১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

কোডিং ও সাইবার নিরাপত্তায় নতুন এআই মডেল মাইক্রোসফটের

এআই টুলগুলোর কারণে সফটওয়্যারের যেসব নিরাপত্তা ত্রুটি প্রতিনিয়ত সামনে আসছে তা ঠেকাতে সহায়তা করবে নতুন মডেল।

কোডিং ও সাইবার নিরাপত্তায় নতুন এআই মডেল মাইক্রোসফটের

প্রতিদ্বন্দ্বী এআই মডেলগুলোর প্রায় সমকক্ষ পারফরম্যান্স দিলেও এর খরচ অনেক কম। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 08:51 PM

Updated : 19 Nov 2026, 08:51 PM

অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় শক্তিশালী কোডিং ও সাইবার নিরাপত্তা সক্ষমতাওয়ালা একগুচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

স্যান ফ্রান্সিস্কোতে আয়োজিত ‘মাইক্রোসফট ইগনাইট’ কনফারেন্সে কোম্পানিটি ‘এমএআই কোড ২’ নামের এক কম্পিউটার প্রোগ্রামিং মডেল উন্মোচন করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মাইক্রোসফটের দাবি, প্রতিদ্বন্দ্বী এআই মডেলগুলোর প্রায় সমকক্ষ পারফর্ম করলেও এর খরচ অনেক কম।

কোম্পানিটি এমন এক মডেলের কথাও বলেছে, যা তারা সীমিত সংখ্যক গ্রাহকের জন্য অফারের পরিকল্পনা করেছে।

এআই টুলগুলোর কারণে সফটওয়্যারের যেসব নিরাপত্তা ত্রুটি প্রতিনিয়ত সামনে আসছে তা ঠেকাতে এটা সহায়তা করবে।

পাশাপাশি কোম্পানিটি নতুন ইমেজ-জেনারেশন ও ট্রান্সক্রিপশন বা কথাকে লেখায় রূপান্তরের এআই মডেলও প্রকাশ করেছে।

মাইক্রোসফট এআইয়ের প্রধান মুস্তাফা সুলেইমান বলেছেন, বিভিন্ন ডোমেইন বা খাতের উপযোগী প্রযুক্তি তৈরির যে কৌশল তারা নিয়েছে তা খরচ কমাতে ও প্রতিদ্বন্দ্বীদের সমকক্ষ হতে, কোনো কোনো ক্ষেত্রে মডেলের বেঞ্চমার্কে তাদের ছাড়িয়ে যেতে সাহায্য করছে।

“টুলটি কেবল একটি মডেল নয়। এটা কোনো সাময়িক চমকও নয়। এটা এমন এক পূর্ণাঙ্গ ব্যবস্থা, যার কার্যক্ষমতা ও খরচকে সমানতালে সমন্বয় করবে।”

সুলেইমান বলেছেন, ওপেনএআইয়ের এজেন্টদের মাধ্যমে ‘হাগিং ফেইস’-এ হ্যাকিংয়ের মতো সাম্প্রতিক সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনাগুলো তাকে কেবল মডেলের কার্যসক্ষমতার দিকেই নয়, বরং গুরুত্বপূর্ণ সুরক্ষাব্যবস্থার দিকেও বিশেষ নজর দিতে বাধ্য করেছে।

এআই যাতে কোনো ক্ষতিকর পদক্ষেপ না নেয় তা ঠেকানো ও এটা যেন কাঙ্ক্ষিত আচরণ করে তা নিশ্চিত করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন সুলেইমান।