বেনজীরের দুর্নীতির মামলায় তদন্তকর্তাসহ ৪ জনের সাক্ষ্য
৩ সাক্ষীর সাক্ষ্য শেষ হলেও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ হয়নি।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামসহ ৪ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে বৃহস্পতিবার তারা সাক্ষ্য দেন। তবে ৩ সাক্ষীর সাক্ষ্য শেষ হলেও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ হয়নি।
আগামী ২৫ নভেম্বর তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের দিন রাখার তথ্য দিয়েছেন আদালতের স্ট্রেনোগ্রাফার সোহানুর রহমান।
এ দিন অন্য যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন- কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশকী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার এবং কক্সবাজার উত্তর বিভাগের বন মামলার পরিচালক জহিরুল রহমান।
বেনজীর বর্তমানে পলাতক রয়েছেন। এ জন্য তার পক্ষে কোনো আইনজীবী সাক্ষীদের জেরা করার সুযোগ পাননি।
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীরের বিরুদ্ধে এ মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম।
অভিযোগপত্রে বলা হয়, বেনজীর আহমেদ অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।
গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করে বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন।
