ক্ষতিকর কনটেন্ট না সরালে বড় জরিমানা, অস্ট্রেলিয়ায় আইন পাস
এ আইনের ফলে অস্ট্রেলীয় নাগরিকদের অনলাইন নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মূল দায়িত্বটি এখন সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মের ওপরই বর্তাবে।
ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো নিজ উদ্যোগে ক্ষতিকর কনটেন্ট ও ফিচার পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ হলে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রেখে নতুন আইন পাস করেছে অস্ট্রেলিয়া।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে সরকারি অভিযানের মূল অংশ হিসেবে আইনটি আনা হয়েছে। তবে, মতপ্রকাশে স্বাধীনতার সমর্থকেরা এর তীব্র সমালোচনা করছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আগামী এক বছরের মধ্যে ‘ডিজিটাল ডিউটি অফ কেয়ার’ নামের আইনটি কার্যকর হবে, যা অনলাইন আচরণবিধির প্রচলিত খণ্ডিত নিয়মগুলোর স্থলাভিষিক্ত হয়ে পূর্ণাঙ্গ ও সর্বজনীন আইন হিসেবে কাজ করবে।
অস্ট্রেলিয়া সরকারের ভাষ্য, এই আইনের ফলে অস্ট্রেলীয় নাগরিকদের অনলাইন নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মূল দায়িত্বটি এখন সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মের ওপরই বর্তাবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট শিল্পের ওপর অস্ট্রেলিয়া সরকারের দিক থেকে একে আরেকটি বড় ধরনের চাপ হিসেবে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়ায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল পণ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সার্বভৌম অধিকারকে এসব কোম্পানি খর্ব করছে বলে আগে থেকেই অভিযোগ করে আসছে দেশটির সরকার।
এর আগে, ২০২৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া।
পাশাপাশি, সংবাদ কনটেন্ট ব্যবহারের বিনিময়ে বড় ইন্টারনেট কোম্পানিগুলোর কাছ থেকে লাইসেন্স ফি আদায় করে তা সংবাদমাধ্যমগুলোকে পরিশোধ করার পরিকল্পনাও রয়েছে দেশটির।
আইনটি পাসের পর বিবৃতিতে যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেছেন, “বাধ্যতামূলক সিটবেল্ট, সিগারেটের সাদামাটা প্যাকেজিং ও আগ্নেয়াস্ত্র সংস্কারের মতোই ‘ডিজিটাল ডিউটি অফ কেয়ার’ যুগান্তকারী এক নিরাপত্তা সংস্কার।
“বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আর কোনো বিভ্রান্তিতে থাকার সুযোগ নেই, নিজেদের প্ল্যাটফর্মে অস্ট্রেলীয়দের নিরাপদ রাখার দায়িত্ব তাদেরই। আর তা করতে ব্যর্থ হলে আমরা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনব।”
শিশু সুরক্ষা জোরদার করা ও ক্ষতিকর কনটেন্ট কমিয়ে আনার ক্ষেত্রে সরকারের মূল লক্ষ্যের সঙ্গে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি একমত হলেও বেশিরভাগই এই বিলের বিরোধিতা করেছে।
তাদের আপত্তির মূল কারণ, কোন কনটেন্টটি ক্ষতিকর হিসেবে বিবেচিত হবে তা নির্ধারণের ক্ষেত্রে এই আইনে সরকারি কর্মকর্তাদের হাতে নিজস্ব বিবেচনার সক্ষমতা কিছুটা হলেও দেওয়া হয়েছে।
শাস্তি এড়ানোর চেষ্টায় কোন কনটেন্ট সরিয়ে ফেলা হবে তা নির্ধারণের ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলো অতিরিক্ত কঠোর হতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছিলেন শিল্প খাতের কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা।
নতুন এই আইনে এমন সব কনটেন্ট নিষিদ্ধ হয়েছে, যা ‘নারীদের বেলায় জেন্ডার সমতার প্রতি বৈরী মনোভাব উসকে দেয় বা উৎসাহিত করে’ ও ‘অপরাধকে মহিমান্বিত করে বা মারাত্মক ক্ষতিকর চর্চায় উৎসাহ জোগায়’।
মতপ্রকাশের স্বাধীনতার সমর্থকদের একাংশ সতর্ক করে বলেছেন, এসব শ্রেণিবিভাগ বেশ বিস্তৃত অর্থে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে।
ইন্টারনেট কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ডিজি’র অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা পরিচালক জেনি ডাক্সবেরি বলেছেন, “আইনটি এখনো খুবই অস্পষ্ট। ফলে কীভাবে এই নিয়ম মানতে হবে বা নতুন এসব বিধি কীভাবে অস্ট্রেলীয়দের আরও নিরাপদ করবে সে বিষয়ে বিভিন্ন কোম্পানির কাছে কোনো স্পষ্ট ধারণা নেই।”
প্ল্যাটফর্মগুলোর সম্ভাব্য অনিয়ম তদন্তে নিয়ন্ত্রক সংস্থাকে বেনামি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়ার বিধানের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার ও মানুষের অনলাইন সেবা ব্যবহারের তথ্য জানার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার এই সুদূরপ্রসারী সক্ষমতা গুরুতর প্রাইভেসি সংক্রান্ত উদ্বেগ তৈরি করেছে।”
যেসব কোম্পানি এই আইন লঙ্ঘন করবে তাদের বৈশ্বিক মোট আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ বা ১০ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার পরিমাণ জরিমানা গুনতে হবে। এসব প্ল্যাটফর্ম বছরে হাজার হাজার কোটি ডলার আয় করে থাকে।
