সাবেক মার্কিন সেনাসচিবকে দলে ভেড়াল ওপেনএআই
প্রতিরক্ষাসচিব পিট হেগসেথের সঙ্গে কয়েক মাসের টানাপোড়েনের পর এ বছরের শুরুতে সেনাসচিবের পদ থেকে পদত্যাগ করেন ড্রিসকল।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সাইবার অবকাঠামো আধুনিকায়নে নতুন পদক্ষেপ হিসেবে দেশটির সাবেক সেনাসচিব ড্যান ড্রিসকলকে নিয়োগ দিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের এই শীর্ষ কোম্পানির নবগঠিত ‘সিনিয়র কাউন্সেলর ফর ন্যাশনাল সিকিউরিটি মডার্নাইজেশন’ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
বিবৃতিতে ওপেনএআই লিখেছে, ড্যান ড্রিসকল মার্কিন জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা জোরদারে এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করবেন। তার আপডেট করা লিংকডইন প্রোফাইলেও এই নতুন পদের তথ্য যুক্ত হয়েছে।
ওপেনএআইয়ের শীর্ষ নেতৃত্ব ও পার্টনারদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন তিনি। একইসঙ্গে মার্কিন মিত্র দেশগুলো যেন দায়িত্বশীলভাবে উন্নত এআই প্রযুক্তি গ্রহণ ও ব্যবহার করতে পারে সে বিষয়ে তিনি নজর রাখবেন।
কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, “গণতান্ত্রিক এআইয়ের প্রসার ঘটাতে অন্যান্য দেশের সঙ্গে কাজ করার অসাধারণ সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সামনে।”
ড্রিসকলের এই নিয়োগ এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করেছেন অল্টম্যান।
ড্যান ড্রিসকল বলেছেন, “গত পঞ্চাশ বছরের যে কোনো সময়ের চেয়ে এখন জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা দ্রুত পরিবর্তিত হচ্ছে।”
এআই প্রযুক্তি কাগুজে লালফিতার দৌরাত্ম্য কমাতে, বিপুল তথ্য বিশ্লেষণ করতে এবং জাতীয় নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের কাছে দ্রুততম সময়ে সঠিক সিদ্ধান্ত ও উত্তর পৌঁছে দিতে সাহায্য করবে বলে মনে করেন ড্রিসকল।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে কয়েক মাসের টানাপোড়েনের পর এ বছরের শুরুতে সেনাসচিবের পদ থেকে পদত্যাগ করেন ড্রিসকল। এরপরই ওপেনএআইতে তার এই গুরুত্বপূর্ণ নিয়োগ এল।
ইরাক যুদ্ধের এই অভিজ্ঞ সেনা কর্মকর্তা মার্কিন সামরিক বাহিনীর আধুনিকায়নে বড় ভূমিকা রেখেছিলেন।
তৎকালীন মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুসারে, তিনি মিত্র দেশগুলোর মধ্যে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তির অবাধ ব্যবহার বাড়ানোসহ সামরিক প্রযুক্তি প্রসারে বিশেষ তৎপর ছিলেন।
ইউক্রেইনের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতি অনুসারে, ২০১৫ সালের নভেম্বরে কিইভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন ড্রিসকল।
সে সময় রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এক শান্তি পরিকল্পনা নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছিল।
ওপেনএআইতে ড্যান ড্রিসকল সরকারি কর্মকর্তা, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মিত্র সংস্থাগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, যা কোম্পানিটির ভাষায় ‘গণতান্ত্রিক এআই’ প্রসারে ভূমিকা রাখবে।
কোম্পানিটির অভ্যন্তরীণ দলগুলোকে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মাঠপর্যায়ের নানা সামরিক ও প্রশাসনিক প্রয়োজন বোঝাতে তিনি সহায়তা করবেন।
‘ডেব্রেক’ কর্মসূচির মাধ্যমে সাইবার সহনশীলতা ও জরুরি সেবা খাতগুলোর সুরক্ষা নিশ্চিত করার যে উদ্যোগ ওপেনএআই শুরু করেছে, ড্রিসকলের এই অভিজ্ঞতা সেই প্রচেষ্টাকে আরও গতি দেবে।
