১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা

মাইক্রোসফটের বিপর্যয়ের প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা

ইলাস্ট্রেশন: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 10:06 AM

Updated : 13 Nov 2026, 10:06 AM

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে এ কোম্পানির ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা বিঘ্নিত হয়।

তাতে যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। বিপর্যয়ের প্রভাব পড়ে এআই কোম্পানি ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়। তাতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।

তবে সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে এ মার্কিন টেক জায়ান্ট। এক্সে দেওয়া একাধিক বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, সেবা স্বাভাবিক করার চেষ্টায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো আবার সচল করতে এবং ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিপর্যয় শুরু হয়। একপর্যায়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ জমা পড়ে ১ লাখ ৩০ হাজারের বেশি।

ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আউটলুকের সমস্যার অভিযোগ গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়।

পরে অভিযোগের সংখ্যা কমতে থাকে। তবে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানাচ্ছিলেন।

মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, মূলত এক্সচেঞ্জ অনলাইন সেবার সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা হচ্ছিল। এর প্রভাব পড়ে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায়।

ব্যবহারকারীরা আউটলুকের ই-মেইল, ক্যালেন্ডারের তথ্য এবং কিছু ফাইল দেখতে সমস্যায় পড়েন। মাইক্রোসফটের এআই সেবা কোপাইলটও ঠিকমতো কাজ করছিল না।

মাইক্রোসফট জানায়, শুরুতে কয়েকটি সার্ভারের রুটিন ‘হেলথ চেক’ ব্যর্থ হয়। পরে দেখা যায়, সংশ্লিষ্ট সার্ভারগুলোর একটি অংশ অকার্যকর হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়।

একপর্যায়ে মাইক্রোসফট জানায়, সচল করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। পাশাপাশি বিকল্প পথে ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে বাকি সার্ভারগুলো পুনরায় চালুর কাজ চলছে।

তবে সার্ভার সচল হলেও সেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ব্যবহারকারীদের জানানো হয়।

এআই সেবাতেও প্রভাব

মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরও। বিশেষ করে ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবা ব্যাহত হয়েছে।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দেয়। এ কারণে কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছিল না। বিষয়টি খতিয়ে দেখছে তারা।

অন্যদিকে, অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরের সঙ্গে সম্পর্কিত সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে। সেবা সরবরাহকারী তৃতীয় একটি কোম্পানির দিক থেকে এ সমস্যা তৈরি হয়েছিল।

মাইক্রোসফটের অনলাইন সেবার ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও এ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা কোম্পানি ওয়ার্কহর্স গ্রুপের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তা পিছিয়ে ১৬ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কারণে এ বিঘ্ন ঘটার কথা জানিয়েছে ওয়ার্কহর্স গ্রুপ।

এর আগে গত মাসেও মাইক্রোসফটের ক্লাউড সেবা অ্যাজুরে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। তাতে বিশ্বের বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

কর্মীদের কারও ভোগান্তি, কারও স্বস্তি

মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে অফিসের কাজ ব্যাহত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করপোরেট কর্মীদের কেউ কেউ আউটলুক ও টিমস অচল থাকায় কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পাওয়ার কথাও বলেছেন।

এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, “আউটলুক নেই, টিমস নেই... তাহলে আমরা সবাই বাড়ি চলে যাই না কেন?”

বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয়ে মাইক্রোসফট ৩৬৫-এর মত সেবার ওপর কতটা নির্ভরশীলতা, এ বিপর্যয় তা আবারও সামনে এনেছে।