তিগত ত্রুটির কবলে পড়ে ইউনাইটেড এয়ারলাইনস, যার জেরে প্রায় ১৫০টি ফ্লাইট বিলম্বিত হয়। একই দিনে জেপি মরগান চেজ-এর সফটওয়্যার সমস্যায় ব্যাহত হয় বেশ কিছু ব্যাংকিং সেবা।

এরপর মঙ্গলবার অ্যাপল বলেছে, তাদের অভ্যন্তরীণ এক সফটওয়্যার আপডেটের কারণে তৈরি ত্রুটির জেরে আইক্লাউড ও অ্যাপল পে-এর মতো জনপ্রিয় গ্রাহক পরিষেবাগুলো বন্ধ হয়েছিল।

তবে সিস্টেম সচল করতে তারা দ্রুত কাজ শুরু করেছে ও এটা কোনো সাইবার হামলা ছিল না বলে নিশ্চিত করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

অ্যাপলের সাম্প্রতিক কারিগরি বিভ্রাটটি সমাধান হয়েছে এবং তাদের অধিকাংশ সেবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

Image

অ্যাপলের অভ্যন্তরীণ এক সফটওয়্যার আপডেটের কারণে তৈরি ত্রুটির জেরে আইক্লাউড ও অ্যাপল পে’র মতো পরিষেবাগুলো বন্ধ হয়েছিল। ছবি: রয়টার্স

একই দিনে শীর্ষ বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ‘মার্শ’ বলেছে, তাদের ক্লায়েন্টরা অক্টোবরের শেষ দুই সপ্তাহে ১০৫টি সাইবার ঘটনার মুখে পড়েছেন। মে মাসের শেষ দুই সপ্তাহে সংখ্যাটি ছিল কেবল ৪৮টি, যা বর্তমান পরিসংখ্যানের তুলনায় অর্ধেকেরও কম।

বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তির অবাধ ব্যবহার সাইবার অপরাধের মাত্রা বহুগুণ বাড়িয়েছে। সাইবার সিকিউরিটি কোম্পানিগুলো নিয়মিতই এমন সব ঘটনার সন্ধান পাচ্ছে, যেখানে হ্যাকাররা একসঙ্গে শত শত সাইবার হামলা চালাতে এআইয়ের সাহায্য নিচ্ছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাবেক সিনিয়র সাইবার কর্মকর্তা ও বর্তমান সাইবার সিকিউরিটি ফার্ম হ্যালসিওন-এর ‘র‌্যানসামওয়্যার রিসার্চ সেন্টার’-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনথিয়া কাইজার বলেছেন, “বিভিন্ন শিল্প ও খাতের সাম্প্রতিক বড় ধরনের বিপর্যয়ের এই ধারাটি এটাই প্রমাণ করে যে, আমাদের ডিজিটাল অবকাঠামো আজ কতটা একে অপরের সঙ্গে সংযুক্ত।

“একটিমাত্র ছোট প্রযুক্তিগত ত্রুটি বা সফটওয়্যার আপডেট কীভাবে পুরো সিস্টেমজুড়ে চেইন রিঅ্যাকশন তৈরি করে বড় বিপর্যয় ডেকে আনতে পারে বর্তমান পরিস্থিতি তারই এক নজিরবিহীন উদাহরণ।”

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এনএসএ-এর এই প্রযুক্তিগত বিভ্রাটের জন্য গেল মাসে এআই ব্যবহার করে শনাক্ত করা একটি ‘পিএইচপি’ সফটওয়্যার ত্রুটির সমাধানকে দায়ী করেছেন।

ওই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকেই সার্ভারের নিয়ন্ত্রণ নিতে পারত।

ক্লেটন বলেছেন, “এটা সবাই স্বীকার করে নিন যে, সিস্টেমগুলো আপগ্রেড করার সময় হয়েছে। তবে আপগ্রেড করার পর সব ক্ষেত্রে সেগুলো প্রত্যাশামাফিক কাজ করছে না। কিছু ক্ষেত্রে সিস্টেমকে অন্য সিস্টেমের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হয়, আর সেই প্রক্রিয়াগুলোও ঠিকমতো সচল হচ্ছে না।”

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন সানের প্রতিবেদনে বলা হয়েছে, এনএসএ ও ওয়াল স্ট্রিটের শীর্ষ নির্বাহীরা কংগ্রেস সদস্যদের বলেছেন, যেসব নিরাপত্তা ত্রুটি মেরামতের প্রয়োজন হয়েছিল সেগুলো এআইয়ের মাধ্যমেই শনাক্ত হয়েছিল।

ওই ব্যক্তিগত আলোচনার সঙ্গে যুক্ত তিনটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, এসব ত্রুটি সারাতে গিয়ে সিস্টেমগুলোর ওপর সাময়িকভাবে অতিরিক্ত চাপ পড়েছিল।

তবে এই প্রতিবেদনের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ছাঁটাই ও সতর্কবার্তার পরই বিপর্যয়

সরকারি ও বেসরকারি উভয় খাতের বহু কোম্পানিই কর্মী ছাঁটাইয়ের পরই এসব প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্য বিপর্যয়ের বিষয়ে আগে থেকেই স্পষ্ট সতর্কবার্তাও ছিল।

গেল বছর ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মাস্কের নেতৃত্বে চলা কর্মী ছাঁটাইয়ের কবলে পড়েছিল ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ।

ওই সময় কংগ্রেসের পক্ষ থেকে সংস্থাটিকে সতর্ক করে বলা হয়েছিল, তাদের তড়িঘড়ি করে নেওয়া আধুনিকায়ন প্রক্রিয়াটি অগোছালো ও এর ফলে পরিষেবায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

অন্যদিকে, ইউনাইটেড এয়ারলাইনস গত বছর বলেছিল, এআই প্রযুক্তির অগ্রগতির ফলে তারা ব্যবস্থাপনা পর্যায়ের ৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছে এবং এ বছর আরও ৪ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।

মাইক্রোসফটের ক্ষেত্রেও দেখা গেছে, বিশ্বজুড়ে তাদের মোট কর্মীবাহিনীর এক-চতুর্থাংশকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দেওয়ার ঠিক এক মাস পরই এই ইমেইল বিপর্যয় ঘটল। এর আগেও কয়েক দফা কর্মীসংখ্যা কমিয়েছিল কোম্পানিটি।

এসব কোম্পানির কোনোটিতেই কর্মী ছাঁটাইয়ের কারণেই যে এই প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে এমন কোনো প্রমাণ মেলেনি।

তবে প্রযুক্তি খাতের একজন শ্রমিক সংগঠক মনে করেন, কর্মী ছাঁটাইয়ের ফলে সিস্টেমের নিরাপত্তা বা ঝুঁকি সামলানোর সক্ষমতা কমে যায়।

সফটওয়্যার সিস্টেম নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করা লিজ ফং-জোনস বলেছেন, “একটি সিস্টেমের টিকে থাকার বা ধাক্কা সামলানোর সক্ষমতার একটি বড় অংশ আসে সেইসব মানুষের কাছ থেকে, যারা ওই সিস্টেমটি নিয়ে দীর্ঘদিন কাজ করে অভিজ্ঞ হয়ে উঠেছেন।”

পুরনো খবর:

মাইক্রোসফটের বিপর্যয়ের পর এবার জিমেইল ও অ্যাপলের অ্যাপ সেবায় বিঘ্ন
জানা গেল মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের মূল কারণ
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা
সাইবার হামলা নয়, অতিরিক্ত চাপে বসে গেল মাইক্রোসফটের সার্ভার, আরও যা জানা গেল